বাসযাত্রী বনাম কন্ডাক্টর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসযাত্রায় প্রায়ই যাত্রী আর কন্ডাক্টরের মধ্যে বচসা চোখে পড়ে। ভাড়া বেশি না কম, তা নিয়ে লোকাল বাসে নিত্য তর্ক-বিতর্ক লেগে থাকে। ভাড়ার বিষয়টি বাদ দিলেও আচার-ব্যবহারের গরমিলের কারণে যাত্রী ও কন্ডাক্টরের দ্বন্দ্ব কম নয়। এ ক্ষেত্রে ভদ্রতার বালাই নেই কারও মধ্যেই। বাসযাত্রায় কন্ডাক্টর তো বটেই, যাত্রীদেরও সহিষ্ণু হওয়া দরকার বলে মনে করেন সুধীজনেরা। তবে মোটরযান বিধি অনুসারে কন্ডাক্টরদের লাইসেন্স থাকলে তাঁরা উচ্ছৃঙ্খল আচরণ থেকে বিরত থাকতেন বলে মত দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এই প্রেক্ষাপটে নগরের বাসযাত্রী আর কন্ডাক্টরের সম্পর্ক নিয়ে লিখেছেন আলী আসিফ।এই সব দিনরাত্রি...‘রামপুরা থেকে কাকরাইলের ভাড়া কত?’ জানতে চান রুট ৪/এ বাসের একজন যাত্রী। এ প্রশ্নে কন্ডাক্টরের জবাব, ‘ক্যান, ছয় টাকা।’ ‘ওই মিয়া, মাথা ঠিক আছে? চার টাকার এক টাকাও বেশি দেব না।’ তেড়ে ওঠেন যাত্রী। এবার ফোড়ন কাটেন কন্ডাক্টর, ‘আপনের মাথা ঠিক নাই। ডাক্তার দেখাইয়েন। তার আগে ভাড়া দেন।’ ‘ওই ব্যাটা, তুই কি ইচ্ছামতো ভাড়া নিবি নাকি?’ যাত্রীর কণ্ঠের জোর বেড়ে যায়। বাসজুড়ে লেগে যায় ধুন্দুমার। কেউ যাত্রীর পক্ষে, কেউ পক্ষ নেয় কন্ডাক্টরের।নগরের লোকাল বাসের এটা নিয়মিত চিত্র। এ বিষয়ে ২২ নম্বর রুটের একটি বাসের কন্ডাক্টর আমিন মিয়া বলেন, ‘যেই যাত্রীগুলো ত্যাড়া, আমরা সেইগুলোরে দেখলেই চিনি। এরা ভাড়ার টাকা কম তো দেয়ই। লগে চিল্লাচিল্লি করতেও ছাড়ে না।’আমিনের কথা কেড়ে নিয়ে ওই বাসের এক যাত্রী বলে উঠলেন, ‘মিয়া, তোমরা আগে ব্যবহার ঠিক করো। দু-এক টাকা কমবেশি কোনো বিষয় নয়। মাঝেমধ্যে তোমাগো কথা শুনলে পিটাইতে মন চায়।’ জবাবে কন্ডাক্টরের উত্তর, ‘পিটাইতে তো পারবেন খালি আমাগোই।’মুখের ভাষা খারাপ করায় পিটুনি নয়, এক যাত্রীর চড় খেতে হলো ৩ নম্বর রুটের একটি বাসের কন্ডাক্টরকে। ঘটনা হচ্ছে, ঢাকায় নতুন এসেছে এমন এক যাত্রীর কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করতে চাচ্ছিলেন তিনি। ঝানু এক যাত্রী সেটা টের পেয়ে কন্ডাক্টরকে ধমক দিতেই কন্ডাক্টর তাঁকে গালি দিয়ে বসেন। তবে কন্ডাক্টরের গায়ে হাত তোলাকে কোনো কোনো যাত্রী সমর্থন দিতে পারছিলেন না।সুযোগ পেলে কন্ডাক্টররাও ছাড়েন না।এ বিষয়ে মিরপুরের বাসিন্দা মশিউর রহমান জানান, মিরপুরের সিটিং বাসগুলোতেও অনেক সময় দাঁড় করিয়ে যাত্রী নেওয়া হয়। যে যাত্রীরা এই অন্যায়ের প্রতিবাদ করেন, তাঁরা অনেক সময় বিপদে পড়েন। যদি রাতের বেলায় মিরপুর ১১, ১২ নম্বর সেকশনের দিকে যাত্রীটি বাসে একা হয়ে পড়েন, তবে বাসের কর্মীরা মিলে তাঁকে মারধর করেন।এদিকে যাত্রীদের অনাচারের কথা বললেন একাধিক কন্ডাক্টর। তাঁদের অভিযোগ, ভাড়া আদায় করার পর যদি দ্বিতীয়বার ভাড়া চাওয়া হয়, তবে অনেক যাত্রী খারাপ ব্যবহার করেন। তাঁরা বুঝতে চান না, সারা দিন শত শত মানুষের সঙ্গে কাজ করে সব সময় মনে রাখা যায় না, ভাড়া নেওয়া হয়েছে কি না।বিধিতে আছে, বাস্তবে নেই লাইসেন্সমোটরযান বিধিমালা ১৯৮৪-এর অধ্যায়-৩-এ বলা হয়েছে, লাইসেন্স ছাড়া কোনো কন্ডাক্টর পরিবহনে যাত্রী ও মালামাল পরিবহনের কাজ করতে পারবেন না। অথচ নগরের বাসের কন্ডাক্টরদের কারও লাইসেন্স নেই। বাসকর্মী, পরিবহন ব্যবসায়ী ও বিআরটিএর অনেকেই জানেন না, কন্ডাক্টরের জন্য লাইসেন্স লাগে। এ বিষয়ে ৬ নম্বর রুটের একটি বাসের কন্ডাক্টর রিয়াদ বলেন, ‘কন্ডাকটারগো আবার লাইসেন্স কিসের? আপনার কাছেই এই কথা প্রথম শুনলাম।’পরিবহন ক্ষেত্রে শৃঙ্খলা বিধানে কন্ডাক্টরদের লাইসেন্স দরকার বলে মনে করেন ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের পরিচালক সালেহউদ্দীন। তিনি বলেন, ‘কন্ডাক্টরি যে সম্মানজনক পেশা তারা এটা তখনই বুঝবে, যখন তাদের একটা লাইসেন্স থাকবে।’এদিকে লোকাল বাসগুলোতে কন্ডাক্টররা ভাড়া আদায় করলেও টিকিট কাউন্টারভিত্তিক বাসে নেই কোনো কন্ডাক্টর। কাউন্টার থেকে টিকিট কেটে যাত্রীরা বাসে উঠে পড়ছেন। এ বিষয়ে অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানির (এবিসি) সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘এখন অনেক বাস আছে, যেগুলো টিকিট কাউন্টারের মাধ্যমে চলে। সেখানে আসলে কন্ডাক্টরের দরকার পড়ছে না।’প্রায় একই সুরে কথা বললেন বাংলাদেশ সড়ক ও পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পরিচালক (কারিগরি বিভাগ) কর্নেল আখতার কামাল। তিনি বলেন, ‘আমরা বিআরটিসির বাস কন্ডাক্টরবিহীন করতে চাচ্ছি।’মোটরযান বিধিমালায় কন্ডাক্টরদের লাইসেন্স করার কথা থাকলেও বাস্তবে তা কারও নেই। এ বিষয়ে বিআরটিএর চেয়ারম্যান আয়ুবুর রহমান বলেন, ‘বিষয়টি আমাদের জানা ছিল না। তবে এখন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। পরিবহনের মালিকদের সঙ্গে বৈঠকেও বিষয়টি তোলা হবে।’ভাড়া আদায়ের কাজে শিশু!হাতে দুটি ৫০০ টাকার নোট। তার ওপর রয়েছে কয়েকটি ১০০ টাকা। এভাবে বড় থেকে ছোট অঙ্কের টাকার নোটগুলো হাতে সাজিয়ে ভাড়া তুলছিল এক শিশু। হাফ শার্ট পরা এই শিশুর বয়স ১০ বছর হয়েছে বলেও মনে হয় না। তাকে কন্ডাক্টরের কাজ করতে দেখা যায় মিরপুর-গুলিস্তান রুটের ইটিসি পরিবহনে। তার মতো অনেক শিশুকেই বাসে এ কাজে দেখা যায়। চলন্ত বাসে দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে গিয়ে শিশুদের শারীরিক বিকাশ রুদ্ধ হওয়ার পাশাপাশি তারা জীবনের ঝুঁকির মুখেও পড়ছে। অথচ যাত্রীদের নিরাপদ চলাচলে বাসের কন্ডাক্টরকেও গুরুদায়িত্ব পালন করতে হয়। তাই মোটরযান বিধিমালার ১৯৮৪-এর ৪০ নম্বর বিধি অনুযায়ী একজন সুস্থ-সবল ও উপযুক্ত বয়সী প্রার্থীই কন্ডাক্টর হওয়ার আবেদন করতে পারবেন। এ প্রসঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উপপরিচালক (প্রকৌশলী বিভাগ) শেখ মোহাম্মদ মাহবুব ই রব্বানি বলেন, ‘বিধিমালার সঙ্গে সাংঘর্ষিক এমন কাউকে বাসের কন্ডাক্টর রাখাই বেআইনি।’