বাসচালক ঘুমিয়ে পড়েছিলেন! ১৬ প্রাণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। গতকাল বুধবার ভোর সাড়ে চারটার দিকে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মাদ্রাসাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন বলে আহত যাত্রী সূত্রে জানা যায়। দুর্ঘটনার পর ঢাকা-মংলা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে আটটার দিকে পুলিশের হস্তক্ষেপে বিকল্প পথে যান চলাচল শুরু হয়। বেলা ১১টা নাগাদ উদ্ধার অভিযান শেষ হলে ওই সড়কে ফের যান চলাচল শুরু করে। নিহত ব্যক্তিদের মধ্যে যাঁদের নাম জানা গেছে তাঁরা হলেন খুলনার দাকোপ উপজেলার ধুপালী গ্রামের নরেশ মণ্ডলের ছেলে দেবাশীষ মণ্ডল (৪২), আমতলা গ্রামের অনুকূল মৃধার ছেলে সমীরণ মৃধা (৪০), সাতক্ষীরার শ্রীরামপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মঞ্জুর রহমান (৪০), একই জেলার আবদুল লতিফের ছেলে ট্রাকের চালক মনিরুল ইসলাম (৪০), বাগেরহাটের মংলা উপজেলার কবীর হোসেনের মেয়ে ফরিদা বেগম (৩৫), একই উপজেলার বাঁশতলা গ্রামের নাজিম মোল্লা (৪০), সাহেবের মেঠ গ্রামের সুলতান হাজারীর মেয়ে লিজা আক্তার (৪), মালগাজী গ্রামের বিকাশ সরকারের স্ত্রী মৃদুলা সরকার (৩৫), দ্বিগরাজ গ্রামের আবু সাঈদ (৪৫), রামপাল উপজেলার ফয়লা দলধা গ্রামের হাতেম আলীর ছেলে শিকদার মোজাফ্ফর হোসেন (৩২), একই উপজেলার গোবিন্দপুর গ্রামের আকবর আলী মুন্সির মেয়ে আরিফা আক্তার অ্যানি (৯) এবং মোরেলগঞ্জ উপজেলার আমুরবুনিয়া গ্রামের আবদুল লতিফ হাওলাদার (৬৫)। তাঁদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত বাকি চারজনের পরিচয় মেলেনি। ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ গতকাল বিকেলে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন আকবর আলী শেখ (৪৫), সোহেল (২৮), আশরাফুল ইসলাম (২০), হোসনে আরা বিলকিস (৩৫), আনোয়ারা (৫৫), তাসলিমা (৩০), সবলা বেগম (৪০), রেক্সোনা (২৮) ও অজ্ঞাতনামা দুজন। তাঁদের ঠিকানা জানা যায়নি। এ ছাড়া আহত নয়জনকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ছয়জনকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাগেরহাটের মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জানান, সাতক্ষীরা থেকে ঢাকাগামী আমবোঝাই একটি ছোট ট্রাকের (ঢাকা- অ৩৪৮) সঙ্গে ঢাকা থেকে মংলাগামী মেঘনা পরিবহনের একটি বাসের (ঢাকা ব ১৪-০৬৩৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে গিয়ে এর মেঝে থেকে ওপরের অংশ ভেঙে চুরমার হয়ে যায়। দুমড়েমুচড়ে যায় ট্রাকটি। এতে বাস ও ট্রাকের ১৪ যাত্রী ঘটনাস্থলে এবং দুজন হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর সহযোগিতায় উদ্ধারকাজ শুরু করে। পরে বাগেরহাট থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উল্টে পড়া বাসটি কেটে ভেতরে আটকে পড়া একজনকে জীবিত ও তিনজনের লাশ উদ্ধার করেন। দুর্ঘটনায় আহত ও ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন মেঘনা পরিবহনের যাত্রী মেহেদী হাসান জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় প্রায় ৬০ জন যাত্রী নিয়ে বাসটি ঢাকার সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে বাগেরহাটের মংলার উদ্দেশে রওনা হয়। শুরু থেকেই চালক বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন। যাত্রীরা একাধিকবার সতর্ক করে চালককে ধীরে গাড়ি চালাতে বললেও তিনি তাতে কান দেননি। এর পর চালক ঘুমিয়ে পড়ায় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। গতকাল সকালে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটির চালক মামুন তালুকদারকে (৩৫) আটক করেছে। তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ঘাটখালী গ্রামের বাসিন্দা। তাঁকে পুলিশ প্রহরায় চিকিত্সা দেওয়া হচ্ছে।বাগেরহাটের জেলা প্রশাসক আকরাম হোসেন ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁরা ফকিরহাট ও মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং আহতদের চিকিত্সার খোঁজখবর নেন।