বাস-লঞ্চে বাড়তি ভাড়া, ট্রেনে বিনা টিকিটের যাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিকিটের সংকট, অতিরিক্ত ভাড়া ও পথে পথে যানজট—এসব ঈদে ঘরমুখী মানুষের প্রায় প্রতিবছরের সঙ্গী। এবার এর সঙ্গে আরেকটি অনুষঙ্গ যুক্ত হয়েছে—ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের চাপ।গতকাল শনিবার রাজধানীর গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল এবং সদরঘাট নৌবন্দরে টিকিটের সংকট, অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা দেখা গেছে। আর নতুন অনুষঙ্গটি অবশ্যই কমলাপুর রেলস্টেশনের।অভিযোগে উল্টো ফল: গাবতলী বাস টার্মিনালে ঈদ উপলক্ষে র‌্যাব ও পরিবহন মালিক সমিতির দুটি অভিযোগকেন্দ্র স্থাপন করা হয়েছে। গতকাল দুপুরে র‌্যাবের অভিযোগকেন্দ্রে রুহুল আমিন ও শহীদুল ইসলাম অভিযোগ করেন, ঈগল পরিবহনের কর্মীরা মাগুরার ভাড়া হিসেবে তাঁদের কাছ থেকে ২৫০ টাকা আদায় করেছেন। প্রকৃত ভাড়া আরও কম।অভিযোগ শুনে র‌্যাবের একজন সদস্য গিয়ে বাড়তি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন। এরপর ঈগল কাউন্টারের কর্মীরা রুহুল আমিন ও শহীদুল ইসলামের টিকিট ফেরত নিয়ে যান। রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘প্রতিবাদ করার কারণে কাউন্টারের লোকজন আমার টিকিট ফিরিয়ে নিয়ে গেছে। নির্ধারিত মূল্যে টিকিট বিক্রি করবে না বলেছে।’বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভাড়ার তালিকা অনুযায়ী পাটুরিয়া ও ফরিদপুর হয়ে মাগুরার দূরত্ব ১৫৫ কিলোমিটার। বড় বাসে প্রতি কিলোমিটারের জন্য সরকার ভাড়া নির্ধারণ করেছে এক টাকা ১৫ পয়সা। সঙ্গে ফেরির মাশুল ধরে ভাড়া আসে ২০৬ টাকা। কিন্তু যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ২৫০ টাকা।র‌্যাবের উপপরিদর্শক (এসআই) সহিদুর রহমান প্রথম আলোকে বলেন, বেশির ভাগ অভিযোগই ভাড়াসংক্রান্ত। অনেকে না বুঝে অভিযোগ করেন। সঠিক অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হয়।ঈগল পরিবহনের কাউন্টারে গিয়ে বিআরটিএর ভাড়ার তালিকা পাওয়া যায়নি। বাড়তি ভাড়া নেওয়ার বিষয়ে জানতে চাইলে কর্মী মিজানুর রহমান উত্তেজিত হয়ে বলেন, ‘মালিক সমিতির তালিকাই সব। সরকারের নির্ধারিত হারেই ভাড়া নিচ্ছি।’ভাড়ার তালিকা নেই: মহাখালী ও গাবতলী বাস টার্মিনালের কোনো কাউন্টারেই বিআরটিএর ভাড়ার তালিকা পাওয়া যায়নি। মালিক সমিতির ভাড়ার তালিকা টাঙিয়ে রাখা হয়েছে। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের পরিবারের বাস কোম্পানি সার্বিক পরিবহনের কাউন্টারেও বিআরটিএর তালিকা পাওয়া যায়নি। কাউন্টারের ব্যবস্থাপক আনিসুর রহমান দাবি করেন, বিআরটিএর তালিকা ধরেই মালিক সমিতি তালিকা করেছে।একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাপ্রহরী নূর ইসলামের সঙ্গে গাবতলী টার্মিনালে কথা হয় বিকেল তিনটার দিকে। তিনি অভিযোগ করেন, লালমনিরহাটের হাতিবান্ধার চেয়ার কোচের টিকিট বলে ডিআর এন্টারপ্রাইজ তাঁকে সাধারণ টিকিট দিয়েছে। ভাড়া নিয়েছে ৪০০ টাকা। সাধারণ আসনের বাসে এর আগে তিনি ৩০০ টাকায় গেছেন।ডিআর এন্টারপ্রাইজের ব্যবস্থাপক অমল কুমার রায় দাবি করেন, তাঁরা দীর্ঘদিন ধরেই এই পথে ৪০০ টাকা ভাড়া নিচ্ছেন।কল্যাণপুরে এস আর পরিবহনের কাউন্টারে গতকাল বেলা ১১টার দিকে কথা হয় রাফেল মাহমুদের সঙ্গে। তিনি জানান, বগুড়ায় যেতে নওগাঁর ভাড়া গুনতে হয়েছে। ঈদের এক মাস আগেও বগুড়ায় ২৮০ থেকে ৩০০ টাকায় যেতেন। এখন তা ৩৮০ টাকা।লঞ্চেও বাড়তি ভাড়া: আগের দিনের তুলনায় গতকাল শনিবার লঞ্চে যাত্রীসংখ্যা ছিল কিছুটা কম। তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে ঠিকই।গতকাল কিছু লঞ্চের কেবিন খালি পাওয়া গেছে। ঈদের বেশ কয়েক দিন আগ থেকেই লঞ্চের সব কেবিনের টিকিট বিক্রি হয়ে গেছে বলে প্রচার করা হচ্ছিল। যাত্রার দিন অতিরিক্ত দামে কেবিন ভাড়া দেওয়া যাবে—এই চিন্তা থেকে অনেক লঞ্চের কেবিন ধরে রাখা হয় বলে অভিযোগ পাওয়া যায়।বাসাবো থেকে আসা যাত্রী দুলাল জানান, হুলারহাটগামী রাজদূত-৭-এর একটি কেবিনের ভাড়া চাওয়া হয় এক হাজার ৬০০ টাকা। স্বাভাবিকভাবে এর ভাড়া এক হাজার টাকা। ওই লঞ্চের ব্যবস্থাপক মো. শাহিদ বেশি ভাড়া নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারের নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে।পুরান ঢাকার কলতাবাজার থেকে আসা যাত্রী রহিমা বেগম জানান, এমভি পাতারহাট থেকে তাঁর কাছে কেবিনের ভাড়া এক হাজার ১৫০ টাকার স্থলে নেওয়া হয়েছে এক হাজার ৭০০ টাকা।গতকাল খুব কম লঞ্চের ছাদেই যাত্রী উঠতে দেখা গেছে। র‌্যাব, পুলিশ, আনসার ও কোস্টগার্ডের সদস্যরা এবং বিআইডব্লিউটিএ ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের ভ্রাম্যমাণ দলও এ ব্যাপারে যথেষ্ট সজাগ ছিল। কোস্টগার্ড যাত্রীদের লঞ্চের ছাদে না ওঠার জন্য সর্বক্ষণ মাইকিং করছিল।বিনা টিকিটের ট্রেনযাত্রী: টিকিট নেই তো সমস্যা কী? নিরাপত্তাকর্মীকে ঘুষ দিয়ে স্টেশনে ঢুকেছেন বিনা টিকিটের যাত্রীরা। আর টিকিটধারী যাত্রীদের স্টেশনে ঢুকতে ‘চেকিং’য়ের নামে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এই দৃশ্য গতকাল কমলাপুর রেলস্টেশনের।নিরাপত্তাকর্মী কামরুজ্জামানকে ১০০ টাকা ঘুষ দিয়ে ভেতরে ভারী মালপত্র নিয়ে ঢোকেন দুলাল ও সোবহান মিয়া। প্রবেশ গেটের একটু সামনে তাঁদের সঙ্গে ঘুষের পরিমাণ নিয়ে দরকষাকষিও হয়। কামরুজ্জামান জনপ্রতি ১০০ টাকা চাইলে যাত্রী দুজন জনপ্রতি ৫০ টাকা বলেন। পরে তাতেই রাজি হন কামরুজ্জামান। প্রবেশ গেটে কামরুজ্জামানের ইশারায় দুলাল ও সোবহান মিয়াকে ছেড়ে দেওয়া হয়।একইভাবে জনপ্রতি ৮০ টাকা দিয়ে ভেতরে ঢোকে মুস্তাফিজুর রহমানের পরিবার। জনপ্রতি ৬০ টাকায় স্টেশনে ঢুকেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রবিন ও তাঁর ছয় বন্ধু।বিষয়টি নিরাপত্তাকর্মীদের ঊর্ধ্বতন কর্মকর্তা মজিবুর রহমানকে জানালে তিনি তা খতিয়ে দেখবেন বলে জানান। তিনি বলেন, ‘আমাদের কাজ স্টেশনের নিরাপত্তা দেখা। আর স্টেশনে কে ঢুকবে না ঢুকবে, তা দেখবেন টিকিট চেকাররা।’ এ ব্যাপারে উপস্থিত চার টিকিট চেকারের একজনও কথা বলতে রাজি হননি।রেলওয়ে সূত্রে জানা গেছে, টিকিটবিহীন যাত্রীদের স্টেশনে টাকার বিনিময়ে প্রবেশের সুযোগ দেওয়া নিত্যনৈমিত্তিক ঘটনা। আর এ টাকার পরিমাণ যা-ই হোক, এর ভাগ পান রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।টিকিটবিহীন যাত্রীদের চাপে টিকিটধারী যাত্রীদের ভোগান্তি পৌঁছায় চরমে। সকালে রংপুর এক্সপ্রেস ও তিস্তার অপেক্ষমাণ যাত্রীদের প্রায় এক-তৃতীয়াংশের কাছে টিকিট ছিল না। অন্যদিকে আগাম টিকিট কেটেও স্টেশনে বসার জায়গা পাননি মো. শহিদুর রহমান। পরিবার নিয়ে দাঁড়িয়ে ছিলেন ট্রেনের অপেক্ষায়। কাদের আলী অপরিষ্কার প্ল্যাটফর্মে চাদর বিছিয়ে স্ত্রী-কন্যার বসার ব্যবস্থা করেন।রংপুর এক্সপ্রেসে বাড়ি যাবেন পোশাকশিল্পের কর্মী রশিদ আম্মান। তাঁর সোজা কথা, ‘গাড়িতে উইঠ্যা টিটিরে ২০-৩০ টাকা ধরাইয়া দিমু। কাম শেষ।’ একই মনোভাব প্রকাশ করলেন আবুল, সাদেক, রহমত মিয়া, আলী আহমেদসহ জনা পঞ্চাশেক যাত্রী।গতকাল সকালে জামালপুরের ট্রেন তিস্তা ঢাকা ছাড়ে আধা ঘণ্টা দেরিতে। এ সময় শোভন চেয়ারে বসা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের অধিকাংশই টিকিট কাটেননি। তাঁরাও টিকিট চেকারের হাতে টাকা ধরিয়ে দেওয়ার কথা ভাবছেন।গতকাল ট্রেনের সময়সূচিতে খুব একটা হেরফের হয়নি। রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি ঢাকায় পৌঁছায় ১০ মিনিট দেরিতে। চট্টগ্রাম থেকে মহানগর এসেছে আধা ঘণ্টা দেরিতে।স্টেশনমাস্টার কামরুজ্জামান জানান, বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসা ট্রেনগুলো পৌঁছাতে একটু সময় নিচ্ছে। তবে বেশি যাত্রী বহনের সুবিধার্থে শুক্রবার থেকেই গাড়িপ্রতি অতিরিক্ত চারটি বগি জুড়ে দেওয়া হচ্ছে। আজ রোববার থেকে ঈদ উপলক্ষে বিশেষ তিনটি ট্রেন ছাড়া হবে।