বাসচাপায় বুয়েট ছাত্র নিহত, ৪টি বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আজিমপুরে আজ বৃহস্পতিবার সকালে বাসচাপায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে আজিমপুর, নিউমার্কেট ও বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪টি গাড়ি ভাঙচুর করেছেন বুয়েটের শিক্ষার্থীরা। বেলা অাড়াইটায় শেষ খবর পাওয়া পর্যন্ত পলাশী মোড়ে ওই বাসটিসহ চারটি বাসে আগুন ধরিয়ে দেয় শিক্ষার্থীরা ।নিহত শিক্ষার্থীর নাম খন্দকার খান জাহান। তিনি যন্ত্র কৌশল বিভাগের প্রথমবর্ষের ছাত্র। তাঁর বাড়ি গোপালগঞ্জের সদরে। তাঁর বাবা সমাজসেবা অধিদপ্তরের মন্ত্রণালয়ের সাবেক উপপরিচালক।নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, আজিমপুরে আজ সকাল আটটার দিকে খন্দকার খান জাহান রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাঁকে চাপা দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ দিকে এ ঘটনার পর পরই শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় বেপরোয়া গাড়ি ভাঙচুর শুরু করে। এতে ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।