বাসচাপায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত
বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র বিল্লাল হোসেন (২৪)। গতকাল মঙ্গলবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচক্কর এলাকায় তুরাগ পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। বিদেশগামী ফুফাতো ভাইকে বিদায় জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন বিল্লাল। এ ঘটনায় মিজানুর রহমান নামে বিল্লালের এক আত্মীয়ও গুরুতর আহত হন।বিল্লাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ৪০১/ক নম্বর কক্ষে থাকতেন। তাঁর মৃত্যুর সংবাদ গতকাল সন্ধ্যায় ক্যাম্পাসে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। বন্ধুরা কেউ তাঁর কক্ষে কেউ বা হাসপাতালে জড়ো হন।বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মারুফ আহমেদ জানান, গতকাল বেলা সোয়া তিনটার দিকে বিমানবন্দর গোলচক্কর এলাকায় রাস্তা পারাপারের সময় তুরাগ পরিবহনের একটি বাস বিল্লালকে চাপা দেয়। এ সময় মিজানুরকেও ধাক্কা দেয় বাসটি। গুরুতর আহত অবস্থায় তাঁদের দুজনকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিল্লালকে মৃত ঘোষণা করেন। মিজানুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।উপপরিদর্শক জানান, ঘাতক বাস ও চালক জামাল হোসেনকে আটক করা হয়েছে।বিল্লালের ফুফাতো ভাই মো. মোস্তফা জানান, তাঁদের আরেক ফুফাতো ভাই আজিজুর আবুধাবি গেছেন। তাঁকে বিদায় জানাতে বিল্লালসহ তাঁরা তিনজন সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের হল থেকে বের হন। আজিজুরকে বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ঢুকিয়ে দিয়ে সোয়া তিনটার দিকে তাঁরা ফেরার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় তুরাগ পরিবহনের একটি বেপরোয়া বাস বিল্লালকে চাপা দেয়। মিজানও গুরুতর আহত হন।বিল্লালের গ্রামের বাড়ি মাগুরা সদরের সাংদাহ লক্ষ্মীপুরে। তাঁর বাবা শামসুদ্দীন আলম ডাক বিভাগের কর্মকর্তা। ছয় ভাইবোনের মধ্যে বিল্লাল ছিলেন পঞ্চম।