ঢাকা শহরের কাক এখন মহাব্যস্ত বাসা বানানোর কাজে, কালো কোকিলেরাও মহাখুশি কাকের বাসাগুলো দেখে—ডিম পাড়া যাবে ওই সব বাসায়। পাতিকাক নাকি ভীষণ ধূর্ত, সেই ধূর্ত পাখিকেও সুপরিকল্পিতভাবে ফাঁকি দিয়ে তাদের বাসায় ডিম পেড়ে যায় কোকিলেরা। এ কাজে অবশ্য মুখ্য ভূমিকা পালন করে কোকিল মহাশয়। কাকেদের বাসা বাঁধতে দেখলে কোকিলের মতো খুশি হয় কি অন্য কোনো পাখি!ফাল্গুন থেকে শুধু কাক নয়, ঢাকা মহানগরের বুলবুল, দোয়েল, ভাতশালিক, কাঠশালিক, ঝুঁটিশালিক, টুনটুনি, মৌটুসি, নীলটুনি—এসব পাখিও বাসা বানানোর কাজে এতই ব্যস্ত হয়ে পড়ে যে ওদের দম ফেলার ফুরসতও বুঝি মেলে না।এই মহানগরে কাকেদের বাসা বানানোর জায়গার অভাব নেই। বুলবুল, টুনটুনি, মৌটুসি, নীলটুনিদেরও বাসা বানানোর জায়গার অভাব পড়ে না, কিন্তু বাসা বাঁধার জায়গার সংকটে ভোগে দোয়েল-শালিকেরা। এরা সবাই বাসা করে কোটরে, ফোকরে ও ফাটলে। ঢাকা শহরে গাছ আনেক। ওসব গাছে কিছু কোটর-ফোকরও আছে, কিন্তু পাখির সংখ্যার চেয়ে তা এতই অপর্যাপ্ত যে এসব পাখি বাসা করার জন্য এমন সব বিকল্প জায়গা বেছে নেয়, যা দেখে আশ্চর্য না হয়ে পারা যায় না। আর ঢাকা মহানগরও যেন ওদের বাসার জন্য পর্যাপ্ত পরিমাণে বিকল্প জায়গা তৈরি করে রেখেছে। ছয় বছর ধরে এই মহানগরে বাংলাদেশ ওয়ার্ল্ড লাইফ ক্লাব একটা জরিপ চালাচ্ছে। তাতে সংগ্রহ করা তথ্য বিশ্লেষণ করে আমরা দেখতে পাচ্ছি যে গ্রামের চেয়ে ঢাকা শহরই এখন কোটর-খোঁড়লে বাসা করা পাখির জন্য অতি আদর্শ তথা জুতসই জায়গা। তাই তো এসব পাখির অনেকেই এখন ঢাকা শহরের স্থায়ী বাসিন্দা হয়ে গেছে। বাসা বাঁধার মৌসুমে অনেক পাখিই এই শহরে আসে শুধু বাসা করার জন্য।খিলগাঁওয়ের বিদ্যুৎ অফিস চত্বরে একটি বড়সড় গোলাকার ধরনের লাইটিং শেডের ভেতরে (কিছুটা ভেঙে গেছে) বাসা করে দোয়েল অথবা কাঠশালিক। খিলগাঁও রেলগেটের কাছের দুটি স্টিলের বৈদ্যুতিক খাম্বার অতি ছোট ফোকরে (ঢুকতে-বেরোতে দারুণ কষ্ট হয়) প্রতি মৌসুমে বাসা করে কাঠশালিকেরা। এই শহরের বহু দালানের অকেজো অ্যাডজাস্ট ফ্যানের শেডের ভেতরে বাসা করে দোয়েল-শালিকেরা। সড়কবাতির ভাঙা বা আলগা হওয়া শেডের ভেতরেও বাসা করে উল্লিখিত পাখিরা। গত ছয় বছরের জরিপে আমরা দেখেছি যে পাইপ, পথের পাশের খুঁটিতে স্থাপিত টেলিফোন বক্স, গোলাকার বা চৌকা বড় বাল্বের ভেতরেও বাসা করে উল্লিখিত পাখিরা। এ ছাড়া দরদালানের ফাঁক-ফোকরে, ভেন্টিলেটরেও বাসা করে। এমন এমন অসম্ভব জায়গায় এরা বাসা করে যে দেখলে বিশ্বাসই হতে চায় না। বাসা যদিও তৈরি করতে পারে, কিন্তু তাতে বসত করাটা যে খুব সুবিধাজনক নয়, তা দেখলেই বোঝা যায়।ঢাকা শহর ওদের প্রাকৃতিক জায়গাগুলো অনেকাংশে কেড়ে নিলেও ইট-পাথর-ইস্পাত-লোহা দিয়ে আবাসনের ক্ষতিপূরণ করে কিছুটা। এসব পাখি বহু বছর ধরেই বিকল্প বসতির সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছে। সেখানেই ডিম-ছানা তুলছে। আমার বিচারে অনেক উদ্বাস্তু-উন্মূল মানুষের শেষ ঠিকানাটা যেমন এই ঢাকা মহানগর, তেমনি বহু পাখির (যাদের বাসা বাঁধার জায়গার সংকট) শেষ ঠিকানা এখন আমাদের এই মহানগর ঢাকা। খোদ মতিঝিল এলাকায়ও এখন দেখা মিলবে বুলবুল ও ঝুঁটিশালিকের বাসা (ঝুঁটিশালিকের ইংরেজি নাম জাঙ্গল ময়না) জঙ্গল নয়, ঢাকাতেই ওরা বাসা করে শত শত। গ্রাম বা প্রাকৃতিক বনে অত জায়গা কই?