বাসচালকের বেপরোয়া গতি দুর্ঘটনায় দায়ী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকায় আজ রোববার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে সড়ক ও জনপথ অধিদপ্তরের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি। এখানেই গতকাল এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান খ্যাতিমান চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক মিশুক মুনীরসহ পাঁচজন। কমিটির সদস্যরা দুপুর ১২টার দিকে দুর্ঘটনাস্থলে যান। তদন্ত কমিটির প্রধান সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুর রহমান এ সময় বলেন, ঘটনাস্থলের সামান্য দূরে যে মোড় আছে সেখানে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে গাড়ি চালালে দুর্ঘটনা ঘটার কথা নয়। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, বাসের চালক বেপরোয়া গতিতে মোড় অতিক্রম করার সময় সড়কের বর্ডার লাইন অতিক্রম করে। এ সময় মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ কারণেই ঢাকাগামী মাইক্রোবাসটির ডান দিক দুমড়েমুচড়ে গেছে।তদন্ত কমিটির প্রধান আরও বলেন, ঢাকা-আরিচা মহাসড়কটি কিছু কিছু স্থানে ত্রুটিযুক্ত। এ সড়কটি আরও চওড়া করা প্রয়োজন। তদন্ত শেষে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে তিনি জানান।গতকাল এ দুর্ঘটনার পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটির অপর দুই সদস্য মোহাম্মদ কামরুল হক ও মানিকগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সবুজউদ্দিন খান।