বাসচাপায় এক নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বড় মগবাজারের আউটার সার্কুলার মোড়ে বাসচাপায় মর্জিনা বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা সোয়া তিনটার দিকে শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক পার হওয়ার সময় ওই নারী বাসচাপায় পড়েন। এ ঘটনায় স্থানীয় লোকজন সড়কটি অবরোধ করলে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আউটার সার্কুলার মোড়ে সড়ক পার হওয়ার সময় প্রভাতী বনশ্রী পরিবহনের একটি মিনিবাস ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে প্রভাতী বনশ্রী পরিবহনের আরেকটি বাস ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।রমনা থানার উপপরিদর্শক আলতাফ হোসেন প্রথম আলো ডটকমকে জানান, মর্জিনা মগবাজারের গ্র্যান্ড প্লাজা শপিং মলের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। লাশ ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।