বাসা ছাড়ার আগে...
ঈদের ছুটিতে সবাই গেছে গ্রামের বাড়ি। তাই শহরের বাসায় ঝুলছে তালা। অবশ্য এক ফাঁক গলে ঢুকে পড়েছে চোর। নির্জন বাসায় দু-তিন দিন লাগিয়ে আরামে চুরিকর্ম সেরেছে সে। রান্নাঘরে ঢুকে একফাঁকে চা তৈরি করেও খেয়েছে। গত ঈদুল ফিতরে পুরান ঢাকার বংশালের এক বাসায় ঘটেছে এমন ঘটনা।নতুন জামা-জুতা কেনা, এগুলো মোড়কবন্দী করা, যানবাহনের টিকিট কাটা—সব মিলিয়ে গ্রামের বাড়ি যাওয়ার ব্যস্ততা। কিন্তু ঢাকায় যে বাসাবাড়ি ফেলে যাচ্ছেন, তার নিরাপত্তার কথা কি কিছু ভাবছেন? কেননা, ঈদে নির্জন ঢাকায় চোর-ডাকাতের উৎপাত বাড়ার আশঙ্কা থাকে। তাই বাসাবাড়ি ছাড়ার আগে প্রতিটি কক্ষের দরজা-জানালা নাজুক আছে কি না, তা পরীক্ষা করে দেখতে হবে। কোনো সমস্যা থাকলে অবশ্যই দরজা-জানালা মেরামত করে সুরক্ষিত করা উচিত। বাসা ছাড়ার আগে আলো-বাতাস আসার ফোকরগুলো বন্ধ করতে হবে। কেননা বৃষ্টির মৌসুমে বৃষ্টির পানি ঢুকে পড়তে পারে বাসায়। আবার এগুলো গলেও কোনো রকমে ভেতরে ঢুকে পড়তে পারে চোর।বাড়িওয়ালা কিংবা ভাড়াটে বলে কোনো কথা নেই, বাসা ছাড়ার আগে দেখতে হবে বৈদ্যুতিক বাতি-পাখা, পানির কল, গ্যাসের চুলা ঠিকমতো বন্ধ করা হয়েছে কি না। এর উল্টোটা হলে কী হয়, তা জানালেন মিরপুরের বাসিন্দা নূর মোহাম্মদ। তিনি বলেন, ‘একবার ঈদের ছুটিতে সপরিবারে গ্রামের বাড়িতে যাচ্ছি। বাসা ছাড়ার সময় বিদ্যুৎ ছিল না। তাই লাইট আর ফ্যান বন্ধ করার কথা মনে ছিল না। এক সপ্তাহ পর্যন্ত এগুলো সচল ছিল। কেবল লোডশেডিংয়ের সময় এগুলো বন্ধ ছিল।’ পানির কল বন্ধ না করলে বিপদ আরও বেশি। কেননা, এতে পুরো বাসা পানিতে সয়লাব হয়ে যেতে পারে। আবার অবাধে পানি পড়তে থাকলে পানির ট্যাংক একটু পরই শূন্য হয়ে পড়বে। এতে পানিস্বল্পতায় ভুগতে হবে বাড়ির অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দাদের। আর গ্যাসের চুলা বন্ধ না করলে বড় রকমের অগ্নিকাণ্ডের আশঙ্কা থেকে যায়।এদিকে বাসা ছাড়ার আগে অবশ্যই বাসায় থাকা স্বর্ণালংকার, দলিল-দস্তাবেজ, নগদ অর্থ নিরাপদ হেফাজতে রাখতে হবে। এ ক্ষেত্রে ব্যাংকের লকারে এগুলো রাখা যেতে পারে। বাসাকে নিরাপদ রাখতে এর দরজায় নিরাপত্তা অ্যালার্ম লাগানো যেতে পারে। এ ছাড়া দরজা ও মূল ফটকে একাধিক তালা ব্যবহার করা উচিত।যাদের গাড়ি আছে, বাসা ছাড়ার আগে তাদের গাড়ির নিরাপত্তার কথাও ভাবতে হবে। এ ক্ষেত্রে গাড়ির গ্যারেজ সুরক্ষিত করতে হবে। বাড়ি যাওয়ার আগে গাড়ি গ্যারেজে রেখে গেলে এর কাগজপত্র যাতে গাড়ির ভেতরে না থাকে। এগুলো অন্য কোনো জায়গায় রাখতে হবে। গাড়ি চুরি প্রতিরোধে অটোমেটিক অ্যালার্ম, স্টিয়ারিং লক ও জিপিএস প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। গাড়িচালকের ছবিসহ নাম-পরিচয় সংরক্ষণ করতে হবে। তাকে গাড়ির নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে হবে। আর চালক যদি ঈদের ছুটিতে বেড়াতে যান, তবে আনাড়ি কারও হাতে গাড়ি চালানোর দায়িত্ব দেওয়া ঠিক হবে না। এতে দুর্ঘটনায় গাড়ির ক্ষতি হতে পারে।বাসা ছাড়ার আগে প্রতিবেশী ভাড়াটে ও বাড়িওয়ালাকে জানিয়ে যাওয়াই উচিত। খালি বাসার দিকে তাঁদের নজরদারি রাখার কথা বলতে হবে। নিরাপত্তা বিষয়ে ঈদের আগে অবশ্যই প্রতিটি বাসার দারোয়ান ও নিরাপত্তাপ্রহরীদের আরেক দফা সচেতন করা উচিত। আর জরুরি প্রয়োজনে সাহায্য পেতে সবারই উচিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সব সেবা সংস্থার টেলিফোন ও মুঠোফোন নম্বর সংগ্রহ ও সংরক্ষণ করা। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ঈদের নির্জন নগরের নিরাপত্তায় কী করবে, জানতে চাইলে ডিএমপির সহকারী কমিশনার (অপারেশন) সাইফুল্লাহ বিন আনোয়ার জানান, ঈদে নগরের প্রতিটি রাস্তা ও এলাকায় টহল পুলিশ বাড়ানো হবে। এ ছাড়া সাদা পোশাকেও পুলিশি প্রহরা থাকবে। আর চুরি-ডাকাতির কোনো অভিযোগ পেলে তাদের ধরতে যথাযথ উদ্যোগ নেবে পুলিশ।