বাসভাড়া না মানলে জরিমানা ৫০০ টাকা!
সরকারের নির্ধারণ করে দেওয়া বাসভাড়া না মানার সর্বোচ্চ অর্থদণ্ড ৫০০ টাকা। বাসমালিকেরা নির্ধারিত ভাড়া না মানলে ভ্রাম্যমাণ আদালত এই পরিমাণ অর্থ জরিমানা করতে পারেন। অথচ বাসমালিকেরা যাত্রীদের জিম্মি করে যে পরিমাণ টাকা হাতিয়ে নেন, সে তুলনায় এটি কিছুই নয়। এ জন্য গণপরিবহন খাতে ভাড়া নিয়ে নৈরাজ্যও বন্ধ হয় না।মোটরযান আইন, ১৯৮৩-এর ৭২ ও ১৪০ ধারাবলে বাড়তি ভাড়া আদায়ের দায়ে সংশ্লিষ্ট যানের রুট পারমিট (চলাচলের অনুমতি) বাতিল, জরিমানা, কারাদণ্ড—তিনটিরই বিধান আছে। ওই আইনের ১৪০ ধারায় রয়েছে, ‘এই আইন অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের আইনানুগ নির্দেশ ইচ্ছাকৃতভাবে কেউ অমান্য করিলে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড অথবা ৫০০ টাকা জরিমানা কিংবা উভয়বিধ শাস্তি হইবে।’৭২ ধারায় বাসের চলাচলের অনুমতির শর্ত হিসেবে বলা হয়েছে, ‘সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে ঠিক করে দেওয়া যাত্রী ও মালামালের ভাড়া মানতে বাধ্য থাকিবে।’ পরিবহনকর্মীরা যাত্রীদের সঙ্গে অসদাচরণ করতে পারবে না বলেও শর্ত দেওয়া হয়েছে। এসব শর্ত অমান্য করলে চলাচলের অনুমতি বাতিল হবে।এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ম্যাজিস্ট্রেট তোফায়েল ইসলাম গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘মোটরযান আইন অনেক পুরোনো বলে জরিমানা কম।’ কারাদণ্ডের বিধান থাকলেও শুধু জরিমানা করার বিষয়ে তিনি বলেন, বাড়তি ভাড়া আদায় বাসমালিকদের নির্দেশে হয়। মূল দোষী মালিকেরা। চালক বা পরিবহনশ্রমিকেরা তা বাস্তবায়ন করেন মাত্র। কিন্তু ভ্রাম্যমাণ আদালত অভিযানকালে মালিকদের পান না বলে এক মাসের কারাদণ্ড দেওয়া যায় না।জ্বালানি তেল ও সিএনজির (সংকুচিত প্রাকৃতিক গ্যাস) মূল্যবৃদ্ধির পর বাসের ভাড়া প্রায় ৩০ শতাংশ বাড়িয়েছে সরকার। গত ১৯ মে থেকে নতুন ভাড়া কার্যকর হয়েছে। কিন্তু এর আগে থেকেই বাসমালিকেরা নিজ উদ্যোগে ক্ষেত্রবিশেষে ২০০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়িয়ে যাত্রীদের কাছ থেকে তা আদায় করছেন বলে অভিযোগ রয়েছে।গা সওয়া হয়ে গেছে: গত বছরের মার্চে জাপানি দাতা সংস্থা জাইকার করা সমীক্ষা ভিত্তি ধরলে রাজধানী ঢাকায় দৈনিক প্রায় ৭৫ লাখ যাত্রী বাসে চলাচল করে। সমীক্ষায় যাত্রীদের প্রতিবার বাস ব্যবহারকে এক ট্রিপ হিসেবে ধরা হয়েছে। সে হিসাবে, শুধু ঢাকা মহানগরে প্রতিবার পাঁচ টাকা করে বাড়তি ভাড়া দিলে যাত্রীদের পকেট থেকে দৈনিক পৌনে চার কোটি টাকা অতিরিক্ত যায়। অনেক ক্ষেত্রে ১০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া গুনতে হয় যাত্রীদের।১২ মে সিএনজির মূল্য বৃদ্ধির পর বাসমালিকেরা ইচ্ছামতো ভাড়া বাড়িয়েছেন। প্রতিদিন পৌনে চার কোটি টাকা হিসেবে গতকাল পর্যন্ত ১৫ দিনে ৫৬ কোটি টাকারও বেশি অতিরিক্ত আদায় করেছেন বাসমালিকেরা।এদিকে বাড়তি ভাড়া আদায় রোধে বিআরটিএ ১৫ মে থেকে ২৬ মে পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেছে মাত্র এক লাখ ৮৬ হাজার টাকা। একই সময়ে ২১৮টি বাসের বিরুদ্ধে মামলা হয়েছে। জব্দ করা হয় ১৭টি বাস। ভ্রাম্যমাণ আদালতের একজন কর্মকর্তা বলেন, এ জরিমানার সবই বাড়তি ভাড়া আদায়ের জন্য করা হয়নি। প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে জরিমানা করা অর্থও এর মধ্যে রয়েছে।একজন বাসমালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, কয়েক দিন গেলে যাত্রীরা বাড়তি ভাড়া দিতে অভ্যস্ত হয়ে যাবে। গণমাধ্যমও এতটা সোচ্চার থাকবে না। তখন ভ্রাম্যমাণ আদালতের অভিযানও বন্ধ হয়ে যাবে। দীর্ঘদিন ধরে এমনটাই চলছে।বিআরটিএর একজন কর্মকর্তা বলেন, শুধু ৫০০ টাকা জরিমানা করে বাসমালিকদের দৌরাত্ম্য বন্ধ করা যাবে না। কারাদণ্ড দিতে হবে এবং চলাচলের অনুমতিও বাতিল করতে হবে। ২০০৮ সালেও বাসভাড়া বাড়ানোর পর অনুরূপ অভিযান চালানো হয়েছিল, কিন্তু বাড়তি ভাড়া আদায় বন্ধ করা যায়নি।চলাচলের অনুমতি বাতিলের নজির নেই: বাড়তি ভাড়া আদায় করা হলে শাস্তি হিসেবে নির্দিষ্ট বাসের চলাচলের অনুমতি বাতিল করতে পারে এ-সংক্রান্ত কমিটি। কিন্তু এ জন্য রাজধানীতে বাসের চলাচলের অনুমতি বাতিল করার নজির নেই। ২০০৮ সালে বাড়তি ভাড়া আদায় রোধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট কিছু বাসের চলাচলের অনুমতি বাতিলের সুপারিশ করেছিলেন, কিন্তু পরে তা আর এগোয়নি। ১৫ মে থেকে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটরাও এ পর্যন্ত অন্তত আটটি বাসের চলাচলের অনুমতি বাতিলের সুপারিশ করেছেন। কিন্তু তা বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিআরটিএর একজন কর্মকর্তা।রাজধানীতে বাস চলাচলের অনুমতি দেয় মহানগর আঞ্চলিক পরিবহন কমিটি (মেট্রো-আরটিসি)। এ কমিটির সভাপতি পুলিশ কমিশনার। এতে পুলিশের ট্রাফিক বিভাগ, বিআরটিএ এবং বাসমালিকদের প্রতিনিধিও আছেন। কমিটি মোটরযান আইনের ৭২ ধারাবলে চলাচলের অনুমতি দেয় এবং চাইলে ওই ধারাবলে তা বাতিলও করতে পারে।মেট্রো-আরটিসির অন্যতম সদস্য এবং ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, আরটিসির পরবর্তী বৈঠকই বাড়তি ভাড়া আদায়কারী বাসের চলাচলের অনুমতি বাতিলের বিষয়ে আলোচনা হবে। ইতিমধ্যে তাঁদের কাছে কিছু অভিযোগ এসেছে।