বাসচালকদের অভিযোগ গাড়ি বাড়ার সঙ্গে সঙ্গে অনিয়মও বেড়েছে
বাস, ট্রাকচালকেরা তাঁদের প্রাপ্য সুযোগ-সুবিধা এবং পারিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানা গেছে। তাঁরা মনে করছেন, দক্ষ চালকদের মূল্যায়ন করা হচ্ছে না এবং অদক্ষ কিংবা মাত্র কয়েক দিনের গাড়ি চালানোর অভিজ্ঞতা হলেই ড্রাইভিং লাইসেন্স দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে মানা হচ্ছে না নিয়মনীতি। ফলে বেড়ে যাচ্ছে দুর্ঘটনা। জলসিঁড়ি পরিবহনের চালক মো. ইয়াছিন পরিবহন সেক্টরে কাজ করছেন ১৯৭৫ সাল থেকে। ১৯৭৯ থেকে এখন পর্যন্ত বাসচালক হিসেবে নিয়োজিত আছেন। তিনি জানান, বর্তমানে ঢাকা এবং আন্তজেলা বাস চলাচলে অনেক অনিয়ম হচ্ছে। যানজট, রাস্তাঘাট দখল, ফুটপাতে অবৈধ স্থাপনের কারণে বাস চালাতে হিমশিম খেতে হয়। কিন্তু প্রশাসনের এ ক্ষেত্রে উদাসীনতা রয়েছে। যত্রতত্র বাস স্টপেজ গড়ে উঠেছে এবং লোকাল বাসগুলো বেপরোয়া হয়ে চলাচল করছে; ফলে দুর্ঘটনা বাড়ছে।তিনি ক্ষোভের সঙ্গে বলেন, অভিজ্ঞ চালকদের এখানে মূল্যায়ন হয় না। কয়েক দিনের শিক্ষানবিশ চালক কিংবা বাসের হেলপারদেরও ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়। বিআরটিএ কর্তৃপক্ষ এদিকে উদার মনোভাব দেখাচ্ছে। কিছু টাকা-পয়সা দিলেই একটি ড্রাইভিং লাইসেন্স জোগাড় করা কঠিন কিছু নয়। মোবাইল কোর্ট যত্রতত্র না বসিয়ে প্রতিটি বাস টার্মিনালে বসানো উচিত বলে এ চালক মনে করেন। ফলে যানবাহন নিয়ন্ত্রণ সহজসাধ্য হয়ে উঠবে।গাড়িচালকদের প্রশিক্ষণ যথার্থ নয়। তাঁর মতে, অভিজ্ঞ ও দক্ষ চালকদের দিয়ে তরুণ চালকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত।তবে নতুন আইন করে শাস্তির পরিমাণ বাড়িয়ে দেওয়ার বদলে বিদ্যমান আইনেরই শক্তিশালী প্রয়োগ হওয়া উচিত বলে এ চালক মনে করেন। তিনি বলেন, আইন থাকলে হবে না, আইন মানা না হলে কোনো কাজেই আসবে না। ১৯৮২ সালের দিকে এক চালককে গতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার দায়ে ৩০ বছরের সাজা হয়েছিল। কিন্তু এও তো অমানবিক। কারণ, গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গেলে চালকদের কিছু করার থাকে না। তখন আইন পরিবর্তনের জন্য অনেক আন্দোলন হয়েছিল। আইন শুধু চালকদের ক্ষেত্রে প্রয়োগ করলেই হবে না, রাস্তা পারাপারকারী কিংবা যাত্রীদের ওপরও প্রয়োগ করতে হবে। কেউ যদি ফ্লাইওভার কিংবা পাতালপথ ব্যবহার না করে, তাহলে সঙ্গে সঙ্গে ১০০ টাকা জরিমানা করা যেতে পারে। এখানে আইনের প্রয়োগের সঙ্গে সঙ্গে সচেতনতা বাড়ানো উচিত বলে এ জ্যেষ্ঠ চালক মনে করেন। শ্রমিক নেতাদের গাফিলতি সম্পর্কে বলেন, কোনো চালকের দাবি-দাওয়া নিয়ে তাঁদের চিন্তাভাবনা একটু কম। কোনো গাড়ির ফিটনেস আছে কি না, চলার উপযোগী কি না, এসব বিষয়ে মালিক বা শ্রমিক—কারোরই তদারকি নেই বলে সড়ক দুর্ঘটনা বাড়ছে।