বাসা থেকে ডেকে নিয়ে যুবলীগ কর্মীকে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে কাজী জহিরুল ইসলাম ওরফে বাবু (৩৪) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার রাজধানীর মিরপুর থানার মনিপুর এলাকায় এ ঘটনা ঘটে। জহিরুল ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী ছিলেন। তবে পুলিশের দাবি, নিহত জহিরুল অপরাধজগতের সঙ্গে যুক্ত। অন্তর্দ্বন্দ্বের জের ধরে নিজ দলীয় সন্ত্রাসীদের হাতে তিনি খুন হয়েছেন।পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, জহিরুল সপরিবারে ৭৫৪ মধ্য মনিপুরে থাকতেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় দুর্বৃত্তরা তাঁকে বাসা থেকে ডেকে মনিপুর তালতলা মসজিদের পাশে নিয়ে বুকে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে মিরপুর ১০ নম্বরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পান্থপথের শমরিতা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিজেকে যুবলীগ নেতা দাবি করে জহিরুলের বড় ভাই কাজী তাজুল ইসলাম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, স্থানীয় চিহ্নিত ছিনতাইকারী এমদাদুল হক ওরফে গন্ডার ও তার সহযোগীরা মুঠোফোনে জহিরুলকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করেছে। তিনি বলেন, দুই-তিন বছর আগে ছুরিকাঘাতে স্থানীয় এক যুবককে আহত করার ঘটনায় এমদাদুলকে পুলিশে ধরিয়ে দিয়েছিলেন জহিরুল। এমদাদুল সম্প্রতি জেল থেকে জামিন নিয়ে বেরিয়ে আসে এবং জহিরুলকে হত্যা করে। তাজুল ইসলাম দাবি করেন, জহিরুল যুবলীগের রাজনীতিতে যুক্ত থাকার পাশাপাশি তাঁদের মুদি ব্যবসা দেখাশোনা করতেন। তাঁদের বাবার নাম কাজী সিরাজুল ইসলাম। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান প্রথম আলো ডটকমকে বলেন, সন্দেহভাজন খুনি এমদাদুলকে এক মাস আগে একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু ১৫ দিনের মাথায় সে জামিনে জেল থেকে বেরিয়ে এসে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ে জড়িয়ে পড়ে। নিহত জহিরুল ও এমদাদুল একই সন্ত্রাসী দলের সদস্য। ছিনতাই ও ডাকাতির টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে এই হত্যার ঘটনা ঘটেছে। জহিরুল কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন বলেও দাবি করেন ওসি।