বাসাবোতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
রাজধানীর বাসাবো এলাকায় গতকাল সোমবার গভীর রাতে আইরিন আকতার (২০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল দিবাগত রাত পৌনে দুইটার দিকে আইরিনের স্বামী কামরুল হাসান অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিত্সক আইরিনকে মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা হাবিলদার আবদুস সালাম জানান, আইরিনের মৃত্যুর বিষয়টি রহস্যজনক। কামরুল হাসানের কথাবার্তা অসংলগ্ন হওয়ায় তাঁকে আটক করা হয়েছে।আটকের পর কামরুল হাসান সাংবাদিকদের বলেন, ‘গতকাল রাতে স্ত্রীর জন্য কোমল পানীয় আনতে বাসার বাইরে যাই। ফিরে এসে বাসার দরজা বন্ধ দেখতে পাই। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে আইরিনকে ওড়না পিছিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখি। সেখান থেকে নামিয়ে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে আসি।’ কামরুল দাবি করেন, তাঁর স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।হাসপাতাল সূত্র জানায়, আইরিন তাঁর স্বামী কামরুল হাসানের সঙ্গে ১/৪ উত্তর বাসাবোর বাসায় থাকতেন।