বাসুপাড়ায় চেয়ারম্যান না থাকায় কার্যক্রমে সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ এক মাস ধরে শূন্য। ফলে লোকজনকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। উপজেলা প্রশাসন এ ব্যাপারে উদ্যোগ নিলেও অজ্ঞাত কারণে আর অগ্রসর হচ্ছে না।সংশ্লিষ্ট সূত্র জানায়, ৩০ সেপ্টেম্বর বাসুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেশারতুল্লাহ সরদার মারা যান। তারপর থেকে পদটি শূন্য। এ পদে কোনো উপনির্বাচন অনুষ্ঠিত হয়নি কিংবা কাউকে দায়িত্বও দেওয়া হয়নি। তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচন করতে ১৩ অক্টোবর পরিষদের সাধারণ ও সংরক্ষিত আসনের সদস্যদের মধ্যে ভোট নেওয়া হয়। ভোটে সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক নাসিমা খাতুন বিজয়ী হলেও তাঁর হাতে এখনো দায়িত্ব দেওয়া হয়নি। প্রশাসন তাঁকে দায়িত্ব না দিয়ে টালবাহানা শুরু করছে বলে অভিযোগ করেন নাসিমা খাতুন। তিনি অভিযোগ করেন, নারী প্রার্থী হওয়ায় ইচ্ছাকৃতভাবে তাঁর প্রতি অবজ্ঞা করা হচ্ছে। এ দিকে চেয়ারম্যান না থাকায় বিভিন্ন কাজে সমস্যার সৃষ্টি হচ্ছে। অনেকে নাগরিকত্ব সনদ না পাওয়ায় চাকরিতে আবেদন করতে পারছেন না। ইউপির মন্দিয়াল গ্রামের ফিরোজ জানান, খাদ্য অধিদপ্তরের একটি পদে আবেদন করার চিন্তাভাবনা করেছিলেন। এ প্রসঙ্গে পরিষদের সচিব কামাল হোসেন জানান, প্রতিদিনই লোকজন চাকরি ছাড়াও বিভিন্ন প্রয়োজনে নাগরিকত্ব সনদপত্র নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদে আসছেন। চেয়ারম্যানের মৃত্যুর পর থেকে এ কাজ বন্ধ রয়েছে বলে তিনি জানিয়েছেন।এ ছাড়াও চেয়ারম্যান না থাকায় দাপ্তরিক কাজে সমস্যা হচ্ছে। জনগণ ছাড়াও কর্মকর্তাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু লোহেল আল মামুন জানান, চেয়ারম্যানদের সঙ্গে তাঁর দপ্তরের সংশ্লিষ্টতা বেশি। পরিষদের সচিবকে দিয়ে দায়সারাভাবে কাজ করা হচ্ছে। তিনি জানান, চেয়ারম্যান না থাকায় ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির কাজ অন্যান্য ইউনিয়নে ২৩ অক্টোবর শুরু হলেও বাসুপাড়ায় শুরু হয়েছে কয়েক দিন পর। তবে এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবু হোরায়রা বলেন, প্যানেল চেয়ারম্যান না করায় বাসুপাড়ার এ অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, ভোটে নাসিমা বিজয়ী হয়েছেন, তবে স্থানীয় এমপি মহোদয়ের মতামত ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তিনি এ ব্যাপারে স্থানীয় সাংসদের সঙ্গে কথা বলেছেন বলে জানান।