বাসচাপায় শ্রমিক নিহত, বিক্ষোভ-অগ্নিসংযোগ
গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় আজ সোমবার সকালে বাসের চাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত শ্রমিকেরা বাসে অগ্নিসংযোগ ও বিক্ষোভ করেন।নিহত নারী শ্রমিকের নাম আসমা আক্তার (২০)। তিনি টঙ্গীর টেক্সজোন কারখানার শ্রমিক ছিলেন।পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, আজ সকাল পৌনে আটটার দিকে গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় উইন্ডি গার্মেন্টসের শ্রমিক নিয়ে একটি বাস কারখানায় যাচ্ছিল। পথে টেক্সজোন লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিক আসমা আক্তারকে বাসটি চাপা দেয়। এতে আসমা গুরুতর আহত হন। তাঁকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে আসমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে তিনি মারা যান। বাসচাপায় শ্রমিক নিহত হওয়ার খবর কারখানায় পৌঁছালে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওই শ্রমিকবাহী বাসটি আটক ও ভাঙচুর করে। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকেরা ওই বাসটিতে আগুন লাগিয়ে দেয়। শ্রমিকেরা সড়ক অবরোধ করার চেষ্টা করে। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও টঙ্গী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাজীপুর শিল্প পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনার পর টেক্সজোন কারখানাসহ আশপাশের কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়।