বাসায় ঢুকে ইডেন কলেজের ছাত্রীকে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে আজ দুপুরে ইডেন কলেজের এক ছাত্রীকে বাসায় ঢুকে ছুরি মেরে হত্যা করেছে তার দূর সম্পর্কের আত্মীয় এক যুবক। হত্যার পর নিজেকে পুলিশের কাছে সমর্পণ করে খুনি তারিকুজ্জামান কবির। খুন হওয়া মোহসিনা রব্বানী মেনকা (২৬) ইডেন কলেজ থেকে এ বছর বাংলায় স্নাতক (সম্মান) পাস করে স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তির অপেক্ষায় ছিলেন।পুলিশের ধারণা, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে কবির। সে নিজেও এ রকম দাবি করলেও মেনকার পরিবারের সদস্যরা বলছেন, তাঁরা তা জানতেন না। মেনকাদের ভাড়া বাসা মিরপুর থানার মধ্য পাইকপাড়ার ২৯/২/এ নম্বরে। এ বাসায়ই নিজের ঘরে খুন করা হয় তাঁকে।খুনি কবির মেনকার ছোট খালা জেসমিনের দেবর। সম্পর্কে তাঁর মামা। সেই সম্পর্কের সুবাদে মেনকাদের বাড়িতে তার যাতায়াত ছিল।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে, প্রেমে প্রত্যাখ্যাত হয়েই এ ঘটনা ঘটিয়েছে কবির। তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ব্যবহূত রক্তাক্ত ছুরিটি।মেনকার মা হাসিনা রব্বানী প্রথম আলোকে বলেন, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কোচিং সেন্টারে পড়াতেন মেনকা। আজ বেলা দুইটার দিকে ক্লাস নিয়ে বাসায় ফেরেন তিনি। এর কিছুক্ষণ পরই কবির আসে।হাসিনা জানান, ঘটনার সময় তিনি তাঁর ঘরে শুয়ে ছিলেন। মেনকা ও কবির বসার ঘরে কথা বলতে থাকে। ঘুমের ওষুধ খাওয়ায় কিছুক্ষণের মধ্যেই প্রায় ঘুমিয়ে পড়েছিলেন হাসিনা। হঠাত্ পাশের ঘর থেকে মেনকার আর্তচিত্কারে তাঁর ঘুম ভেঙে যায়। হাসিনা উঠে দেখেন, বসার ঘর খালি। মেনকার ঘরের দরজা বন্ধ। ততক্ষণে আর্তনাদ থেমে গেছে। তিনি ঘরের দরজায় ধাক্কা দিয়ে তা খুলতে বলেন। তখন ভেতর থেকে কবির বলে, ‘মেনকা আর নাই। আমি মাইরা ফালাইছি। আপনি পুলিশ ডাকেন। পুলিশ না আইলে আমি দরজা খুলব না।’এরপর হাসিনা চিত্কার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। মিরপুর থানায় ফোন করা হয়। পুলিশ আসার পর দরজা খুলে দেয় কবির। ততক্ষণে মেনকা আর বেঁচে নেই। ঘরের এক কোনায় পড়ে ছিল তাঁর রক্তাক্ত নিথর দেহ।ঘটনাস্থলে প্রথমে পৌঁছানো পুলিশের সহকারী উপপরিদর্শক মো. শরীফ প্রথম আলোকে বলেন, তিনি পুলিশের লোক হিসেবে পরিচয় দেওয়ার পর কবির দরজা খোলে। উপস্থিত উত্তেজিত জনতা তখন তার ওপর হামলে পড়ে। তবে পুলিশ তাকে সরিয়ে ফেলে।প্রতিবেশীরা বলেছে, মেনকার ঘরের দরজা লোহার তৈরি হওয়ায় তা ভাঙা সম্ভব হয়নি।অনুতাপ নেই খুনির: খুনের পর একদম নির্বিকার ছিল কবির। মিরপুর থানায়ও তার মধ্যে কোনো ভাবান্তর দেখা যায়নি। সেখানে সাংবাদিকদের কবির বলে, ‘এখনো এ কাজের জন্য আমার খারাপ লাগতেছে না। যা করছি, ভালোই করছি। ও (মেনকা) আমার সাথে বেঈমানি করছে।’কবির দাবি করেছে, তার সঙ্গে একসময় মেনকার সম্পর্ক ছিল। কিন্তু কিছু দিন ধরে তিনি তাকে এড়িয়ে চলছিলেন।কবির দাবি করে, মেনকার ঘরে গিয়ে চাপ দিলে তিনি একপর্যায়ে একজনের সঙ্গে তাঁর সম্পর্ক হয়েছে বলে স্বীকার করেন। এতে খেপে গিয়ে সে সমানে ছুরি মারতে থাকে।মেনকার স্বজনেরা বলেছেন, তাঁদের জানামতে, কবিরের সঙ্গে তাঁর কোনো প্রেমের সম্পর্ক ছিল না। কেউ কখনো এ রকম ধারণাও করেননি, এখনো বিশ্বাস করেন না।মেনকার বাবা লুেফ রব্বানী একটি বেসরকারি কোম্পানির হিসাব কর্মকর্তা। মা হাসিনা রব্বানী গৃহবধূ। একমাত্র ভাই মজিবুল রব্বানী একাদশ শ্রেণীর ছাত্র। কবিরের বাড়ি ফরিদপুর শহরের নীলটুলি।