বাসযাত্রীদের ক্লান্তিকর অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই তো গাড়ি এসে গেছে। একটু অপেক্ষা করেন, গাড়ি টাঙ্গাইল ছেড়ে চলে এসেছে। আসামাত্র গাড়ি ছেড়ে দেব।’অপেক্ষায় থাকতে থাকতে অতিষ্ঠ যাত্রীদের এমন আশ্বাস শুনিয়ে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখছেন বাস কোম্পানির লোকেরা। কাল শনিবার রাজধানীর গাবতলী, কল্যাণপুর ও শ্যামলী এলাকা ঘুরে যাত্রী ও বাস কোম্পানির ব্যবস্থাপকদের অসহায় পথ চেয়ে থাকার করুণ চিত্র দেখা গেছে।মহাসড়কে যানজটের কারণে কাল উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগামী বাস ছয় থেকে সাত ঘণ্টা দেরিতে ছেড়েছে। শিশুদের নিয়ে খোলা আকাশের নিচে অপেক্ষা করতে করতে অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েন।বাস কোম্পানির লোকজন জানান, যানজটের কারণে শুক্রবার অনেক বাস যেতে পারেনি। যাত্রীদের গতকাল সকালের বাসে পাঠানো হয়েছে। তাই গতকালের যাত্রীদের অপেক্ষায় থাকা ছাড়া উপায় নেই। বিশেষ করে, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া ও রংপুরসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার যাত্রীদের দুর্ভোগের অন্ত নেই। বাস কোম্পানির কর্মীরা জানান, টাঙ্গাইল পার হতেই সাত থেকে আট ঘণ্টা লেগে যাচ্ছে।কাউন্টারগুলোতে যাত্রীদের বসার জায়গা অপ্রতুল হওয়ায় অনেকে রাস্তায় পত্রিকা বিছিয়ে বসে পড়েন। গাবতলী বাস টার্মিনালে কাল দুপুর সাড়ে ১২টার দিকে কথা হয় শফিউল আলমের সঙ্গে। তাঁর সঙ্গে দুই ছেলেমেয়ে ও স্ত্রী। এস আর পরিবহনে বগুড়া যাওয়ার জন্য তিনি সকাল সাড়ে আটটার বাসের জন্য টিকিট কেটেন। বাসা থেকে এসেছেনও সময়মতো; কিন্তু যাত্রা হয়নি। কাউন্টারে জিজ্ঞেস করলেই বলছে, ‘এই তো এসে গেছে।’মেহেরপুর যাওয়ার জন্য সকাল ছয়টায় গাজীপুর থেকে গাবতলী বাস টার্মিনালে এসে অবস্থান নেন একটি পোশাক কারাখানার কর্মী শাহ আলম, মনির হোসেন ও জহির উদ্দিন। বাস চলে যেতে পারে ভেবে তাঁরা ভোরেই এসেছেন। কিন্তু দুপুর একটায়ও বাসের খবর নেই।কল্যাণপুরে শ্যামলী পরিবহনের কাউন্টারের সামনে বেলা সাড়ে ১১টায় কথা হয় দেলোয়ার হোসেনের সঙ্গে। তিনি জানান, তাঁর পরিবারের কয়েকজন শুক্রবারের বাসের টিকিট কেনেন। কিন্তু যানজটের কারণে শুক্রবার যাওয়া হয়নি। গতকাল সকালে তাঁরা নওগাঁর পথে রওনা দেন।এত যানজট জেনেও আগে আসেন কেন, এমন প্রশ্নের জবাবে দেলোয়ার বলেন, ‘শুক্রবার যানজট ছিল। শনিবার যদি যানজট না থাকে আর বাস চলে যায়, তখন তো আরও সমস্যায় পড়ব। তাই চলে এসেছি।’শ্যামলী পরিবহনের কল্যাণপুর কাউন্টারের কর্মী মো. আনিস বলেন, সকালে কিছু বাস ছেড়ে গেছে। বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা বাস না পৌঁছানো পর্যন্ত যাত্রীদের অপেক্ষা করতেই হবে। আগের দিনের অনেক যাত্রীই আটকা পড়ে আছেন বলে জানান তিনি। মহাসড়কে যানজটে নাকাল হলেও কাল রাজধানী ঢাকার সড়ক ছিল অনেকটা ফাঁকা। ঘরমুখী মানুষ দ্রুতই দূরপাল্লার বাস কাউন্টার ও বাস টার্মিনালে পৌঁছান। শ্যামলীতে ঈগল পরিবহনের কাউন্টারের সামনে রামপুরার জান্নাতুল ফেরদৌস জানান, তিনি বেলা ১১টার দিকে অটোরিকশা নিয়ে এসেছেন। পথে যানজট পাননি।