বাসভাড়া নিয়ে নৈরাজ্য চলছেই
রাজধানীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নিয়ে নৈরাজ্য গতকাল বুধবারও অব্যাহত ছিল। এদিকে সরকার-নির্ধারিত নতুন ভাড়ার প্রজ্ঞাপন বিকেলে জারি করা হয়েছে।গত সোমবার সরকার বাস-মিনিবাস ও অটোরিকশার ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু এর আগেই রাজধানীতে চলাচলকারী বাস-মিনিবাস ও অটোরিকশার ভাড়া বাড়িয়ে দেওয়া হয়। গতকালও কাউন্টারভিত্তিক প্রায় সব বাসে সর্বনিম্ন ভাড়া ১২ টাকা আদায় করতে দেখা গেছে। দূরের গন্তব্যেও টিকিটের ওপর হাতে লিখে দুই থেকে ১০ টাকা পর্যন্ত বাড়তি আদায় করা হয়।প্রজ্ঞাপন জারির আগে নতুন ভাড়া কার্যকর করা যাবে না বলে সরকার জানালেও তা মানেননি বাসমালিক ও অটোরিকশাচালকেরা।প্রজ্ঞাপন জারির ফলে আজ বৃহস্পতিবার থেকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বড় বাসের ভাড়া প্রতি কিলোমিটারে এক টাকা ৫৫ ও মিনিবাসের ভাড়া এক টাকা ৪৫ পয়সা। এ ছাড়া বড় বাসে সর্বনিম্ন ভাড়া সাত টাকা। এত দিন মিনিবাসে (অধিকাংশই লোকাল) সর্বনিম্ন ভাড়া ছিল না। কিন্তু গতকালের প্রজ্ঞাপনে মিনিবাসে পাঁচ টাকা সর্বনিম্ন ভাড়া করা হয়েছে।নৈরাজ্য চলছে: সকালে মোহাম্মদপুর থেকে রামপুরায় চলাচল করা তরঙ্গ প্লাস পরিবহনের লালমাটিয়ার টিকিট কাউন্টারে দেখা যায় যাত্রীদের জটলা। তাদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হচ্ছিল টিকিট বিক্রেতার।কারণ জিজ্ঞেস করলে যাত্রীদের একজন তৈরি পোশাক কারখানার কর্মকর্তা আমির হোসেন বলেন, ‘সরকার নতুন ভাড়া ঘোষণা করলেও এখনো তা কার্যকর নয়। কিন্তু টিকিট কাউন্টারের লোকজন নতুন ঘোষিত ভাড়ার চেয়েও বেশি নিচ্ছে। এভাবে চললে যাত্রীদের মারামারিতে নামতে হবে।’তরঙ্গ প্লাস পরিবহনে লালমাটিয়া বা শংকর থেকে সিটি কলেজ পর্যন্ত ১২ টাকা আদায় করা হচ্ছে। এই পরিবহনের কাউন্টারে ১২ টাকার নিচে কোনো টিকিটই দেখা যায়নি।লালমাটিয়ায় তরঙ্গ প্লাসের পাশেই মৈত্রী, মিডওয়ে, মেগাসিটি, মালঞ্চ পরিবহনের টিকিট কাউন্টার। এই চারটি পরিবহনেও সর্বনিম্ন ভাড়া ১২ টাকা আদায় করা হয়।বিআরটিএর হিসাব অনুযায়ী, লালমাটিয়া থেকে সিটি কলেজের দূরত্ব ২ দশমিক ৪ কিলোমিটার। এই পথের ভাড়া গতকাল পর্যন্ত ছিল পাঁচ টাকা। নতুন ভাড়া কার্যকর হলে হবে সাত টাকা।এই পরিবহনগুলোতে এর পরের গন্তব্যগুলোর যে টিকিট আছে, সেগুলোতেও হাতে লিখে দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত বাড়িয়ে বিক্রি করতে দেখা গেছে।মোহাম্মদপুরের বাসিন্দা আবদুল খালেক খান বলেন, ‘সরকার যদি অটোরিকশা ও বাসের ভাড়া ঠিক করতে না পারে, তাহলে বলে দিক যে তারা পারবে না। তখন আমরা নিজেদের কপালের দোষ দিয়ে বসে থাকব, নতুবা মারামারি করে বেঁচে থাকব।’সর্বনিম্ন ভাড়া: সর্বনিম্ন ভাড়া শুধু বড় বাসের জন্য, নাকি মিনিবাসের জন্যও প্রযোজ্য হবে, সেই সিদ্ধান্ত সোমবারের বৈঠকে হয়নি। পরিবহন শ্রমিকনেতা ও নৌপরিবহনমন্ত্রী বৈঠকে বক্তব্যকালে বাস ও মিনিবাস দুটোর জন্যই সর্বনিম্ন ভাড়া প্রযোজ্য করার পক্ষে মত দেন। অথচ ওই বৈঠকের জন্য করা কার্যপত্রে ‘সর্বনিম্ন ভাড়া মিনিবাসের জন্য প্রযোজ্য নয়’ বলে উল্লেখ ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।যোগাযোগ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, মিনিবাসের জন্য সর্বনিম্ন ভাড়া প্রযোজ্য হবে না—প্রজ্ঞাপনে তা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছিল মন্ত্রণালয়। কিন্তু মালিকদের চাপে শেষ মুহূর্তে মিনিবাসেরও সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা করা হয়।অটোরিকশা: মোহাম্মদপুর থেকে ‘বাংলামোটর যাবেন?’ বলতেই চালক দরজা খুলে দিলেন। তবে অটোরিকশায় এক পা দিতেই চালক মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে ২০ টাকা অতিরিক্ত দাবি করলেন। প্রতিবেদক বাড়তি টাকা দাবির কারণ জানতে চাইলে চালক হোসেন মিয়া উল্টো প্রশ্ন করেন, ‘সবকিছুর দাম বাড়ছে জানেন না? সরকার গ্যাসের দাম অতিরিক্ত বাড়াইছে। গ্যাস কি সরকার বিদেশ থেইক্যা কিন্যা আনছে? দেশের গ্যাস কিনতে হইতাছে বেশি দাম দিয়া।’গতকালও অটোরিকশার যাত্রীদের ক্ষেত্রবিশেষে মিটারে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ টাকা দিতে হয়েছে।আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে দুপুরে বেসরকারি সংস্থায় কর্মরত লিটন কাঁঠালবাগানে যাওয়ার জন্য আধা ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে ছিলেন। কিন্তু কোনো চালকই রাজি হচ্ছিলেন না। লিটন প্রথম আলোকে বলেন, ‘তখন অবস্থা এমন ছিল যে চালক যা ভাড়া দাবি করতেন, তা-ই দিয়ে দিতাম।’ অবশেষে তিনি রিকশায় করে গন্তব্যের উদ্দেশে যাত্রা করেন।বাড়তি ভাড়া আদায় রোধ হয় না: প্রাপ্ত তথ্যে দেখা গেছে, ২০০৯ সালের জুলাই থেকে চলতি মে মাসের ১০ তারিখ পর্যন্ত বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৬ হাজার ৫৫৭টি মামলা করে। জরিমানা আদায় করে প্রায় দেড় কোটি টাকা। ৪৯০টি যানবাহন জব্দ করে এবং ১৯০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। কিন্তু বাড়তি ভাড়া আদায় রোধ হয় না।বিআরটিএর কর্মকর্তারা বলেছেন, বাসমালিক ও অটোরিকশার চালকেরা যাত্রীদের পকেট কেটে যে হারে টাকা নেন, সেই তুলনায় জরিমানা কিছুই না। সে জন্য বাড়তি ভাড়া আদায় বন্ধ হয় না। তাই অটোরিকশা ও বাসের রুট পারমিট বাতিল করা উচিত।ভাড়া বাড়ানোর বৈঠকে যোগাযোগমন্ত্রীও বাড়তি ভাড়া আদায়কারী যানের রুট পারমিট বাতিলের নির্দেশ দেন। এ বিষয়ে জানতে চাইলে বিআরটিএর চেয়ারম্যান আয়ুবুর রহমান খান প্রথম আলোকে বলেন, গতকালও ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১১টি বাস জব্দ করেছেন। জরিমানা আদায় হয়েছে প্রায় ৬০ হাজার টাকা। তিনি জানান, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে যানবাহনের রুট পারমিট দেয় পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি কমিটি। এতে বিআরটিএর প্রতিনিধিও আছেন। বাড়তি ভাড়া আদায়কারী যানবাহনের রুট পারমিট বাতিলের জন্য পুলিশের মহাপরিদর্শক বরাবর চিঠি দেওয়া হয়েছে।