বাসচালক মফিজ লিখতে-পড়তে পারেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিখতে-পড়তে পারেন না, চেনেন না ট্রাফিক সংকেতগুলো। তবুও মফিজুল ইসলামের (২৭) পকেটে রয়েছে একটি ড্রাইভিং লাইসেন্স। এর বলেই জনবহুল রাজধানীতে চালাচ্ছিলেন বড় বাস।গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে সাংবাদিক বিভাস চন্দ্র সাহাকে চাপা দেওয়া মৈত্রী পরিবহন বাসের চালক মফিজুলকে গতকাল শনিবার রাতে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মিন্টো রোডে পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মফিজুল নিজের লাইসেন্স পাওয়ার গল্পও শোনান। মফিজকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।সংবাদ সম্মেলনে কীভাবে লাইসেন্স পেয়েছেন জানতে চাইলে মফিজুল বলেন, ‘একটা কাগজে নাম লিখছি আর লাইসেন্স দিয়া দিছে। কোনো ঝামেলা হয় নাই।’ মফিজুল লিখতে-পড়তে পারেন না বলেও জানান। নাম লিখতে বলা হলে কোনো রকমে লেখেন ‘মফিজল’। মফিজুলকে সাংবাদিকেরা কয়েকটি ট্রাফিক সংকেত দেখালে কোনোটিই চিনতে পারেননি এই বাসচালক।ঘটনার বর্ণনা দিয়ে মফিজুল বলেন, ‘লোকজন চিল্লাপাল্লা করতাছিল, হুন্ডা পড়ছে, হুন্ডা পড়ছে। আমি গাড়ি থামাইলাম। লোকজন গাড়ির দিকে দৌড়ায়া আইতাছিল দেইখা আমি গাড়ি থিকা নাইমা (পালিয়ে) যাই। দেহি নাই কী গাড়ির তলায় পড়ছে।’মফিজুল বলেন, তাঁর বাসের ধাক্কায় মোটরসাইকেল পড়ে যাওয়ার পর গাড়ি থামাতে থামাতে আরোহী (বিভাস) বাসের চাকায় চাপা পড়ে।মহানগর গোয়েন্দা পুলিশের সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঘাতক ড্রাইভার সাংবাদিককে হত্যার পর প্রথমে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে পালিয়ে যান। সেখানে অবস্থান নিরাপদ মনে না করে তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের মতলবে গিয়ে আত্মগোপন করেন।’ এরপর শনিবার রাতে ডিবির সহকারী কমিশনার বাকি বিল্লাহর নেতৃত্বে একটি দল মতলবে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।ওসির বিরুদ্ধে অভিযোগের তদন্ত হচ্ছে: এদিকে সাংবাদিক বিভাস সাহার মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের বিরুদ্ধে অপেশাদারি আচরণের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। ডিএমপির জনসংযোগ ও সামাজিক সেবা শাখার অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান বলেন, বিভাসের মৃত্যুর পর সাংবাদিকেরা ওসির অপেশাদারি আচরণের অভিযোগ জানিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখছেন ডিএমপির যুগ্ম কমিশনার শেখ মারুফ হাসান ও রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আ স ম মাহাতাবউদ্দীন। তিন দিনের মধ্যে তাঁদের তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।এদিকে গত শনিবার সাংবাদিকদের অপরাধ-বিষয়ক সংগঠন ক্র্যাব তিনটি দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল। এর মধ্যে একটি দাবি (ঘাতক চালক গ্রেপ্তার) পূরণ হয়েছে। বাকি দুটি দাবি হলো যথাযথ ক্ষতিপূরণ ও ধানমন্ডি থানার ওসির অপসারণ। এই দুই দাবিতে কাল সোমবার (১৪ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সঙ্গে স্মরণসভা ও র্যালি ও ১৬ মে ধানমন্ডি থানা ঘেরাও কর্মসূচি দিয়েছে ক্র্যাব। এ ছাড়া আগামী মঙ্গলবার (১৫ মে) সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক সংগঠনগুলোর পূর্বঘোষিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি রয়েছে।