বাসযোগ্য নগরী: শেষের দিকে ঢাকা, শীর্ষে মেলবোর্ন
বিশ্বের সবচেয়ে বাসযোগ্য নগরীর তালিকার এক নম্বরে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়ার শহর মেলবোর্ন। প্রায় এক দশক ওই তালিকার শীর্ষে ছিল কানাডার ভ্যাঙ্কুভার নগরী। গ্লোবাল লিভেবিলিটি সার্ভে অনুযায়ী এবার ভ্যাঙ্কুভারের স্থান হয়েছে তিন নম্বরে। দ্বিতীয় অবস্থানে আছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান রয়েছে তালিকার একেবারে শেষের দিকে। ১৪০টি শহরের মধ্যে ঢাকা আছে ১৩৯ নম্বরে। তালিকার শেষের দিকে আছে ভারতের মুম্বাইয়ের নামও।বিশ্বের ১৪০টি শহরের মধ্যে পরিচালিত জরিপে দেখা যায়, অস্ট্রেলিয়া ও কানাডার শহরগুলোই তালিকার শীর্ষস্থানগুলো দখল করে রেখেছে। শীর্ষ ১০টি মধ্যে সাতটি শহরই এ দুটি দেশের। তালিকার চতুর্থ স্থানে আছে টরন্টো, পঞ্চম ক্যালগেরি, ষষ্ঠ সিডনি, সপ্তম হেলসিংকি, অষ্টম পার্থ, নবম অ্যাডিলেড, দশম অকল্যান্ড।বিবিসি জানায়, জরিপে বাসযোগ্য শহরের তালিকা নির্ধারণে পাঁচটি বিষয়কে বিবেচনা করা হয়েছে। এগুলোর হলো নগরের স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো। দ্য ইকনমিস্টের ইনটেলিজেন্স ইউনিট বিশ্বের ১৪০টি শহরে ওই জরিপ পরিচালনা করে। তারা বলেছেন, ইউরোপের দেশগুলোতে আর্থিক মন্দা এবং আরবের গণ-বিস্ফোরণের কারণে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার দেশগুলো তালিকার ওপরে স্থান পায়নি। তবে তালিকায় লন্ডন আছে ৫৩ নম্বরে, হনলুলু ২৬ নম্বরে।জরিপের প্রতিবেদন প্রস্তুতকারী সম্পাদক জন কোপসটেক এক বিবৃতিতে বলেছেন, অস্ট্রেলিয়ায় জনসংখ্যার ঘনত্ব যেমন কম, তেমনি দেশটিতে অপরাধের হারও কম। এ কারণেই মেলবোর্ন বিশ্বের বাসযোগ্য শহরের তালিকার এক নম্বরে স্থান পেয়েছে। তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ায় জীবনযাত্রার ব্যয় বেড়ে গেলেও এখনকার মানুষের জন্য কর্তৃপক্ষ যে সব সুযোগ-সুবিধা দিয়েছে, তা খুবই আকর্ষণীয়।২০০২ সালে গ্লোবাল লিভেবিলিটি সার্ভেতেও ভ্যাঙ্কুভারের সঙ্গে মেলবোর্ন যৌথভাবে এক নম্বরে ছিল। নতুন জরিপ প্রকাশের খবরে মেলবোর্নের মেয়র রবার্ট ডোয়েল বলেছেন, ‘আমি খুবই উচ্ছ্বসিত। এক দশকের মধ্যে প্রথমবারের মতো আমরা এক নম্বর নগরীর মর্যাদা পেলাম।’