বাসকর্মীদের একমাত্র বিদ্যালয়ও বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবহন শ্রমিকদের নিরক্ষরতা দূরীকরণ ও ধর্মীয় জ্ঞানে দীক্ষিত করার জন্য সায়েদাবাদ বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এ বছরের ফেব্রুয়ারি মাসে চালু করা হয় বিনা মূল্যে শিক্ষা কার্যক্রম। কিন্তু অর্থসংকটে পড়ে মাস চারেক ধরে বন্ধ আছে এটি। এই বিদ্যালয়ের পাঠের আসর বসত সায়েদাবাদ বাস টার্মিনাল ভবনের দোতলার বারান্দায়। শুক্রবার বাদে সপ্তাহের ছয় দিন সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চলত শিক্ষা কার্যক্রম। পরিবহন শ্রমিকদের সাক্ষরতা প্রদানের জন্য কিছু একটা করবেন বলে দীর্ঘদিন ধরে ভাবছিলেন ঢাকা ড্রাইভার বহুমুখী সমবায় সমিতির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি কামরুজ্জামান খান। তাঁরই ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়। তিনি জানান, ছোটবেলায় তাঁর নিজের খামখেয়ালিপনার কারণে খুব বেশি একটা লেখাপড়া শেখা হয়ে ওঠেনি। দীর্ঘদিন পরিবহন শ্রমিক হিসেবে কাজ করার সময় তিনি লক্ষ করেন যে বেশির ভাগ পরিবহন শ্রমিকই নিরক্ষর। ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করার সময় লেখাপড়া না জানার কারণে তাঁদের বেশ বেকায়দায় পড়তে হয়। এরই পরিপ্রেক্ষিতে কামরুজ্জামান সিদ্ধান্ত নেন, পরিবহন শ্রমিকদের শিক্ষার আলোয় আলোকিত করার জন্য বিদ্যালয় খুলবেন। সায়েদাবাদ বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ আলীর কাছে তাঁর স্বপ্নের কথা বলা হলে সায় মেলে পরিষদের। বিদ্যালয়ের জন্য জায়গা দিতে আপত্তি করেননি সায়েদাবাদ বাস টার্মিনালের ডিসিসির সহকারী ব্যবস্থাপক গোলাম সরোয়ার। এরপর নিয়োগ দেওয়া হয় একজন শিক্ষককে। টার্মিনাল এলাকায় মাইকিং করে পরিবহন শ্রমিকদের বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করা হয়। কামরুজ্জামান জানান, প্রথম দিকে ভালোই সাড়া পাওয়া যাচ্ছিল। প্রতিদিন ১৫ থেকে ২০ জন ছাত্র আসত। এদের সবাইকে আদর্শ লিপি বই ও খাতা-কলম বিনা মূল্যে দেওয়া হয়। এভাবে কয়েক মাস ভালোই চলে পরিবহন শ্রমিকদের বিদ্যালয়। বিদ্যালয়ের কার্যক্রম দেখে উৎসাহিত হন সায়েদাবাদ বাস টার্মিনালের ডিসিসির ব্যবস্থাপক। তিনি প্রতিশ্রুতি দেন, শিগগির বিদ্যালয়ের জন্য দোতলায় একটি কক্ষের ব্যবস্থা করবেন। কিন্তু বিদ্যালয়ের শিক্ষকের বেতন ও শিক্ষা উপকরণের টাকার বন্দোবস্ত করতে পারছিলেন না কামরুজ্জামান। অর্থের অভাবে মাস চারেক ধরে বন্ধ আছে পরিবহন শ্রমিকদের বিদ্যালয়টি। কামরুজ্জামান বলেন, সরকার, দাতা সংস্থা কিংবা কোনো ব্যক্তি যদি বিদ্যালয়টির ব্যয়ভার বহন করত, তবে সায়েদাবাদ বাস টার্মিনালের কিছু পরিবহন শ্রমিক শিক্ষার আলোয় আলোকিত হতে পারত। সম্প্রতি বিভিন্ন সড়ক দুর্ঘটনার পর বাসচালকসহ কর্মীদের শিক্ষাদীক্ষা নিয়ে কথা ওঠায় পরিবহন-সংশ্লিষ্ট কেউ কেউ বিদ্যালয়টির ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন। তাই বাসকর্মীদের বিদ্যালয়টি আবার চালু করতে পারবেন বলে আশা করছেন এর প্রতিষ্ঠাতা কামরুজ্জামান খান।