বাসরলতার ফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ উদ্যান। প্রবেশমুখেই দেখি, কালি-দা আর বাগান পরিচর্যাকারী ফারুক কাতানি দিয়ে সমানে ঘাস ছেঁটে চলেছেন। পুরো বাগানটাই অগোছালো। শীতের শুরু বলেই এমন হতশ্রী অবস্থা। চারদিকে ঝরাপাতার মেলা। মৌসুমি ফুলের চারা লাগানো হয়েছে। কদিন পর এগুলোর ওপর ঝাঁপিয়ে পড়বে প্রজাপতির দল। বাগানও তার হারানো সৌন্দর্য ফিরে পাবে। তবে এই মুহূর্তে বাগান প্রায় ফুলশূন্য বলা যায়। আমি ঘুরে চলি। গাছ থেকে পেয়ারা ছিঁড়ে খাই। তারপর মাখনার ছোট চৌবাচ্চার সামনে এসে থমকে দাঁড়াই। এখানে একটি লতাগাছের ওপর দৃষ্টি আটকে যায়। ঝুলে থাকা লম্বা লতানো গাছে ফুল ফুটে আছে। আমি ক্যামেরা বের করে ফটাফট ছবি তুলি। তারপর বের হয়ে দ্রুত ফুলার রোডের কাছে ব্রিটিশ কাউন্সিলের দিকে যাই। এখানেও একই ধরনের লতাগাছ রয়েছে। দেয়ালের ওপর ঝুলে আছে।এই ফুলগাছের নাম বাসরলতা। দু-তিন ফুট লম্বা ঝুলন্ত ছড়ি। আর ঝুলন্ত ছড়িতে অসংখ্য লাল-বেগুনি ফুল সাজানো বাসরঘরের কথাই মনে করিয়ে দেয়। দক্ষিণ ভারতের মহীশুরে আদি বাসস্থান। এই লতাগাছের সঙ্গে আমার প্রথম দেখা ঢাকার টিকাটুলীর কাছে সাধু সেন্ট যোসেফের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে। বহুদিন আগের কথা। কয়েক বছর আগে কর্তৃপক্ষ গাছটি কেটে ফেলেছে। আসলে এদের বাড়াবাড়ি একটু বেশি—অন্য গাছ বা দেয়াল অবলম্বন করে ছুটতেই থাকে। বিষয়টি মনে হয় কর্তৃপক্ষের পছন্দ হয়নি! তারপর গত বছর ঢাকার নবাবগঞ্জের দোহারের কাছে হাসনাবাদের জপমালা দেবীর গির্জায় আবার দেখা হয়। এখানে আবার যত্ন যেন একটু বেশি। চমৎকার মাচার ওপর ঝুলে আছে। তা ছাড়া অনেক আগে প্রথম আলোর মাদকবিরোধী অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে এখানকার উদ্ভিদ উদ্যানেও গাছটির সঙ্গে দেখা হয়েছিল। সব মিলে এই লতাগাছটি আমাদের দেশে খুব একটা বেশি দেখা যায় না। আর ঢাকা শহরে জাতীয় উদ্ভিদ উদ্যান আর ব্রিটিশ কাউন্সিলের সামনের রাস্তায় ছাড়া এর দেখা আর কোথাও পাওয়া যায়নি।বাসরলতার উদ্ভিদবিজ্ঞানীয় নাম Thunbergia mysorensis। Acanthaceae পরিবারের সদস্য। শক্ত প্রকৃতির লতানো গাছ। ১০-১৫ সেন্টিমিটার লম্বা, পাতা বিপরীত এবং প্রায় ডিম্বাকৃতি। শীতকালে প্রায় তিন ফুট লম্বা ছড়িতে লাল-বেগুনি পাপড়ির ফুল ফোটে। পাতলা খোসা দ্বারা আবৃত মুখের রং হালকা হলুদ। এর বাংলা কোনো নাম আছে কি না, জানি না। তবে ফুল অনেক দিন ঝুলে থাকে। আর এই ঝুলে থাকার জন্যই আমাদের দেশের কোথাও কোথাও একে বলা হয়ে থাকে বাসরঘরের ফুল। আবার কোথাও কোথাও বাসরলতা নামেও ডাকা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ উদ্যানে আমাকে ফুলের ছবি তুলতে দেখে কয়েকজন শিক্ষার্থী এর নাম শুনে বলেই ফেললেন, তাঁরা বিয়ের সময় বাসরলতা দিয়ে নিজেদের বাসরঘর সাজাবেন।