বাসচাপায় শিশু আহত, আগুন-ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ বৃহস্পতিবার সকালে বাসচাপায় উম্মে হাবিবা নামের এক মাদ্রাসাছাত্রী গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার প্রতিবাদে এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেয়। তারা প্রায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে এবং অন্তত ২০টি বাস-ট্রাক ভাঙচুর করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পরই উম্মে হাবিবাকে হাসপাতালে ভর্তি করা হয়। সে পন্থীশীলা মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে পন্থীশীলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিল হাফিজা। এ সময় চয়েস পরিবহনের ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। এ ঘটনার পর চালক বাস রেখে পালিয়ে যায়।এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে জড়ো হয়। তাঁরা বাসে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়ক অবরোধ করে। এ সময় প্রায় ২০টি বাস ও ট্রাক ভাঙচুর করা হয়। পরে সীতাকুণ্ড থানা ও বারো আউলিয়ার হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশ এলাকাবাসীকে অনুরোধ জানালে বেলা সোয়া একটার দিকে তারা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।খবর পেয়ে সীতাকুণ্ডের কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভান। ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) সৈয়দ ইকবাল আলী প্রথম আলো ডটকমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বেলা সোয়া একটা থেকে যান চলাচল স্বাভাবিক।