বাসায় শিশুপার্কের মজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ে বলুন আর জন্মদিনের পার্টি বলুন, এগুলো হচ্ছে বড়দের মিলনমেলা। চেনা মানুষগুলোর সঙ্গে বাতচিত আর হাসিহল্লায় মেতে থাকেন তাঁরা। এ সময়টাতে শিশুদের যেন কিছুই করার থাকে না। তাই কেউ জুড়ে দেয় কান্না। কোনো কোনো শিশু আরও কোনো দুষ্টুমির মতলবে এদিক-সেদিক চষে বেড়ায়। তখন শিশুকে খুঁজে বের করতে গিয়ে বেশ নাকাল হতে হয় মা-বাবাকে। পার্টিতে যদি শিশুপার্কের গুটিকয় রাইড থাকে এক কোনায়, তবে আর শিশুটিকে নিয়ে মোটেও ভাবতে হবে না তাঁদের।রাইড পেলে শিশুরা এমনভাবে তাতে মজে যায় যে তাদের আর কিছুর দিকে নজর থাকে না। আবার একই পার্টিতে আসা অচেনা শিশুটিও রাইডের সুবাদে আরেক শিশুর ক্ষণিকের বন্ধু হয়ে যায়। বনানী ডিওএইচএস কমিউনিটি সেন্টারের একটি জন্মদিনের পার্টিতে এ রকমটাই দেখা গেল। সেখানে লম্ফঝম্প, ট্রেন, টানেলেই মজে ছিল শিশুরা। এখন প্রশ্ন উঠতে পারে, এগুলো পাওয়া যাবে কোথায়? গাঁটের কিছু কড়ি খরচ করলে পার্টি হাউসে রাইড নিয়ে হাজির হবেন সরবরাহকারীরা। রাইড ভাড়া দেয় এমন প্রতিষ্ঠান ঢাকায় যে খুব বেশি তা-ও নয়। বছর দশেক আগে রাইড ভাড়া দেওয়ার কাজটা শুরু করে গুলশানের ওয়ান্ডারল্যান্ড। বছর পাঁচেক ধরে কাজটা করছে হাবিব অ্যান্ড সন্স। দুই বছর হলো রাইড ভাড়া দিচ্ছে গুলশানের ফান ফ্যাক্টরি। বয়সে নবীন হলেও তাদের কাছেই এখন সবচেয়ে বেশি রকমের খেলনা ভাড়া পাওয়া যাচ্ছে। এর মধ্যে বাউন্সি গেমের (বাচ্চাদের লাফালাফি করার) ভাড়া পাঁচ থেকে সাত হাজার টাকা, কম্বো রাইডস (স্লিপার, সি-স, মজার মজার বসার উপকরণ) চার হাজার টাকা, সুইমিং পুল দুই হাজার টাকা, বল পুল উইথ স্লাইডার অ্যান্ড সুইং চার হাজার টাকা, মেরি গো রাউন্ড ছয় হাজার টাকা, ম্যাজিক শো পাঁচ হাজার টাকা, মাসকট (টম, জেরি, কুংফু পান্ডা) আড়াই হাজার টাকা, লেজার লাইট ৮০০ টাকা, মাল্টি স্লাইডার চার হাজার টাকা, টয় ট্রেন ১২ হাজার টাকা এবং টানেল এক হাজার ৮০০ টাকা।ওয়ান্ডারল্যান্ড ভাড়া দেয় টয় ট্রেন, মেরি গো রাউন্ড এবং কফি কাপ। প্রতিটি খেলনা বা রাইডের ভাড়া পাঁচ থেকে সাত হাজার টাকা। হাবিব অ্যান্ড সন্সের বাউন্সি গেমের (র‌্যাবিট ফেস) ভাড়া চার হাজার টাকা, বল পুল উইথ স্লাইডার অ্যান্ড সুইং পাঁচ হাজার টাকা, মাসকট দেড় হাজার টাকা, নাগরদোলা পাঁচ হাজার টাকা। এ তো গেল রাইডের কথা। ফান ফ্যাক্টরির স্বত্বাধিকারী শরীফ সাদিক জানান, গ্রাহক চাইলে তাঁরা জলজ্যান্ত হাতি, ঘোড়া, বানরও জোগাড় করে দিতে পারেন। এগুলোর ফরমায়েশ অবশ্য কিছুটা আগে দিতে হয়।রাইডের ফরমায়েশ দেয় কারা? সরবরাহকারীরা জানান, কূটনৈতিক পাড়ায় ভিনদেশিদের বিভিন্ন পার্টিতে তাঁদের বেশি ডাক পড়ে। নগরের অভিজাত পাড়ার বিয়ে, জন্মদিন, পিকনিকের আয়োজকেরা তাঁদের রাইড ভাড়া নেন। বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের ‘ফ্যামিলি ডে’-এর মতো পার্টিতে রাইডের চাহিদা রয়েছে। রাইড ভাড়ার ব্যবসা দিন-দিন প্রসারিত হচ্ছে। এমনকি অনেকে তাদের কাছ থেকে স্থায়ীভাবে রাইড কিনে নিচ্ছে। এ ক্ষেত্রে এগিয়ে আছে খেলার মাঠ নেই, নগরের এমন শিক্ষাপ্রতিষ্ঠান।