বাসে আগুন দেওয়ার সময় ৫ শিবিরকর্মীকে গণপিটুনি
পেট্রল ঢেলে যাত্রীবাহী বাসে আগুন দিতে যাচ্ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা। এ সময় জনতার প্রতিরোধের মুখে পড়েন তাঁরা। পাঁচজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা। গতকাল সোমবার রাতে বগুড়া সদর উপজেলার এরুলিয়া হাট এলাকায় এ ঘটনা ঘটে।এর আগে ওই পাঁচজন হিন্দু মন্দিরে হামলা চালান এবং স্থানীয় লোকজনের দোকানপাট ভাঙচুর করেন বলে অভিযোগ রয়েছে। এই পাঁচজন হলেন: জেলার কাহালু উপজেলার বড়াইল ইউনিয়ন শিবিরের সাধারণ সম্পাদক জেল হক প্রামাণিক (২০), কাহালু কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র ও শিবিরের কর্মী আবদুল হাকিম (২১), কাহালুর রাজধানী মুরইল এলাকার আবদুল মোত্তালিব (২০), একই এলাকার এস এম হাবিবুল্লাহ আতিক (১৮) ও আতোয়ার রহমান (১৯)।স্থানীয় ব্যক্তি, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, হরতাল সামনে রেখে গতকাল রাতে বগুড়া শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেন হরতাল-সমর্থকেরা। ১০টার দিকে শিবিরের একদল নেতা-কর্মী সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের লিলান পূজা মন্দিরে হামলা চালান। পরে তাঁরা এরুলিয়া বাজারে হামলা চালিয়ে বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করেন। একপর্যায়ে তাঁরা বগুড়া-নওগাঁ সড়কে যাত্রীবাহী বাস আটকে এতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিতে যান। স্থানীয় জনতা শিবিরের পাঁচজন নেতা-কর্মীকে পেট্রলভর্তি কন্টেইনারসহ আটকে ফেলে। পরে গণপিটুনি দিয়ে তাঁদের সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল লতিফ মণ্ডল প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম বলেন, এই পাঁচ শিবিরকর্মী গত ৩ মার্চ বগুড়া শহরের উপশহর পুলিশ ফাঁড়ি এবং ফুলবাড়ী পুলিশ ফাঁড়িতে হামলা ও ভাঙচুর এবং আগুন লাগানোর ঘটনায় করা মামলার আসামি। তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।গতকাল রাতে ককটেলের আঘাতে শহরের জিলা স্কুলের সামনে বগুড়া গণপূর্ত বিভাগে কর্মরত উপসহকারী প্রকৌশলী খাদেমুল ইসলাম আহত হন। অবস্থার অবনতি হওয়ায় রাতে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়।