বাসন্তী আবহে উৎসবমুখর গ্রন্থমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনক্ষণ মেনে বসন্ত পড়েনি বটে, তবে আবহাওয়ায় তার প্রভাব পড়েছে যথেষ্ট। রাজধানীতে শীত আর কুয়াশা উভয়ই বিলীয়মান। বিকেলের চমত্কার কবোষ্ণ পরিবেশে বাংলা একাডেমীমুখী হতে আগ্রহী অনেকেই। নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত সমাগমে শাহবাগ থেকে দোয়েল চত্বর অবধি পুরো এলাকাতেই ছিল উৎসবমুখর পরিবেশ।অনুরাগীদের সঙ্গে: বিকেল চারটায় মেলায় এসেছিলেন মুহম্মদ জাফর ইকবাল। মাঝের ফটক দিয়ে ঢুকে এগোতে পারেননি বেশি দূর। বটতলায় আসতেই স্বাক্ষর সংগ্রহের জন্য রীতিমতো ঘেরাও। বটতলায় নজরুল মঞ্চের পেছনে বসে শুরু করেছিলেন একের পর এক স্বাক্ষরদান। স্বাক্ষরের সঙ্গে আছে ছবি তোলার বায়না। এখন প্রায় সবার হাতেই মোবাইল, সঙ্গে ক্যামেরা। ছবি তুলতে কোনো অসুবিধাই নেই। তবে হুড়োহুড়ি করলে চলবে না। তাই শৃঙ্খলা রাখতে সামনে লম্বা লাইন। সন্ধ্যা উতরে গেছে কিন্তু লাইন আর শেষ হয় না। মেলা প্রসঙ্গে জানতে চাইলে বললেন, ‘মেলা তো ঘুরে দেখতেই পারিনি। তবে সবার উৎসাহ-উদ্দীপনা দেখে মনে হচ্ছে, মেলা ভালোই জমেছে। খুব ভালো লাগছে।’ বুধবারই প্রথম এসেছিলেন মেলায়। শুক্রবার আবার আসবেন। এবার তাঁর বৈজ্ঞানিক কল্পকাহিনি রব নিশি প্রকাশিত হয়েছে শিখা প্রকাশনী এবং রাশা প্রকাশিত হয়েছে তাম্রলিপি থেকে। এ ছাড়া প্রথমা প্রকাশন থেকে বের হয়েছে প্রবন্ধ ঢাকা নামের শহর ও অন্যান্য।শিক্ষা খাতে ব্যয় কম: বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের বই প্রথম দর্শনে বঙ্গবন্ধু বের হয়েছে আগামী প্রকাশনী থেকে। বুধবার সন্ধ্যায় মেলায় এসেছিলেন তিনি। ১৯৭৩-৭৫ বঙ্গবন্ধুর একান্ত সচিব ছিলেন। সেই অভিজ্ঞতা এবং দেশের উন্নয়ন-ভাবনা নিয়ে এই বই। বললেন, ‘আমাদের এখানে জিডিপির শতকরা দুই দশমিক ছয় ভাগ শিক্ষা খাতে ব্যয় হয়, কিন্তু শতকরা ছয় ভাগ ব্যয় আদর্শ ধরা হয়। শিক্ষা খাতে ব্যয় বাড়লে উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল হবে। শিক্ষার প্রসারের সঙ্গে সঙ্গে বইমেলা তথা প্রকাশনা শিল্পও আরও বিকশিত হবে।’ মোড়ক উন্মোচন: নজরুল মঞ্চে এ দিন যেসব বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল প্রথম বাঙালি মুসলিম চিত্রকর কাজী আবুল কাসেমের আত্মকথা পুবের জানালা। সম্পাদনা করেছেন সোহরাব হাসান। প্রকাশ করেছে বাঙালি সমগ্র জাদুঘর। মেলায় বইটি বিপণনে পাঠক সমাবেশ। মোড়ক উন্মোচন করেন কবীর চৌধুরী। আলোচনা করেন আনিসুজ্জামান ও আতিকুল হক চৌধুরী। মাসুম রেজার নাটক মীনকন্যাদ্বয়, গাজী তানিয়ার জাতিস্মর, আজিজুর রহমানের লক্ষ প্রাণের আকুতি, হেলেনা বেগমের একুশের ফেব্রুয়ারীর প্রত্যাশা ইত্যাদি।নতুন বই: নতুন ১১৫টি বই জমা পড়েছে তথ্যকেন্দ্রে গতকাল। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—বিদ্যাপ্রকাশ থেকে মিনার মাহমুদের ভ্রমণকাহিনি নির্ঘুম স্বপ্নের দেশে, প্রথমা থেকে রফিক কায়সারের প্রবন্ধ বাংলার মাটি বাংলার জল, শাহীন আখতারের উপন্যাস সখী রঙ্গমালা, শব্দশিল্প থেকে জাফর তালুকদারের কিশোর গল্প গুপ্তধন রহস্য, ত্রয়ী ফাউন্ডেশন থেকে মারুফা হোসেনের চিকিৎসাবিষয়ক আটিজম কী এবং করণীয়, সাহিত্য প্রকাশ থেকে প্রীতি কুমার মিত্রের গবেষণাগ্রন্থ বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক ইতিহাস-ভাববিদ্রোহ, জাগৃতি থেকে আসজাদুল কিবরিয়ার প্রবন্ধ মুক্তবাজারের দুর্বৃত্তায়ন, উৎস প্রকাশের পুরোনো পুঁথি সিরিজে মো. আবদুল মান্নানের কড়িনামা, বিদ্যাপ্রকাশ থেকে আনোয়ারা সৈয়দ হকের উপন্যাস সমগ্র-২, নালন্দা থেকে আহসান হাবীবের রম্যগল্প: নিজ দায়িত্বে হাসুন, জাতীয় সাহিত্য প্রকাশ থেকে মনীশ রায়ের গল্প দোযখের কাছাকাছি, মিজান পাবলিশার্স থেকে আলী ইমামের শিশুতোষ গল্প সবুজ পাতা রঙিন ফুল, আহমদ পাবলিশিং হাউস থেকে মমতাজ উদ্দীন পাটোয়ারীর প্রবন্ধ ইতিহাস চেতনা, ঝিনুক থেকে ভবেশ রায়ের বিজ্ঞানবিষয়ক এক ব্যাগ মজার প্রজেক্ট। এ ছাড়া বিভাস থেকে এসেছে ইরাজ আহমেদের কবিতা শীতে ভবঘুরে এবং অনন্যা থেকে গল্প কয়েকটি মৃত জোনাকি। অনন্যা থেকে আরও এসেছে সারওয়ার-উল-ইসলামের উপন্যাস কিশোর বেলার ঘ্রাণ, অন্যপ্রকাশ থেকে মামুন রশীদের প্রবন্ধ এগিয়ে যাওয়ার অর্থনীতি, সালেহউদ্দিন আহমেদের উপন্যাস ঘূর্ণী নিলয় এবং মমিন রহমানের উপন্যাস মুমু অথবা মম’র গল্প। ভাষাসৈনিক সংবর্ধনা : মেলার মূল মঞ্চে গতকাল বিকেলে ভাষাসৈনিক আবদুল মতিন ও সৈয়দ ইউসুফ হাসানকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক কবীর চৌধুরী। আলোচনা করেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান ও আসাদ চৌধুরী। পরে ছিল ভাষাশহীদ আসাদেকে নিয়ে আলোচনা। প্রবন্ধ উপস্থাপন করেন শাহীদা আক্তার। সভাপতিত্ব করেন বেলাল চৌধুরী। আলোচনা করেন কাজী রোজী ও রাসা। সন্ধ্যায় কিরণচন্দ্র রায়, জহির আলিম, কাননবালা সরকারসহ জনপ্রিয় লোকসংগীত-শিল্পীরা শ্রোতাদের গান শুনিয়েছেন।