বাসার ভাড়াটে গ্রেপ্তার, রক্তমাখা পাজামা ও ফতুয়া উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে নারী মুক্তিযোদ্ধা আনোয়ারা আবেদীন চৌধুরী (৫৮) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর বাসার ভাড়াটে মাদ্রাসাছাত্র মো. উসমান গণিকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষ্মণশ্রী ইউনিয়নের জানিগাঁও গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। উসমানের বাড়ি থেকে গতকাল একটি ল্যাপটপ ও ভিডিও ক্যামেরা উদ্ধার করা হয়। এর আগে সিলেটে উসমানের ভাড়া করা ঘর থেকে রক্তমাখা পাজামা ও ফতুয়া উদ্ধার করে পুলিশ।সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে গতকাল সন্ধ্যায় উসমানকে সাংবাদিকদের সামনে হাজির করে সংবাদ সম্মেলন করে পুলিশ। মহানগর পুলিশ কমিশনার আফতাব আহমদ লিখিত বক্তব্যে বলেন, উসমান গণি খুনের দায় স্বীকার করেছেন। ২ ডিসেম্বর বিকেলে তিনি আনোয়ারার বুকে ও পিঠে ছুরিকাঘাত করে হত্যা করেন। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। খুনের কারণ, হত্যাকাণ্ডে আর কেউ জড়িত কি না—তদন্তের স্বার্থে তা প্রকাশ করেনি পুলিশ। উসমানকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি।পুলিশ জানায়, সিলেট নগরের লামাবাজার পুলেরপাড় এলাকায় পাঁচতলাবিশিষ্ট নিজ বাড়ির দোতলায় থাকতেন নারী মুক্তিযোদ্ধা ও জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের ক্রয় বিভাগের ব্যবস্থাপক আনোয়ারা। বাড়ির বাকি কক্ষগুলো ছিল ভাড়া। নিচতলার একটি কক্ষে থাকতেন উসমান। গত ৩০ অক্টোবর উসমান বাড়ি ভাড়া নেন এবং ভাড়ার চুক্তিনামায় উল্লেখ করেন, তিনি সুনামগঞ্জের জানিগাঁওয়ের বাদরপুর মাদ্রাসা থেকে গত বছর আলিম পরীক্ষা দেন। সিলেটে যুব উন্নয়ন অধিদপ্তরের তিন মাসের একটি প্রশিক্ষণের জন্য মা ও তাঁর এক ভাইকে নিয়ে বাসায় থাকবেন। চুক্তিনামায় উসমানের বাবার নাম ও পরিচয় দেওয়া হয়নি। তবে মুঠোফোনের নম্বর ছিল।পুলিশ কমিশনার আফতাব জানান, হত্যাকাণ্ডের সাত দিন পর ৯ ডিসেম্বর আনোয়ারার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এতে আঘাতের চিহ্ন ও আলামত নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল। তদন্তে নেমে পুলিশ আনোয়ারার বাড়ির সব ভাড়াটের তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখে, ভাড়াটে উসমান নেই। একপর্যায়ে উসমানের কক্ষের তালা ভেঙে রক্তমাখা একটি পাজামা ও ফতুয়া উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়, আনোয়ারার ঘাতক এই কক্ষেরই বাসিন্দা।পুলিশ কর্মকর্তা জানান, ভাড়ার চুক্তিনামায় দেওয়া ঠিকানায় খোঁজ নিয়ে এবং মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে উসমানের অবস্থান জানতে পারে পুলিশ। গতকাল ভোর পাঁচটার দিকে জানিগাঁওয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। হত্যা মামলার আসামি হিসেবে উসমানের নাম অন্তর্ভুক্ত করে তাঁকে থানাহাজতে রাখা হয়েছে।সংবাদ সম্মেলনে পুলিশ খুনের কারণ সম্পর্কে কিছু না বললেও একটি সূত্র জানায়, মাদ্রাসাছাত্র হওয়ায় উসমানকে স্নেহের দৃষ্টিতে দেখতেন আনোয়ারা। উসমান যেকোনো প্রয়োজনে আনোয়ারার বাসায় যাতায়াত করতেন। এমনকি রান্নাবান্নাও করে আনতেন। মালিকের সঙ্গে উসমানের এমন সম্পর্কে ভাড়া থাকা অন্য পরিবারের সদস্যরা উসমানকে সমীহ করতেন। নভেম্বরের শুরুতে উসমানের সঙ্গে ওই বাসার এক গৃহকর্মীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠায় উসমানের ওপর অসন্তুষ্ট ছিলেন আনোয়ারা। এই নিয়ে তিনি বেশ কয়েকবার উসমানকে সতর্ক করেও দেন। এটিও খুনের কারণ হতে পারে বলে পুলিশ ধারণা করছে।তবে এ ব্যাপারে পুলিশ কমিশনার আফতাব প্রথম আলোকে বলেন, ‘খুনিকে পাওয়া গেছে। এখন খুনের কারণ উদ্ঘাটন কোনো বিষয় নয়। আমরা কারণ পেয়েছি। তদন্তের স্বার্থে এখন সব বলা যাবে না।’সংবাদ সম্মেলনে কমিশনার ছাড়াও অতিরিক্ত পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া, উপকমিশনার রেজাউল করিম, আনোয়ারা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ উপস্থিত ছিলেন।এদিকে জানিগাঁওয়ে খোঁজ নিয়ে জানা গেছে, উসমানের বাবা পাঁচ বছর আগে মারা গেছেন। তাঁর বাবা দুই বিয়ে করেছেন। উসমান তাঁর মা ও এক ভাইকে নিয়ে আলাদাভাবে বাস করতে সিলেটে আনোয়ারার বাসা ভাড়া নিয়েছিলেন। সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সুফিয়ান প্রথম আলোকে জানান, লক্ষ্মণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালে তিনি উসমানের পরিবারকে চিনতেন। উসমান জানিগাঁওয়ের বাদরপুর মাদ্রাসা থেকে আলিম পাস করে বছর খানেক ধরে সিলেটে ছিলেন। গ্রামের ও পরিবারের লোকজন জানতেন, উসমান সিলেটে চাকরি করছেন।