বাসযাত্রীদের দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
মহাসড়কে যানজটের কারণে ঠিক সময়ে গাড়ি ছাড়ছে না। ভোগান্তিতে পড়তে হয়েছে ঘরমুখী মানুষকে। টার্মিনালে নির্ধারিত গাড়ির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে দুর্গতির শিকার হচ্ছে যাত্রীরা।গতকাল শুক্রবার বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, সকালে টার্মিনালেই বাসের অপেক্ষায় যাত্রীদের নাজেহাল অবস্থা। যাত্রীদের অপেক্ষা বা বসার জন্য কোনো সুব্যবস্থা নেই। গায়ে গা লাগিয়ে তৈরি করা ছোট কাউন্টারগুলোতে মানুষ দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই। অভিজাত পরিবহনগুলোর কাউন্টারে কয়েকটি চেয়ার থাকলেও তাতে কুলাচ্ছে না। বাইরে বৃষ্টি, ভেতরে গুমোট। অগত্যা কাদার ওপরই ব্যাগ রেখে তার ওপর বসেছে কেউ কেউ। গাবতলী: সকালে বৃষ্টির মধ্যে গাড়ির অপেক্ষায় স্ত্রী-সন্তান নিয়ে গাবতলীতে বসে থাকা আব্বাস কাদেরী জানান, তিনি খুলনা যাওয়ার জন্য শ্যামলীর আগাম টিকিট কিনেছিলেন। গাড়ি ঠিক সময় আসেনি। পাঁচ বছরের ছেলে সামিন অসুস্থ হয়ে পড়েছে বলে জানান তিনি। বৃদ্ধ মাকে ব্যাগের ওপর বসিয়ে ঝিনাইদহের গাড়ির জন্য অপেক্ষা করছিলেন সিরাজুল কবির।সকাল সাড়ে সাতটায় দিনাজপুরের উদ্দেশে ঢাকা ছেড়ে যাওয়ার কথা হানিফ এন্টারপ্রাইজের। কিন্তু দিনাজপুর থেকে রাতে ছেড়ে আসা হানিফের গাড়ি নির্ধারিত সময়ে ঢাকায় এসে পৌঁছাতে পারেনি। ফলে সাড়ে সাতটার গাড়ি ঢাকা থেকে রওনা হয়েছে পৌনে তিন ঘণ্টা দেরিতে, সোয়া ১০টায়।একই অবস্থা উত্তরবঙ্গগামী অন্যান্য পরিবহনের বাসগুলোর। ঢাকা-রংপুর, ঢাকা-দিনাজপুর এবং ঢাকা-ঝিনাইদহ রুটের গাড়িগুলো গড়ে দুই থেকে সোয়া দুই ঘণ্টা দেরিতে ফিরছে। খুলনা থেকে ছেড়ে এসে প্রায় তিন ঘণ্টা দেরিতে পৌঁছেছে এ কে পরিবহন। চালক রাশেদুল আমিন বলেন, মহাসড়কে গর্ত ও ভাঙাচোরার কারণে স্বাভাবিক গতিতে গাড়ি চালানো যাচ্ছে না। ধীরগতির কারণে দীর্ঘ যানজট হচ্ছে। নির্ধারিত সময়ে টার্মিনালে ফেরা যাচ্ছে না।সোহাগ পরিবহন কাউন্টারের মো. জাহিদ বলেন, বিধ্বস্ত রাস্তা আর যানজটের কারণে গাড়ি এখনই ‘শিডিউল মিস’ করছে। কিন্তু ঈদের আগমুহূর্তে বাড়ি ফেরা যাত্রীর সংখ্যা বাড়ে। তাই বিকল্প ব্যবস্থা রাখার কথা চিন্তা করা হচ্ছে।তবে টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে প্রতি ঘণ্টায় লোকাল বাস ছেড়ে গেছে।এদিকে যাত্রীদের নিরাপত্তার জন্য টার্মিনালগুলোতে পুলিশ-র্যাব মোতায়েন করা হলেও, যাত্রীদের পকেট কাটা হচ্ছে। ব্যাগও খোয়াচ্ছেন অনেকে। টার্মিনালেই ভ্যানিটি ব্যাগ হারিয়েছেন সেবিকা রুখসানা বেগম। বাড়ির জন্য সঞ্চিত অর্থ, মুঠোফোন ও গাড়ির টিকিট হারিয়েছেন তিনি। এ বিষয়ে টার্মিনালের পুলিশের কাছে নালিশ করেও কোনো ফল হয়নি বলে তিনি অভিযোগ করেন। যাত্রীদের অনেকেই জানালেন, তাঁদের কারও কারও পকেটমার হয়েছে। আইনশৃঙ্খলার এসব বিষয় নিয়ে জানতে চাইলে র্যাবের উপপরিদর্শক আমীর হামজা বলেন, ‘আমাদের কাছে এ ধরনের অভিযোগ কেউ করেনি। আমাদের টিম এ বিষয়গুলোতে খেয়াল রাখবে। কিন্তু যাত্রীরা সচেতন না হলে এত বড় টার্মিনালের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া একটু কঠিনই হবে।’ তবে বিকেলের চিত্র কিছুটা ভিন্ন। পৌনে তিনটায় গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে খুব একটা ভিড় দেখা যায়নি। বেশ কিছু কাউন্টার বলতে গেলে ফাঁকা। কিছু কাউন্টার থেকে টিকিট কিনতে যাত্রীদের ডাকা হলেও সেখানে ভাড়া বেশি নেওয়া হচ্ছে।ভিড় না থাকার কারণ কী? উত্তরাঞ্চলগামী বাস রোজিনা এন্টারপ্রাইজের গাবতলী কাউন্টারের ব্যবস্থাপক আমিরুল ইসলাম বলেন, ‘টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। নির্ধারিত সময়সূচি (শিডিউল) অনুযায়ী কোনো বাসের টিকিট আর নেই। যাত্রীরা এখন তাঁদের সময়সূচি অনুযায়ী এসে বাসে উঠছেন। তাই কাউন্টারে ভিড় নেই। তবে আমরা নির্ধারিত বাসের পাশাপাশি কয়েকটি অতিরিক্ত বাসের ব্যবস্থা রেখেছি। সেগুলোতে এখনো টিকিট বিক্রি হচ্ছে।’ ঈদের আগাম টিকিটের মধ্যে ২৮ থেকে ৩০ আগস্ট পর্যন্ত টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। এগুলো আগেই বিক্রি হয়ে গেছে।সোহাগ পরিবহনের গাবতলী কাউন্টারের কর্মচারী জাকির হোসেনও একই তথ্য জানান। সাধারণত উত্তরাঞ্চলগামী যাত্রীরা সকালে ও রাতে বেশি যান বলে এ সময় ভিড় বেশি হয়। তাঁরা নির্ধারিত চেয়ারকোচের অতিরিক্ত কিছু সাধারণ মানের বাসের ব্যবস্থা করেছেন।গাবতলী টার্মিনালের বেশির ভাগ বাসের আগাম টিকিট বিক্রি শেষ হয়ে গেলেও কিছু বাসে এখনো বেশি ভাড়ায় টিকিট মিলছে। ফরিদপুরগামী আজমিরী বাস কাউন্টারে গেলে দেখা যায়, একজন যাত্রী ২১০ টাকায় একটি টিকিট কিনেছেন। জানতে চাইলে তিনি জানান, টিকিটের নির্ধারিত মূল্য ছিল ১৬০ টাকা। সোহাগ পরিবহনের ভাড়াও বেশি ধরা হয়েছে। খুলনাগামী চেয়ারকোচের ভাড়া আগে যেখানে ছিল ৪০০ টাকা, ঈদে তা করা হয় ৪৫০ টাকা। সাধারণ বাসে আগে ছিল ২৫০ টাকা, এখন ৩৫০ টাকা।ঈগল পরিবহনের কাউন্টারের পাশেই টিকিট কিনে বসে ছিলেন মশিউর রহমান নামের এক যাত্রী। যাবেন যশোর। তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘৩৫০ টাকার ভাড়া নিচ্ছে ৫০০ টাকা।’ এ রকম বেশি ভাড়া নেওয়ার চিত্র প্রায় সব কাউন্টারেই। যাত্রীরাও বাধ্য হয়ে সেই ভাড়া গুনছেন। মহাখালীতে সকালে ভিড়, বিকেলে ফাঁকা: মহাখালী বাস টার্মিনাল থেকে বেশির ভাগ বাস যায় বৃহত্তর ময়মনসিংহ, বগুড়া, সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের কিছু এলাকায়। সেখানে সরেজমিন গিয়ে জানা যায়, সকালের দিকে প্রচুর ভিড় থাকলেও বিকেলে ছিল ফাঁকা। ময়মনসিংহে বেশি মানুষ যায় এনা এন্টারপ্রাইজে। সেখানকার কাউন্টারের দায়িত্বরত ব্যক্তিরা জানান, সকালে প্রচুর ভিড় ছিল। কিন্তু বিকেলে ভিড় নেই। এই রুটে রাস্তা খারাপ থাকায় বাস পৌঁছাতে সময় বেশি লাগছে। এ ছাড়া নেত্রকোনাগামী রফরফ, শেরপুরগামী ড্রিমল্যান্ড, সিরাজগঞ্জগামী অভি বাসের কাউন্টারেও একই চিত্র, একই তথ্য। সায়েদাবাদ: সায়েদাবাদ টার্মিনাল থেকে সকালেই বিভিন্ন গন্তব্যে এস আলম, হানিফ, ইউনিক, সৌদিয়ার বাস ছেড়েছে। নির্ধারিত সময়সূচি মেনেই এই টার্মিনাল থেকে বাস ছেড়েছে বলে জানান হানিফ কাউন্টারের জসিম। তবে কুমিল্লা-নোয়াখালী, ফেনীর যাত্রীদের ভোগান্তি হয়েছে বাসে ওঠা নিয়ে।নরসিংদীর যাত্রী হাসান বলেন, তিনি ১২টার বাস পাবেন এই ভেবে সাড়ে ১১টায় সায়েদাবাদ এসেছেন। সোয়া তিনটায়ও বাস ছাড়েনি।শ্যামলী কাউন্টারের হাশেম জানান, চট্টগ্রামের মিরসরাই থেকে সীতাকুণ্ড পর্যন্ত রাস্তা একদমই ভাঙা। কুমিল্লার গৌরীপুর থেকে কোনো রকমে ধীরগতিতে পার হওয়া যায়। আর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম রোডের দাউদকান্দি পর্যন্ত যানজট ছাড়তে সময় লাগছে চার থেকে সাড়ে চার ঘণ্টা। এতে ঢাকা-চট্টগ্রাম পাঁচ ঘণ্টার পথ এখন শেষ হতে লাগে ১০-১২ ঘণ্টা। এ ছাড়া রাজধানী থেকে বরিশাল-বাগেরহাট মহাসড়কের প্রায় ১৬ কিলোমিটার রাস্তা নষ্ট। কিশোরগঞ্জ রুটের অবস্থাও একই রকম। এর সঙ্গে যানজটের কারণে গাড়ি তো নড়েই না।