বাসভাড়ার আলোচনায় জনস্বার্থ উপেক্ষিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে গতকাল রোববার দিনভর যোগাযোগ মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক বৈঠক করেছেন দুই মন্ত্রী ও এক পরিবহন নেতা। শেষে সন্ধ্যা সাড়ে সাতটায় যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সাংবাদিকদের বলেন, ‘ভাড়া এখনই বাড়বে না। তবে আমরা বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে মালিক-শ্রমিকদের কিছু দাবিদাওয়া মেনে নিয়েছি।’ বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত বিভিন্ন সময়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খোন্দকার এনায়েত উল্যাহর মধ্যে আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক এসব বৈঠক হয়েছে।সন্ধ্যায় যোগাযোগমন্ত্রী জানালেন, সিদ্ধান্ত হয়েছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভাড়া নির্ধারণসংক্রান্ত কমিটি ব্যয় বিশ্লেষণ করে শিগগিরই নতুন ভাড়ার হার ঠিক করবে। ডিজেলের দাম লিটারপ্রতি পাঁচ টাকা বাড়ায় বাসভাড়া কিলোমিটার প্রতি পাঁচ পয়সা বাড়ার কথা। এর আগেও তা-ই করা হয়েছিল। বিআরটিএর কর্মকর্তা এবং যাত্রীস্বার্থ নিয়ে কাজ করা ব্যক্তিদের আশঙ্কা ছিল, ব্যয় বিশ্লেষণ প্রক্রিয়ায় ফেলে বাসমালিকেরা খুচরা যন্ত্রাংশের মূল্যবৃদ্ধি, মুনাফা, রক্ষণাবেক্ষণ ব্যয়সহ তাঁদের নানা স্বার্থ হাসিল করবেন। গত শনিবার মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহও প্রথম আলোকে বলেছিলেন, তাঁরা শুধু জ্বালানির দাম বাড়া নয়, আরও ১৬টি বিষয় আমলে নিয়ে ভাড়া নির্ধারণ করার দাবি তুলবেন। গতকাল দুই মন্ত্রী বৈঠক করে মূলত এনায়েতের দাবির পক্ষেই সিদ্ধান্ত নিয়েছেন। বৈঠকে উপস্থিত নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি এবং তাঁর পরিবার পরিবহন ব্যবসা করে।যোগাযোগ মন্ত্রণালয়ের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাও নাম প্রকাশ না করার শর্তে বলেন, আনুপাতিক হারে ভাড়া না বৃদ্ধি করে ব্যয় বিশ্লেষণ করে ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত মূলত মালিকদের স্বার্থেই করা হয়েছে। কারণ, মালিকেরা এটাই চেয়েছিলেন। এতে মন্ত্রণালয়ের পক্ষে রাষ্ট্র বা জনগণের স্বার্থ আর সংরক্ষণ করা হলো না।জ্বালানির মূল্যবৃদ্ধির কয়েক দিন পর পরিবহন ভাড়া বাড়ানোর বিষয়টি বেশ কয়েক বছর ধরে যোগাযোগ মন্ত্রণালয়ে রেওয়াজে পরিণত হয়েছিল। এই সুযোগে বাসমালিকেরা ইচ্ছামতো ভাড়া বাড়িয়ে তা যাত্রীদের কাছ থেকে আদায় করে আসছিলেন। এ বিষয়ে লেখালেখির পর গত সেপ্টেম্বর মাসে সরকার জ্বালানির মূল্যবৃদ্ধির পরদিনই আনুপাতিক হারে পরিবহন খাতের ভাড়া বৃদ্ধির ঘোষণা দিয়েছিল। কিন্তু এবার জ্বালানির মূল্যবৃদ্ধির সময় আবার পুরোনো ধারায় ফিরে গেছে যোগাযোগ মন্ত্রণালয়। এটা করে ‘ব্যয় বিশ্লেষণের’ মতো মালিকস্বার্থ রক্ষার সুযোগ তৈরি করা হয়েছে। একই কারণে ইতিমধ্যে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্থানে বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ আসা শুরু হয়েছে। দিনভর যা হলো: পরিবহন খাতে ভাড়া পুনর্নির্ধারণ হতে পারে—এই বিষয় জানতে পেরে গতকাল সকাল থেকেই গণমাধ্যমের কর্মীরা যোগাযোগ মন্ত্রণালয়ে যান। সকাল ১০টার দিকে যোগাযোগমন্ত্রীর কক্ষে ঢোকেন খোন্দকার এনায়েত উল্যাহ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিআরটিএর চেয়ারম্যানসহ অন্য কর্মকর্তারা। এর কিছুক্ষণ পরই পৃথকভাবে আসেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। তাঁরা প্রায় এক ঘণ্টা আলোচনা করেন। বেরিয়ে যাওয়ার সময় বক্তব্য জানতে চাইলে নৌমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও মালিক সমিতির নেতা কেউ কোনো কথা বলেননি। যোগাযোগমন্ত্রীর কাছে বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘উনারা সবাই নিজ নিজ এজেন্ডা নিয়ে এসেছিলেন। আলোচনা হয়েছে। ভাড়াসংক্রান্ত বিষয় বিকেল সাড়ে চারটায় বৈঠক করে জানানো হবে।’ মালিক-শ্রমিক প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠনের প্রতিনিধিরা বিকেল সাড়ে চারটায় যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে উপস্থিত হন। এ সময় নৌপরিবহনমন্ত্রী আবারও যোগাযোগ মন্ত্রণালয়ে আসেন। তিনি বৈঠকে যোগ না দিয়ে যোগাযোগমন্ত্রীর দপ্তরে যান। এরপর বৈঠককক্ষ থেকে সেখানে ডেকে পাঠানো হয় বাস মালিক সমিতির নেতা খোন্দকার এনায়েত উল্যাহকে। সেখানে যোগাযোগমন্ত্রী, নৌমন্ত্রী ও এনায়েত উল্যাহ একান্তে আলোচনা করেন। অন্যবার ভাড়াসংক্রান্ত বৈঠকে সাংবাদিকেরা উপস্থিত থাকতেন। গতকাল টেলিভিশনের ক্যামেরাম্যান ও ফটোসাংবাদিকদের ছবি নেওয়ার পর বেরিয়ে যাওয়ার অনুরোধ করা হয়।যোগাযোগ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, বৈঠকে কী সিদ্ধান্ত হবে, কী কী আলোচনা হবে এবং গণমাধ্যমের কর্মীরা থাকবেন কি থাকবেন না—সব ঠিক হয়ে যায় নৌমন্ত্রী, যোগাযোগমন্ত্রী ও মালিক সমিতির সাধারণ সম্পাদকের বৈঠকে। একান্ত ওই বৈঠক আনুষ্ঠানিক না অনানুষ্ঠানিক জানতে চাইলে যোগাযোগমন্ত্রী বলেন, ‘এক মন্ত্রী যখন আরেক মন্ত্রীর সঙ্গে বৈঠক করে তখন আনুষ্ঠানিকই বলতে হবে। তবে নৌমন্ত্রীর বাড়ি ও আমার বাড়ি একই জেলায়। তাই নানা বিষয়ে আলোচনা হতে পারে।’ নৌমন্ত্রী সরকারের মন্ত্রী হিসেবে না পরিবহন নেতা হিসেবে বৈঠক করেছেন, জানতে চাইলে যোগাযোগমন্ত্রী বলেন, ‘নেতা নয়, মন্ত্রী হিসেবেই আমার সঙ্গে বৈঠক করেছেন।’ ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খোন্দকার এনায়েত উল্যাহ সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, ‘আমরা বলেছি, আগের ভাড়াই আদায় করব। দু-একজন বাড়তি ভাড়া আদায় করে থাকতে পারে। সে ধরনের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’বৈঠকে উপস্থিত একাধিক সরকারি কর্মকর্তা বলেন, বৈঠকে ভাড়া নির্ধারণের বিষয়ে তেমন আলোচনা হয়নি। বেশির ভাগ আলোচনা সীমাবদ্ধ ছিল সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ১১ দফা দাবিদাওয়া নিয়ে। কিন্তু সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে যোগাযোগমন্ত্রী ঘোষণা করে দেন, ব্যয় বিশ্লেষণ করে বিআরটিএর কমিটি ভাড়া সুপারিশ করবে। বিআরটিএর সূত্র জানায়, ডিজেলের মূল্য লিটারপ্রতি পাঁচ টাকা বৃদ্ধির কারণে প্রতি কিলোমিটারে মাথাপিছু ভাড়া বাড়ে পাঁচ পয়সা। আনুপাতিক হারের হিসাবে এই পাঁচ পয়সা ভাড়া বৃদ্ধি করে দিলেই ঝামেলা শেষ হয়ে যেত। ১১ দফা দাবি: গত ২৪ অক্টোবর মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশ থেকে ১১ দফা দাবি পেশ করা হয়। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দাবি ছিল টায়ার-টিউবের আমদানি শুল্ক কমানো। সরকার টায়ার-টিউবের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে বলে যোগাযোগমন্ত্রী গতকাল বৈঠক শেষে সাংবাদিকদের জানান।এ ছাড়া ১১ দফা দাবির মধ্যে যোগাযোগ মন্ত্রণালয়সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনা করে সুরাহা করা এবং আন্তমন্ত্রণালয় বিষয় থাকলে অন্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার ঘোষণা দেন যোগাযোগমন্ত্রী।