পোশাকশ্রমিকদের নেত্রী ও গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশুকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে কাফরুল থানা পুলিশ। তবে গতকাল বুধবার তাঁকে আদালতে হাজির না করায় খিলগাঁও থানায় দায়ের করা একটি মামলার রিমান্ড শুনানি হয়নি।পুলিশ জানায়, মিশুকে গ্রেপ্তারের পর গতকাল পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। এর মধ্যে গতকাল বেলা দুইটা থেকে তোপখানা সড়কে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কার্যালয়ে তল্লাশি চালানো হয়। ওই কার্যালয়ের বিভিন্ন কাগজপত্রও দেখে পুলিশ। এ ছাড়া বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের বাসভবনেও পুলিশ তল্লাশি চালায়।তৈরি পোশাক শিল্প খাত ধ্বংস করা ও নাশকতামূলক কর্মকাণ্ড এবং ভাঙচুর ও পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে খিলগাঁও থানায় করা মামলায় সোমবার রাতে মিশুকে গ্রেপ্তার করা হয়। পরদিন খিলগাঁও থানার পুলিশ তাঁকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে। মামলার তদন্ত-সংক্রান্ত কাগজপত্রসহ গতকাল রিমান্ড শুনানির দিন ধার্য করেন আদালত। কিন্তু মোশরেফা মিশুকে আদালতে হাজির না করায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া ১৯ ডিসেম্বর মোশরেফা মিশুর উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন ধার্য করেন।আদালত সূত্র জানায়, গত মঙ্গলবার কাফরুল থানার একটি মামলায় মোশরেফা মিশুকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। গত জুন মাসে গার্মেন্টস শ্রমিকদের উসকানি ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা কাফরুল থানার মামলায় গত মঙ্গলবার তাঁর ১০ দিন রিমান্ডের আবেদন করা হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।উল্লেখ্য, গত সোমবার কুড়িল বিশ্বরোড এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভের ঘটনায় ওই দিন রাতেই মোশরেফা মিশুকে তাঁর হাতিরপুলের বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।