বাসচাপায় ভাগনিসহ খালা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে টঙ্গীর স্টেশন রোড এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় খালেদা (২২) ও তাঁর বোনের মেয়ে সুমাইয়া (৬) নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে তারা রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় লোকজন বাসটি ভাঙচুর করেছে। নিহত খালেদা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার খুশকান্দি গ্রামের মোরশেদ মিয়ার মেয়ে। সুমাইয়ার বাবার নাম মো. আলমগীর। খালেদা টঙ্গীর গাজীপুরার সাতাইশ এলাকায় বড় বোনের বাসায় বেড়াতে এসেছিলেন। আজ ভাগনিকে নিয়ে তিনি গ্রামের বাড়ি ফিরছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, টঙ্গী থেকে গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে খালেদা তাঁর ভাগনিকে নিয়ে সকাল সাড়ে ছয়টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় যান। সেখানে শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়ালসেতুর নিচ দিয়ে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে নরসিংদীগামী প্রমি পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। স্থানীয় লোকজন চালকসহ বাসটি আটক করে তাতে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে বাস ও চালককে থানায় নিয়ে যায়।টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।