বাসে আজ যাত্রী বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই শিশুসহ পরিবার-পরিজন নিয়ে ঈদ করতে গ্রামের বাড়ি মাদারীপুরে যাবেন শফিকুল ইসলাম। গতকাল মঙ্গলবার সকাল ১০টার বাসের টিকিট কাটা ছিল। যানজটের আশঙ্কায় আগেভাগে রওনা দিয়েছেন বাসা থেকে। কিন্তু অত যানজট ছিল না বলে প্রায় এক ঘণ্টা আগে পৌঁছে যান গাবতলী। শিশুসন্তানকে বাতাস করতে করতে বললেন, ‘এবার একটু আগেভাগেই যাচ্ছি। পরে টিকেটও পাওয়া যায় না।’গতকাল মঙ্গলবার সকাল সকাল অনেকেই পরিবার-পরিজনসহ গাবতলী গিয়েছেন। তবে ঈদ মৌসুম হিসেবে অত বেশি ভিড় ছিল না। বিভিন্ন পরিবহন কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, এবার রোজার শুরুতেই স্কুল-কলেজ বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই পরিবারের লোকজনকে আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছেন। এ কারণে শেষ সময়ে এসে এখন পর্যন্ত ঢাকা ছাড়ার জন্য যাত্রীদের খুব একটা ভিড় হয়নি। তবে আজ বুধবার থেকে যাত্রী বাড়তে পারে বলে পরিবহন কোম্পানির প্রতিনিধিরা আশা করছেন।গতকাল সকালে গাবতলীতে বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন রুটের টিকিট ডেকে ডেকে বিক্রি করতে দেখা গেছে। টিকিট বিক্রেতারা বলছেন, গতকাল পর্যন্ত তাঁদের পর্যাপ্ত টিকিট ছিল। তবে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবারের টিকিট নেই।বিকেলে মহাখালী আন্তজেলা বাসস্ট্যান্ডে গিয়েও যাত্রীদের ভিড় দেখা যায়নি। বিভিন্ন পরিবহন কোম্পানির টিকিট বিক্রেতারা বলেছেন, আজ অফিস ছুটির পর যাত্রীর চাপ বাড়বে।গাবতলী: গাবতলীতে হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারে খুলনা যাওয়ার টিকিট বিক্রি করছিলেন সৈয়দ গোলাম মোরসালিন। সকাল সাড়ে ১০টার দিকে তিনি প্রথম আলোকে বলেন, ‘যাত্রীর চাপ নেই। সকাল ১০টার মধ্যে আমাদের ১২টি গাড়ি যাওয়ার কথা ছিল। কিন্তু গেছে পাঁচটি। ৮ তারিখের কিছু টিকেট এখনো আছে। তবে ৯ তারিখের কোনো টিকেট নাই।’বৃহত্তর বরিশালের বিভিন্ন গন্তব্যের টিকিটও পাওয়া যাচ্ছিল। বরিশাল, পিরোজপুরের ভাণ্ডারিয়া, বরগুনাগামী দ্রুতি পরিবহনের টিকিট বিক্রেতা দেলোয়ার হোসেন তো রীতিমতো গণমাধ্যমের ওপর রাগ ঝাড়লেন। তিনি বলেন, ‘আমাদের ৭, ৮, ৯ সেপ্টেম্বরের টিকেট আছে। টিকেট ছাড়ার আগেই অনেক মিডিয়া ছড়িয়েছে যে টিকেট নাই। এ কথা শুনে যাত্রীরা আর আসল না। এরা যাত্রীদের হয়রানি করল, ব্যবসায়ীদেরও ক্ষতি করল।’সোহাগ পরিবহনের কাউন্টারে গিয়েও গতকালের টিকিট বিক্রি করতে দেখা গেল। যাত্রীরা তাৎক্ষণিক টিকিট কেটে গন্তব্যে গেছেন। খুলনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরার বিভিন্ন রুটে এই কোম্পানির বাস যায়। বিক্রয় প্রতিনিধি আবদুর রহিম বললেন, ‘ভলভোর টিকেট নাই। তবে আজকের নরমাল চেয়ারকোচের টিকেট আছে।’খুলনা, যশোর, বেনাপোল, সাতক্ষীরাগামী ঈগল পরিবহনের টিকিট বিক্রেতা জনিয়েছেন, আজ ও আগামীকালের কিছু টিকিট আছে। ওই বিক্রেতা বলেন, ‘যাত্রী না আসলে যে এক-দুইটা টিকেট থাকে, সেগুলো দিচ্ছি।’তবে উত্তরবঙ্গের বিভিন্ন রুটের টিকিটের চাহিদা অপেক্ষাকৃত বেশি ছিল। এসব রুটে চলাচলকারী অধিকাংশ কোম্পানির টিকিট বিক্রেতারা বলছেন, আজ ও আগামীকালের প্রায় সব টিকিটই বিক্রি হয়ে গেছে। তবে প্রতিটি গাড়িতেই ঝামেলা এড়াতে এক-দুটি টিকিট রেখে দিতে হয়। গাড়ি ছাড়ার আগমুহূর্তে এগুলো দেওয়া হয়।বগুড়া, রংপুর, নওগাঁ, গাইবান্ধায় যায় এসআর ট্রাভেলস। প্রতিষ্ঠানটির কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, ‘আমাদের কিছু গাড়ি রাখা আছে। আগামীকাল (আজ) থেকে যদি যানজট না থাকে, তাহলে সেগুলোর জন্য তাৎক্ষণিক টিকেট দেওয়া হবে।’এখন পর্যন্ত যাত্রীর চাপ কেমন জানতে চাইলে হামিদুল ইসলাম বলেন, ‘এবার যাত্রীদের চাপ কম। স্কুলগুলো ছুটি হয়ে যাওয়ায় অনেকেই আগেভাগে চলে গেছে।’মহাখালী: বিকেলে মহাখালী বাসস্ট্যান্ডে গিয়েও যাত্রীদের তেমন ভিড় দেখা যায়নি। ময়মনসিংহগামী এনা পরিবহনের কাউন্টারের সামনে টিকিট কাটতে ১০ থেকে ১৫ জনের লাইন দেখা গেলেও অন্য কোনো কাউন্টারের সামনে যাত্রীদের জটলা চোখে পড়েনি।জামালপুরগামী বিনিময় পরিবহনের কর্মচারী আলজাদ বলেন, ‘সারা দিন যাত্রী মোটামুটি ছিল। আগামীকাল (আজ) থেকে চাপ হবে ইনশাল্লাহ্।’নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ, পাবনা, গাইবান্ধা ও বগুড়ার কাউন্টারগুলো বিকেলের দিকে এক রকম ফাঁকাই দেখা গেছে। রংপুর, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁগামী এসআর পরিবহনের কর্মকর্তা আবদুল মালেক বলেন, আজ ও আগামীকাল প্রতিটি গাড়িতে দুটি করে টিকিট রাখা আছে। কোনো টিকিট দুবার বিক্রি হয়ে গেলে যাতে ঝামেলা না হয়, এ জন্য তাঁরা এই ব্যবস্থা রেখেছেন। আর গতকালের চলতি টিকিট বিকেলেও বিক্রি হতে দেখা গেছে।সিরাজগঞ্জগামী অভি এন্টারপ্রাইজের টিকিট বিক্রেতা উজ্জ্বল বলেন, ‘মানুষ মোটামুটি আছে। তবে খুব বেশি ভিড় নাই। আশা করি, কাল (আজ) থেকে ভিড় হবে।’সায়েদাবাদ: সায়েদাবাদ বাস টার্মিনালে সাধারণত অগ্রিম টিকিটের ব্যবস্থা কম। অধিকাংশ যাত্রী এখানে এসে তাৎক্ষণিক টিকিট কেটে গন্তব্যে রওনা দেন। তেমন ভিড় ছিল না। তবে বিভিন্ন রুটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিতে দেখা গেছে।নোয়াখালীর সোনাপুর, সোনাইমুড়ী, লক্ষ্মীপুরের রামগতি ও ফেনীর সোনাগাজী রুটের যাত্রীসেবা নামে বাসগুলো যাত্রীপ্রতি নির্ধারিত ভাড়ার চেয়ে ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেশি নিচ্ছিল। সোনাইমুড়ীগামী যাত্রী আবুল কালাম অতিরিক্ত ভাড়া দিতে না চাইলে বাসের কর্মচারীরা তাঁকে বলেন, ঈদের জন্য তাঁরা নতুন ‘রেট’ করেছেন। এটা না মানলে নেমে যেতে হবে। বাসটির কনডাক্টর রহিম উল্লাহ্র কাছে নতুন রেটের বিষয়ে লিখিত কিছু আছে কি না জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে বলেন, ‘অফিসে আছে।’ তবে কয়েকজন যাত্রী অভিযোগ করেন, তাঁদের টিকিটে বাড়তি ভাড়ার উল্লেখ নেই।সায়েদাবাদ ও গোলাপবাগে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ফেনী, নোয়াখালীর উদ্দেশে ছেড়ে যাওয়া বিভিন্ন কোম্পানির কাউন্টারে গিয়ে যাত্রীদের তেমন ভিড় দেখা যায়নি।