বাসভাড়া এক টাকা কমছে, নারায়ণগঞ্জে আজকের হরতাল প্রত্যাহার
ঢাকা-নারায়ণগঞ্জ পথে বাসভাড়া এক টাকা কমানোর পর নারায়ণগঞ্জে আজ সোমবারের অর্ধদিবস হরতাল প্রত্যাহার করা হয়েছে। পরিবহন মালিকেরা গতকাল রোববার রাতে ভাড়া কমানোর ঘোষণা দেন। এরপর যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে হরতাল প্রত্যাহারের কথা জানায়। বর্ধিত বাসভাড়া কমানোর দাবিতে সংগঠনটি এই হরতাল আহ্বান করেছিল।যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, পরিবহনমালিক নেতারা বাসভাড়া এক টাকা কমানোর ঘোষণা দেওয়ায় হরতাল প্রত্যাহার করা হয়েছে। আজ বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করা হবে। গতকাল দুপুরে পরিবহনশ্রমিকেরা শহরে হরতাল-বিরোধী মিছিল বের করেন। পুলিশ পাহারায় তাঁরা শহর প্রদক্ষিণ করেন। সকালে শহরে হরতালবিরোধী মিছিল বের করে পরিবহনমালিক পক্ষের লোকজন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর চাষাঢ়ায় শহীদ মিনারে সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য দেন পরিবহনমালিক নেতারা। তাঁরা আজ গাড়ি চালানোর ঘোষণা দেন। বিকেলে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের নেতারা হরতালের সমর্থনে প্রথমে শহরের আলী আহম্মদ চুনকা পৌর পাঠাগারের সামনে সমাবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এখানে হরতালের সমর্থনে স্লোগান দেওয়ায় পুলিশ নারায়ণগঞ্জ জেলা উদীচীর সাবেক সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, কবি শ্যামল দাস ও শ্রমিক সাইফুল ইসলামকে আটক করে। পরে হরতাল-সমর্থকেরা শহরের চাষাঢ়া শহীদ মিনারে সমবেত হন। সেখানে তাঁরা বিক্ষোভ করেন। এ সময় পুলিশ শহীদ মিনার প্রাঙ্গণে মিছিলে বাধা দেয়। ছিনিয়ে নেয় ব্যানার। হরতালের সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এ সময় যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি মাইকযোগে পুলিশকে শহীদ মিনার থেকে সরে যাওয়ার আহ্বান জানান। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির জন্য পুলিশ দায়ী থাকবে বলে ঘোষণা দেন। এ পর্যায়ে পুলিশ শহীদ মিনার ত্যাগ করে। আটক তিন নেতাকে পুলিশ রাতে ছেড়ে দেয়।পরে যাত্রী অধিকার ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, সিপিবির সভাপতি জিয়া হায়দার, বাসদের নিখিল দাস প্রমুখ। সমাবেশ শেষে নারী কর্মীদের ছোট একটি দল শহরে মিছিল বের করে। তবে পুরুষ কর্মীদের মিছিলে পুলিশ বাধা দেয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ‘সমাবেশে কোনো বাধা দেওয়া হয়নি। চাষাঢ়া এলাকায় যানজট সৃষ্টি হওয়ায় আমরা মিছিল করতে নিষেধ করি।’ সেলিম ওসমান বললেন: নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি ও শামীম ওসমানের মেজো ভাই এ কে এম সেলিম ওসমান বলেন, ‘আমরা তিন ভাই (নাসিম ওসমান, সেলিম ওসমান ও শামীম ওসমান) নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য কাজ করছি। এককালের লৌহমানব সামসুজ্জোহা, যাকে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়েছিল, তিনি আমাদের পিতা। ওই অসভ্য মহিলা (সাংসদ কবরীকে ইঙ্গিত করে) তাঁর নামেও গালি দিয়েছে। ফলে শামীম ওসমান উত্তেজিত হয়েছে। শুধু উত্তেজিত হলো কেন? তাঁকে (নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ সারাহ্ বেগম কবরী) চপেটাঘাত মারল না কেন? তিনি আরও বলেন, ‘বিগত দিনে যারা আমাদের ওপর হামলা করেছিল, মামলা দিয়ে হয়রানি করেছিল, তারা এখনো এই শহরে বসবাস করছে। আমরা প্রতিশোধমূলক কিছু করি নাই।’ গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের কনভেনশন সেন্টারে এক আলোচনা সভায় সেলিম ওসমান এসব কথা বলেন। ‘সম্মিলিত ব্যবসায়ী সমাজের অংশগ্রহণে হরতালমুক্ত বাংলাদেশ চাই’ শীর্ষক সভায় নারায়ণগঞ্জকে হরতাল ও সন্ত্রাসমুক্ত রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান এবং বাসমালিকদের ভাড়া আরও এক টাকা কমানোর অনুরোধ জানান। পরে পরিবহন নেতা মোক্তার হোসেন, ইব্রাহীম চেঙ্গিস, আহাম্মদ আলী একত্র হয়ে ভাড়া এক টাকা কমানোর ঘোষণা দেন। শামীম ওসমানের বক্তব্য: এদিকে সাবেক সাংসদ ও আওয়ামী লীগের নেতা শামীম ওসমান গত শনিবারের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক উল্লেখ করে গতকাল সাংবাদিকদের বলেন, ‘বাসভাড়া ইস্যু দাঁড় করিয়ে পর্দার অন্তরাল থেকে নোংরা রাজনৈতিক খেলা হয়েছে। যে হরতালে বিএনপি সমর্থন করে, সেই হরতালে আওয়ামী লীগের কেউ সমর্থন করলে আমার অবাক হওয়া ছাড়া কিছুই করার থাকে না। বাসভাড়া নিয়ে সভায় ঝগড়া হয়নি। আওয়ামী লীগের নাম ব্যবহার করে এই হরতাল সমর্থন করা হয়েছে, এ কারণেই ঝগড়ার সৃষ্টি হয়েছে।’ কবরী ও আইভী যা বলেন: সংসদ সদস্য সারাহ্ বেগম কবরী গতকাল প্রথম আলোকে বলেন, ‘পরিবহন সিন্ডিকেটের হোতা এবং যাঁর দ্বারা আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটে, তাঁকে (শামীম ওসমান) আইনশৃঙ্খলা কমিটির সদস্য করা হলে আগামী দিনে ওই সভায় যোগ দেব কি না ভেবে দেখব।’ কবরী আরও বলেন, ‘শামীম ওসমান পরিবহন মালিক বা কমিটির কেউ নন। তিনি কোন কারণে ওই সভায় উপস্থিত ছিলেন? মূলত আমাদের ওপর আক্রমণ করতেই তিনি ও তাঁর অনুসারীরা সেখানে উপস্থিত ছিলেন।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা হরতালের পক্ষে নই। যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের দাবির পরিপ্রেক্ষিতে যাতে যুক্তিসংগত ভাড়া আদায় করা হয়। সে জন্য আমরা সভায় গিয়েছি। তা ছাড়া সাধারণ মানুষের জন্য কাজ করা আমাদের দায়িত্ব। ওই দায়িত্ব নিয়েই সভায় যোগ দিয়েছি।’ তিনি বলেন, বাসমালিকদের কাছ থেকে শামীম ওসমান ও তাঁর লোকজন চাঁদাবাজি করেন বলেই বাসভাড়া কমানো যাচ্ছে না।কবরীর বক্তব্যকে সমর্থন করে জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র সেলিনা হায়াত আইভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে নারীনীতি বাস্তবায়ন নিয়ে সোচ্চার এবং নারীদের অগ্রাধিকার দিতে কাজ করে যাচ্ছেন, সেখানে দলীয় লোক হয়েও শামীম ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জে দুজন নারী জনপ্রতিনিধির কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। আবার সভায় উপস্থিত হয়ে প্রকাশ্যে একজন নারী সাংসদকে অশালীন ভাষায় গালাগাল করেছেন, তাঁর মতো লোককে আইনশৃঙ্খলা কমিটির সদস্য করার চিন্তা মাথায় আনা হাস্যকর। এক প্রশ্নের জবাবে আইভী বলেন, হরতাল আহ্বান যেমন সঠিক নয়, তেমনি জ্বালানির দাম বাড়ানোর অজুহাতে বাসভাড়া বাড়ানো সঠিক হয়নি। তিনি বর্ধিত ভাড়া থেকে দুই টাকা কমানোর দাবি জানান। এর আগে শনিবারও জেলা প্রশাসকের কার্যালয়ে আঞ্চলিক পরিবহন কমিটির সেই সভায় আইভী ভাড়া কমানোর প্রস্তাব করেছিলেন।