বাসদ আবার ভাঙছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলে (বাসদ) আরেক দফা ভাঙন ধরেছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সঙ্গে ঐক্য, গণজাগরণ মঞ্চ নিয়ে দলীয় অবস্থান ও দলের সম্পত্তি ব্যবস্থাপনা এবং বিপ্লবী রাজনীতির তাত্ত্বিক শিবদাস ঘোষকে নিয়ে মতভিন্নতার কারণে এ ভাঙনের ঘটনা ঘটেছে।আজ শুক্রবার সংবাদ সম্মেলনের মাধ্যমে মবিনুল হায়দার চৌধুরী ও শুভ্রাংশ চক্রবর্তীর নেতৃত্বে নতুন বাসদের আত্মপ্রকাশ ঘটছে। এ অংশের নেতারা গতকাল বৃহস্পতিবার জরুরি সভা করেন। তাতে তাঁরা নিজেদের মূল ধারার বাসদ বলে দাবি করেন।দলীয় সূত্রগুলো জানায়, এ অংশের নেতাদের সঙ্গে বাসদের কেন্দ্রীয় কমিটির অপর চার নেতা খালেকুজ্জামান, বজলুর রশিদ ফিরোজ, রাজেকুজ্জামান ও জাহিদুল হকের মতভিন্নতার কারণে দলটি এ ভাঙনের মুখে পড়েছে। এর আগে গত ৩০ মার্চ থেকে দলের পাঁচ দিনব্যাপী কেন্দ্রীয় ও জেলা কমিটির সভায় এসব বিষয়ে আলোচনা হলেও মীমাংসা হয়নি। এরপর দলের ৩২টি ইউনিটের মধ্যে ১১টি মবিনুল হায়দারের পক্ষে ও ১৮টি খালেকুজ্জামানের পক্ষে দাঁড়ায়। বাকি তিনটি ইউনিট কোনো পক্ষেই অবস্থান নেয়নি।মবিনুল হায়দার চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রধানত তিনটি বিষয়—সিপিবির সঙ্গে জোট, গণজাগরণ মঞ্চ ও দলের সম্পদ ব্যবস্থাপনা নিয়ে তাঁদের মধ্যে মূল মতবিরোধ। তিনি বলেন, সিপিবির তার রাজনৈতিক অবস্থান থেকে আওয়ামী লীগের সঙ্গে সহযোগিতার সম্পর্কে যেতেই পারে। কিন্তু এর ফলে বাংলাদেশের শ্রমিক ও মেহনতি মানুষের মুক্তির কোনো সম্পর্ক নেই। গণজাগরণ মঞ্চের মাধ্যমে তরুণ সমাজ যে অসাধারণ আন্দোলনটি গড়ে তুলেছিল, তার ফলাফলও শেষ পর্যন্ত আওয়ামী লীগের পকেটে গেছে। বাসদসহ বেশির ভাগ বামপন্থী দল এখানে নেতৃত্ব দিতে পারত, কিন্তু ভ্রান্ত নীতির কারণে দিতে পারেনি।মবিনুল হায়দার অভিযোগ করেন, দলের কর্মীদের সংগ্রহ করা শ্রমিকশ্রেণীর টাকায় বেশ কিছু সম্পত্তি কেনা হয়েছে। তা খালেকুজ্জামান ও বজলুর রশিদ ফিরোজের নামে রাখা হয়েছে। মার্ক্সবাদ-লেনিনবাদে বিশ্বাসী কোনো দলের ক্ষেত্রে এ ধরনের নিয়ম থাকা উচিত নয়। এসব বিষয় দলে বিভিন্ন সময়ে উত্থাপন করেও লাভ না হওয়ায় আলাদাভাবে রাজনৈতিক অবস্থান নিয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানান।অপরদিকে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, এর আগেও অনেকে বাসদ ছেড়ে গেছেন। তাতে দলের কোনো ক্ষতি হয়নি। তিনি দাবি করেন, তাঁর নামে দলের কোনো সম্পত্তি নেই। দলের নেতাদের থাকার জায়গাটি বজলুর রশিদ ফিরোজের নামে এবং অন্য সম্পত্তিগুলো দলের অন্য নেতাদের নামে রয়েছে। শিগগিরই তা একটি ট্রাস্টের আওতায় নিয়ে আসা হবে। দলের নিয়ম অনুযায়ী কারও ব্যক্তিগত সম্পত্তি থাকবে না।১৯৮০ সালে বাসদ প্রতিষ্ঠা হয়। এর দুই বছর পর আদর্শগত মতভিন্নতাকে কেন্দ্র করে বাসদ (মাহবুব) ও বাসদ (খালেকুজ্জামান) নামে দলটি দুই ভাগে বিভক্ত হয়। এরপর ২০০৫ সালে বাসদের ছাত্রসংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের তৎকালীন সভাপতি নুরুল ইসলামসহ একটা বড় অংশের নেতারা বাসদ ও ছাত্রফ্রন্ট থেকে পদত্যাগ করেন। ২০১১ সালে বাসদের কেন্দ্রীয় কমিটির নেতা আবদুল্লাহ সরকার (প্রয়াত), সাইফুল ইসলামসহ কয়েকজন নেতা পদত্যাগ করেন। এরপর গত বছর সিপিবির সঙ্গে দ্বিদলীয় জোট করার কারণে গণতান্ত্রিক বাম মোর্চা থেকে বাসদের সদস্যপদ স্থগিত করা হয়।