বাসচাপায় শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ
গাজীপুর সদর উপজেলার বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজ বৃহস্পতিবার সকালে বাসের চাপায় এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা সকাল সাড়ে ১০টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে। তবে অবরোধ তুলে নেওয়ার পরও মহাসড়কের দুই পাশে আটকে পড়া যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। ক্ষুব্ধ শ্রমিকেরা অর্ধশত যানবাহন ভাঙচুর করে বলে পুলিশ অভিযোগ করে। পুলিশ সূত্র জানায়, সকাল পৌনে আটটার দিকে কয়েকজন শ্রমিক বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অতিক্রম করার জন্য রাস্তার মাঝখানে ডিভাইডারের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস শ্রমিকদের চাপা দিলে ঘটনাস্থলেই এক নারীশ্রমিক নিহত ও দুই শ্রমিক আহত হয়। এরপরই আশপাশের কয়েকটি কারখানার শ্রমিক গতিরোধক নির্মাণের দাবিতে সকাল সাড়ে ১০টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। পরে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনাস্থলে এসে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।নাওজুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রায় আড়াই ঘণ্টা মহাসড়কে যানচলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এখন ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসছে। সম্প্রতি একই স্থানে বাসচাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন। এরপর থেকে শ্রমিকেরা ওই স্থানে গতিরোধক নির্মাণের দাবি জানিয়ে এলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।