বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার সদর উপজেলার ঘোড়ামারা সেতুর কাছে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। তাঁর নাম আরজু হোসেন (১৮)। আহত হয়েছেন আরজুর সঙ্গে থাকা তাঁর দুই বন্ধু। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবির চৌধুরী হতাহতদের পরিচয় নিশ্চিত করে জানান, আরজু চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার নাসির উদ্দিনের ছেলে ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। আহত দুজন হলেন দামুড়হুদা উপজেলার ভগিরথপুর গ্রামের শামসুল ইসলামের ছেলে শিশির হোসেন (২২) ও শহরের ফেরিঘাট সড়কের শিবু প্রসাদ সাহার ছেলে সুদীপ্ত সাহা (১৮)।আহত শিশিরের বাবা শামসুল ইসলাম জানান, তাঁর মোটরসাইকেলে চড়ে শিশির ও তাঁর দুই বন্ধু আলমডাঙ্গা যাচ্ছিলেন। তাঁরা ঘোড়ামারা সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরজু মারা যান। পরে মুমূর্ষু অবস্থায় অন্য দুজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক রাজীবুল ইসলাম জানান, আহত সুদীপ্তকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।