বাসভাড়া নিয়ে সভায় কবরী-শামীম ওসমানের বাক্বিতণ্ডা
জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সামনেই বাসভাড়া নিয়ে এক সভায় বাক্বিতণ্ডায় জড়িয়ে পড়েন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের আওয়ামী লীগের সাংসদ সারাহ্ বেগম কবরী ও আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমান। বাকিবতণ্ডার একপর্যায়ে শামীম ওসমান সারাহ্ বেগম কবরীর দিকে তেড়ে যান। আজ শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক বৈঠকে এ ঘটনা ঘটে। সাংসদ কবরী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘জেলা প্রশাসক-পুলিশ সুপারসহ বৈঠকে উপস্থিত সবার সামনেই শামীম ওসমান তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। নিজের আসন ছেড়ে তাঁকে মারতে তেড়ে আসেন। এর আগে গত বছর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় শামীম ওসমানের বড় ভাই, নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমান জেলা প্রশাসকের সামনেই তাঁকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন। তবে শামীম ওসমান তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। জানা গেছে, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাসভাড়া কমানোর দাবিতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম আগামী ২০ জুন নারায়ণগঞ্জে অর্ধদিবস হরতাল ডেকেছে। হরতালের সমর্থনে গত এক সপ্তাহ যাবত্ নারায়ণগঞ্জে সভা-সমাবেশ ও মিছিল হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে আজ দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আঞ্চলিক পরিবহন কমিটির এক সভা শুরু হয়। বৈঠকে জেলা প্রশাসক মো. সামছুর রহমান, জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম, সারাহ্ বেগম কবরী, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবদুর রহমান, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ বাস-মিনিবাস ও কাভার্ডভ্যান, ট্রাক মালিক ঐক্য পরিষদের সভাপতি মুক্তার হোসেন, বন্ধন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম চেঙ্গিস, জেলা ছাত্রলীগের সভাপতি ও নসিব পরিবহনের চেয়ারম্যান এহসানুল হাসান, জেলা যুবলীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও শীতলক্ষ্যা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাসভাড়া কমানোর পক্ষে বক্তব্য দেন। এ সময় শামীম ওসমান তাঁর বক্তব্যের মাঝখানে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন এর প্রতিবাদ জানান। আনোয়ার হোসেনের বক্তব্য সমর্থন করেন কবরী। এ সময় শামীম ওসমান কবরীকে উদ্দেশ করে বলেন, ‘তুই চুপ কর’। কবরীও উত্তরে বলেন, ‘তুই চুপ কর’।একপর্যায়ে শামীম ওসমান নিজের চেয়ার ছেড়ে উঠে কবরীর দিকে তেড়ে যান এবং কবরী ও আনোয়ার হোসেনের সঙ্গে তুমুল বাকিবতণ্ডায় লিপ্ত হন। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে তুমুল হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় জেলা প্রশাসক মো. সামছুর রহমান নীরব ছিলেন।সাংসদ নজরুল ইসলাম বাবু ও পুলিশ সুপার শেখ নাজমুল আলম উভয়কে শান্ত করার পর পুনরায় বৈঠক শুরু হয়। এর পরই জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুলসংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। শামীম ওসমান ও কবরীর সমর্থকেরাও কার্যালয়ের বাইরে অবস্থান নিলে র্যাব-পুলিশ সদস্যরা তাঁদের নিয়ন্ত্রণে আনেন।নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র সেলিনা হায়াত আইভী বলেন, ডিসি-এসপির সামনে এ ধরনের ঘটনা দুঃখজনক।শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘আমরা হরতালের পক্ষে নই। তবে জনগণের স্বার্থের জন্য রাজনীতি করি। তাই বর্ধিত বাসভাড়া কমানোর দাবির প্রতি সমর্থন জানিয়েছি।’পুলিশ সুপার শেখ নাজমুল আলম বলেন, দুই পক্ষই উত্তেজিত হয়ে উঠলে তাদের শান্ত করি। সভার বাইরে দুই পক্ষের সমর্থকেরা উত্তেজিত হলে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়।পরে আবার সভা শুরু হয়। কিন্তু পরিবহন নেতারা বাসভাড়া না কমানোর সিদ্ধান্তে অনড় থাকেন। পরে কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়। তাই বাসভাড়া কমানোর দাবিতে ২০ জুন নারায়ণগঞ্জে আধাবেলা হরতাল কর্মসূচি বহাল থাকল।