নীলক্ষেত ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার কোয়ার্টারে ইডেন কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রের মেয়েরা ভাড়া থাকেন। কোয়ার্টারে প্রতি রুম (বড়) ভাড়া দেওয়া হয় ছয় থেকে আটজন মেয়েকে, প্রতি ছোট রুম ভাড়া দেওয়া হয় তিন থেকে চারজন মেয়েকে। এক বছর আগে বড় রুমের জন্য প্রত্যেক মেয়েকে দিতে হতো এক হাজার ৫০০ ও ছোট রুমের জন্য এক হাজার ৩০০ টাকা। কিন্তু এক বছরের মধ্যেই তিনবার ভাড়া বাড়ানো হয়েছে। এখন বড় রুমের প্রত্যেককে গুনতে হচ্ছে দুই হাজার টাকা এবং ছোট রুমের প্রত্যেককে দিতে হচ্ছে এক হাজার ৮০০ টাকা। বাড়ির মালিকেরা অর্থাৎ যাঁরা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী তাঁরা মেয়েদের ওপর দিন দিন বিভিন্ন অজুহাতে বাসা ভাড়া বাড়িয়ে একটি চাপ সৃষ্টি করছেন। বর্ধিত বাসা ভাড়া দিতে রাজি না হলে বাসা ছেড়ে চলে যাওয়ার নোটিশ দেওয়া হয়। শুধু তা-ই নয়, গৃহকর্ত্রী মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহারও করে থাকেন। আমাদের এ সমস্যার হাত থেকে রক্ষা করতে যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছি। উল্লেখ্য, এসব কোয়ার্টারের একটি কমিটি আছে এবং কমিটির সবাই এক জোট হয়ে ভাড়া বাড়াচ্ছে। জুন মাস থেকে বাসা ভাড়া বাড়ানো হবে বলে শোনা যাচ্ছে। মিলিনীলক্ষেত, ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকাউত্তর নীলক্ষেত, ঢাকা।