বাসশ্রমিকদের হামলায় ছাত্রের মৃত্যু, অর্ধশত গাড়ি ভাঙচুর
অকালে ঝরে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্রের প্রাণ। মারা গেলেন তিনি পরিবহনশ্রমিকদের হামলায়। নিহত মোহাম্মদ রেদোয়ান (২৫) বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে এ বছর স্নাতক চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের ৩০৪ নম্বর কক্ষে থাকতেন তিনি। বাড়ি বরিশালের পলাশপুর ইউনিয়নের ভান্ডারিয়া গ্রামে।রেদোয়ানের মৃত্যুর খবর গতকাল রোববার সকালে ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ ছাত্ররা দিনভর ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অন্তত অর্ধশত গাড়ি ভাঙচুর করেছেন। এ সময় ক্যাম্পাস এলাকাসহ শাহবাগে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। হামলার সময় পুলিশের সঙ্গে ছাত্রদের কয়েক দফা সংঘর্ষ হয়। আহত হয় পাঁচজন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে জানান, শনিবার রাতে হিমালয় পরিবহনের শ্রমিকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারামারি হয়। একপর্যায়ে রেদোয়ান আহত হন। শনিবার রাত দুইটায় তিনি মারা যান। এ খবর শুনে সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিক্ষোভ ও ভাঙচুর চালান। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। হিমালয় পরিবহনের একটি বাসের চালককে আটক করা হয়েছে। যেভাবে সূত্রপাত: আরবি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ওজায়ের হোসাইন প্রথম আলোকে বলেন, গত শনিবার এফ রহমান হলের আরবি বিভাগের ছাত্রদের সংগঠন ‘অ্যারাবিক সোসাইটি’র পক্ষ থেকে ১৫ জন ছাত্র সোনারগাঁয়ে বেড়াতে যান। মদনপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ বাসে তাঁরা ওঠেন। সন্ধ্যা ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওই বাসের সহকারী ও চালকের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়ে নারায়ণগঞ্জ থেকে আবদুল্লাহপুরগামী হিমালয় পরিবহনের কর্মীরা। এ সময় শিক্ষার্থীরা নেমে এসে প্রতিবাদ জানালে হিমালয় পরিবহনের ২০-২৫ জন কর্মী ছাত্রদের ওপর হামলা চালায়। আহত ছাত্রদের নিয়ে বাসটি বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা দেয়। ছাত্ররা জানান, তাঁরা মোবাইলে ঘটনাটি এফ রহমান হলের বন্ধুদের জানালে ২০-২৫ জন ছাত্র মতিঝিলের দিকে রওনা দেন। রাত সাড়ে আটটার দিকে তাঁরা মতিঝিলে পৌঁছান। এরপর সবাই মিলে হিমালয় পরিবহনের একটি বাস (জ-১৪২০৩৫) থামিয়ে যাত্রীদের নামিয়ে দেয় এবং বাসটি ক্যাম্পাসে নিয়ে যাওয়ার জন্য চালককে চাপ দেয়। এ সময় হিমালয় ও অন্য পরিবহনের ৩০-৩৫ জন কর্মী তাঁদের ওপর হামলা চালায়। অধিকাংশ ছাত্র অন্য বাসে উঠে চলে আসতে সক্ষম হলেও রেদোয়ানসহ ছয়-সাতজন বাসে উঠতে পারেননি। ছাত্ররা দাবি করেছেন, খবর পেয়ে পুলিশ এসে রেদোয়ান ও জিসানকে আটক করে। কিন্তু পরিবহন শ্রমিকেরা পুলিশের কাছ থেকে দুজনকে ছিনিয়ে নিয়ে মারধর শুরু করে। একপর্যায়ে রেদোয়ানকে একটি চলন্ত ট্রাকের নিচে নিক্ষেপ করা হয়। তবে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তফাজ্জল হোসেন দাবি করেছেন, ‘বাসের যাত্রীরা ছাত্রদের ওপর হামলা চালাতে গেলে রেদোয়ান দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। তখন টিকাটুলীর দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়েন তিনি। এতে তিনি গুরুতর আহত হন। পরে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।’বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে ম সাইফুল ইসলাম জানান, ঢাকা মেডিকেলে পরিস্থিতির অবনতি হলে রেদোয়ানকে রাতে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত দুইটা পাঁচ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সকালে তাঁর লাশ নিয়ে আসা হয় বারডেমের হিমাগারে।হামলায় গুরুতর আহত আরবি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র জহিরুল হক জিসানকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।ক্যাম্পাসে বিক্ষোভ-ভাঙচুর: রেদোয়ানের মৃত্যুর খবরে গতকাল সকাল থেকে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আরবি বিভাগের ছাত্ররা সকালে ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁদের সঙ্গে যোগ দেন বিভিন্ন হলের সাধারণ ছাত্ররা। একপর্যায়ে তাঁরা রড ও লাঠি নিয়ে শাহবাগের দিকে এগিয়ে যান। বেলা পৌনে ১১টার দিকে ছাত্ররা শাহবাগ এলাকায় একের পর এক গাড়ি ভাঙতে শুরু করেন। একপর্যায়ে শাহবাগ মোড় ছাড়িয়ে মৎস্য ভবন, কাঁটাবন ও শেরাটনের সামনে পর্যন্ত ছাত্ররা এলোপাতাড়ি যাত্রীবাহী বাস ও কারে হামলা চালান, পাইকারি হারে ভাঙচুর করেন। একাধিক প্রাইভেটকারে থাকা নারীযাত্রীরা ছাত্রদের অনুরোধ করেও গাড়ি রক্ষা করতে পারেননি। একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাঙা কাচের টুকরায় ঢেকে যায় কালো পিচঢালা রাস্তা। হামলার সময় ভীতসন্ত্রস্ত্র যাত্রীরা পড়িমরি করে বাস থেকে নামতে গিয়ে আহতও হন। নারী-শিশু-বৃদ্ধ যাত্রীদের আতঙ্কিত মুখ মানুষের নজর কাড়ে। কিন্তু ছাত্ররা সে দিকে ভ্রূক্ষেপও করেননি। লাশ আসেনি ক্যাম্পাসে: বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে রেদোয়ানের জানাজা হওয়ার কথা ছিল। কিন্তু ক্যাম্পাসে উত্তেজনার খবর পেয়ে তাঁর লাশ ক্যাম্পাসে আনা হয়নি। এ ঘটনায় ক্ষুব্ধ ছাত্ররা আবার ভাঙচুরের জন্য নীলক্ষেতেরে দিকে এগিয়ে যান। তখন পুলিশ বাধা দিলে ছাত্ররা ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। পুলিশ একপর্যায়ে কাঁদানে গ্যাসও ছোড়ে। হলের প্রাধ্যক্ষ আজিজুর রহমান বলেন, কর্তৃপক্ষ রেদোয়ানের লাশ ক্যম্পাসে আনতে চেয়েছিল। কিন্তু ক্যাম্পাসে মারামারির খবর পেয়ে তাঁর পরিবারের লোকজনই লাশ বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ছাত্রলীগের বাধা: শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে সংঘর্ষ চলাকালীন প্রক্টর বা কোনো সদস্যকে পাওয়া যায়নি। কিন্তু ছাত্ররা বিক্ষোভ ও ভাঙচুর শুরু করলে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হলের নেতারা ছাত্রদের বাধা দেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, এফ রহমান হলের সামনে সাধারণ ছাত্ররা বিক্ষোভ প্রদর্শনকালে ছাত্রলীগের জহুরুল হক হল শাখার সভাপতি রিয়াজউদ্দিন চৌধুরী তাঁর সমর্থকদের নিয়ে এসে হলের ফটকে অবস্থান নেন। তিনি বিক্ষোভরত ছাত্রদের গালাগাল করেন এবং তাঁদের শিবিরকর্মী বলে চিহ্নিত করেন।তবে রিয়াজউদ্দিন বলেছেন, ‘কিছু ছাত্র উপাচার্যের বাসভবনে হামলার জন্য প্রস্তুতি নিলে তিনি তাঁদের থামান এবং তাঁরা শিবিরকর্মী কি না জানতে চান।’ প্রক্টর অফিসে ভাঙচুর: বেলা একটার দিকে এফ রহমান হলের ছাত্ররা প্রক্টরের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে দিতে কলাভবনের প্রক্টরের কার্যালয়ে দিকে যান। বেলা সোয়া একটার দিকে কলাভবনের নিচতলার কয়েকটি বিভাগের জানালার কাচ ও প্রক্টর অফিসে ভাঙচুর চালান তাঁরা। এরপর তাঁরা উপাচার্যের কার্যালয়ের দিকে যান। এ সময় ছাত্রদের শান্ত করেন সহ-উপাচার্য হারুন অর রশীদ। তিনি বলেন, ‘পুলিশের সামনে ছাত্রটি অনেকক্ষণ রক্তাক্ত অবস্থায় পড়েছিল বলে শুনেছি। পুলিশ ইচ্ছা করলে তাকে সঙ্গে সঙ্গে চিকিৎসা দিতে পারত।’ তদন্ত কমিটি: ঘটনার পর গতকাল সন্ধ্যায় জরুরি সিন্ডিকেট সভা বসে। সভা শেষে সিন্ডিকেট সদস্য আখতারুজ্জামান প্রথম আলোকে জানান, ঘটনা তদন্তে সহ-উপাচার্যকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তাদের ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। মৃতের পরিবারকে দুই লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব করা হয়েছে সিন্ডিকেটে। পরিবহন মালিক সমিতির বক্তব্য: ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ প্রথম আলোকে জানান, ৪০টিরও বেশি বাস ভাঙচুর করা হয়েছে। চালক বা সহকারীর সঙ্গে কোনো সমস্যা হলে ছাত্ররা তা কর্তৃপক্ষকে জানাতে পারতেন। তা না করে ভাঙচুরের মধ্য দিয়ে জানমালের যে ক্ষতি করা হয়েছে, তা দুঃখজনক। তিনি দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু পরিবহনকর্মীদের মারধরে হয়নি। ট্রাকের নিচে পড়ে তিনি মারা গেছেন।