বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কাল থেকে পরীক্ষা-ক্লাস বর্জনের ঘোষণা
বাসে আগুনের প্রতিবাদে শিক্ষার্থীদের ভাঙচুর
ময়মনসিংহ শহরের কেওয়াটখালীতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একটি বাসে স্থানীয় দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আজ বুধবার সন্ধ্যায় বাস পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও স্থানীয় কে. আর মার্কেটে হামলা চালিয়ে ভাঙচুর করে। এরপর শিক্ষার্থীরা জব্বার মার্কেটের কাছে ঢাকা-ময়মনসিংহ রেলপথের রেল লাইন উপড়ে ফেলে বিক্ষোভ প্রদর্শন করেছে। বাস পোড়ানোর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কাল বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ও ক্লাস অনির্দিষ্টকাল পর্যন্ত বর্জনের ঘোষণা দিয়েছে।এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছিল এবং রাত ১০টা পর্যন্ত ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ থাকে। বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আগুনে পোড়ানো বাসটি পুলিশ থানায় নিয়ে গেছে।পুলিশ, শিক্ষার্থী ও এলাকাবাসী জানায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী বাসটি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের টাউন হল মোড় থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসটি সন্ধ্যা সাতটার দিকে শহরের কেওয়াটখালী রেলওয়ে লোকেশেড এলাকায় পৌঁছালে ১০-১৫ জন লাঠি ও বোতল-ভর্তি পেট্রোল হাতে বাসের গতিরোধ করে। তারা বাসে থাকা প্রায় ৩০ জন শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীকে নামিয়ে দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই বাসটি আগুনে পুড়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর লোকজন বাসটির আগুন নেভায়।বাসচালক আনোয়ার হোসেন জানান, ১০ থেকে ১৫ জন লোক আমাকে জোর করে বাস থেকে নামিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।শিক্ষার্থীরা এ খবর পেয়ে ক্যাম্পাসে তাত্ক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশ শেষে তারা প্রশাসনিক ভবন ও স্থানীয় কে. আর মার্কেটের ৭-৮টি দোকানে ভাঙচুর চালায়। পরে রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকার রেল লাইনের উপরে কাঠ পুড়িয়ে আগুন ধরিয়ে বিক্ষোভ শুরু করে। একই সঙ্গে শিক্ষার্থীরা রেললাইনের কিছু অংশ উপড়ানোর চেষ্টা করে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেনটি তারা অবরোধ করে রাখে।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এম এ সালাম রাতে বলেন, ‘বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি। মামলার প্রস্তুতি নিচ্ছি। এ ঘটনায় প্রায় ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে।উপাচার্য অধ্যাপক মো. রফিকুল হক প্রথম আলো ডটকমকে বলেন, ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা বক্ষার স্বার্থে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কাল এর প্রতিবাদে ছাত্র-শিক্ষক সবাই ক্যাম্পাসে মানববন্ধন করবে। শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণার বিষয়ে তিনি বলেন, এটি শিক্ষার্থীদের বিষয়।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, ‘পুড়িয়ে দেওয়া বাসটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ব্যাপারে জড়িতদের খুঁজে বের করা হবে।’ উল্লেখ্য গত ছয় জুন কে.আর. মার্কেটের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দুই পক্ষের বিরোধের জের ধরে সামান্য বিষয় নিয়ে এলাকাবাসী ও ছাত্রলীগের কয়েক নেতা-কর্মী বিরোধে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষের ১৫ জন আহত হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থানীয় লোকজনের নামে মামলা দায়ের ও দুই শিক্ষার্থীকে বহিষ্কার করে। স্থানীয় লোকজন এ মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলন করে তিনদিনের আলটিমেটাম দেয়। গত মঙ্গলবার ছিল আলটিমেটামের শেষ দিন।