বাসে আগুন দিলেন ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীরা
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি সাহেববাজার এলাকায় কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেন ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা। পরে কুমিল্লা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভান। এ সময় ওই সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।জানা যায়, সড়কের ওই স্থানে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লাগামী সুগন্ধা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ছাত্রদল ও যুবদলের মোটরসাইকেল বহরে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের কুমিল্লার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে নেতা-কর্মীরা বিক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।মোটরসাইকেল বহরটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের বার্তাপ্রধান মুন্নি সাহাকে স্বাগত জানাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লা সেনানিবাসে যাচ্ছিল।জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদের বাবার নামে অনুষ্ঠিত একটি ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগ দিতে মুন্নি সাহা ঢাকা থেকে কুমিল্লায় আসেন।এ ব্যাপারে বাসের ধাক্কায় তিন নেতা-কর্মী আহত হওয়ার খবর শওকত মাহমুদ নিশ্চিত করেছেন।