বাসযাত্রীদের সব লুটে নিল ডাকাতেরা
ঢাকা থেকে কুমিল্লায় ফেরার পথে যাত্রীবেশী ডাকাতের কবলে পড়ে টাকা, মুঠোফোনের সেটসহ মূল্যবান কাগজপত্র খুইয়েছেন কুমিল্লার ৩৪ জন যাত্রী। গতকাল সোমবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।ডাকাতের কবলে পড়া যাত্রী ইঞ্জিন-মিস্ত্রি জাকির হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ঢাকার সায়েদাবাদ থেকে রাত সাড়ে আটটার দিকে প্রিন্স পরিবহনের বাসটি ছেড়ে আসে। মেঘনা সেতু পার হওয়ার পর যাত্রীবেশী একদল ডাকাত বাসটির চালক ইব্রাহীমের মাথায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে বাসটির নিয়ন্ত্রণ নেয়। এ সময় ধারাল অস্ত্র দিয়ে কয়েকজন যাত্রীকেও আঘাত করে এবং পিটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ৩৪ যাত্রীর কাছ থেকে মুঠোফোনের সেট, টাকাসহ প্রায় কয়েক লাখ টাকার মালামাল লুটে নেয় তারা।রাত সাড়ে ১০টায় বাসটি দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর পশ্চিম অংশে থামিয়ে ডাকাত দল চলে যায়। পরে বাসচালক ইব্রাহীমকে (৩৫) দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়।বাসচালকের সহকারী শরীফ জানান, ডাকাতের দল মেঘনা সেতু পার হওয়ার পর বাসের সব জানালা বন্ধ করে ও পর্দাগুলো টেনে দেয়। বাসটি দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর পশ্চিম অংশে পাখি চত্বর এলাকা পর্যন্ত নিয়ে গিয়ে আবার ঘুরে মেঘনা সেতুর দিকে যায়। মেঘনা সেতুর পূর্ব পাশে গিয়ে ডাকাতেরা আবার বাসটি নিয়ে কুমিল্লার দিকে রওনা হয়ে মেঘনা-গোমতী সেতুর পশ্চিম পাশে নেমে পড়ে।দাউদকান্দি থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ও সৌরজিত বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বাসটি দাউদকান্দি থানা পুলিশের হেফাজতে আছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।