বাসচালকেরা ঘাতক বা খান সেনা নন: নৌমন্ত্রী
নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, বাসচালকেরা ঘাতকও নন, খান সেনাও নন। তাঁরা জনগণের সেবক। পরিবহনশ্রমিকদের শত্রু হিসেবে চিহ্নিত না করে বন্ধু হিসেবে চিহ্নিত করতে তিনি সবার প্রতি আহ্বান জানান। আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মিডিয়া ফোরাম, হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট নামের একটি সংগঠনের আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।শাহজাহান খান বলেন, সম্প্রতি এক বুদ্ধিজীবী লিখেছেন, খান সেনারা এখন রাস্তায়। এখন গেরিলা থাকলে তাঁদের মোকাবিলা করা যাবে। মন্ত্রী এ ধরনের বক্তব্যকে অর্বাচীনের বক্তব্য বলে মন্তব্য করেছেন।মন্ত্রীর দাবি, বাসচালকদের বিরুদ্ধে নানা কথা বলে ৩০ লাখ শ্রমিককে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। শ্রমিকদের এভাবে মুখোমুখি দাঁড় করানো হলে যে পরিস্থিতি তৈরি হবে, তার দায় কে নেবে? তাঁর দাবি, প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও মানুষ এখন অনেক শিক্ষিত। বাসচালকেরা এসএমএস করতে পারেন, মোবাইল ফোন ব্যবহার করতে পারেন। ব্রিটেনের চালকদেরও ছবির মাধ্যমে সাইন শেখানো হয় বলে তিনি দাবি করেন।