বাসে ছাত্রদলের হামলায় আহত ৪
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বাসে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মীদের হামলায় চারজন আহত হয়েছেন। আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাংলোর সামনে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল পৌনে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের যাত্রীছাউনি থেকে একটি মিছিল বের করে ছাত্রদল। কিছু দূর যাওয়ার পর তাদের ধাওয়া করেন ছাত্রলীগের কিছু কর্মী। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দিয়ে চলমান একটি স্টাফ বাসে ইটপাটকেল ছোড়েন ছাত্রদলের কর্মীরা। এতে চারজন কর্মচারী আহত হন। তাঁরা হলেন, উপাচার্যের দপ্তরের অফিস সহকারী মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষের দপ্তরের অফিস সহকারী মনজুরুল হক, রেজিস্ট্রার দপ্তরের অফিস সহকারী রমজান আহমেদ ও রসায়ন বিভাগের ল্যাবরেটরি সহকারী আবদুল মজিদ। পরে আরও চারটি বাসে ভাঙচুর করেন ছাত্রদলের কর্মীরা। এতে কেউ আহত হয়নি।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রি শেখর রায়, পরিবহন প্রশাসক এম এ গণিসহ প্রশাসনের কর্মকর্তারা। প্রক্টর হিমাদ্রি শেখর রায় জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে জানানো হয়েছে। দুপুরে প্রক্টরিয়াল বডির বৈঠক ডাকা হয়েছে বলেও জানান তিনি। সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার উপপরিদর্শক সঞ্জিত দাস প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।’হামলার বিষয়ে জানতে চাইলে শাবিপ্রবি শাখা ছাত্রদলের আহ্বায়ক এস এম জাহাঙ্গীর বলেন, ‘আমরা হামলা করিনি। কে করেছে জানি না।’ তিনি অভিযোগ করেন, তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তাঁরা ক্যাম্পাসে মিছিল বের করলে এতে হামলা চালায় ছাত্রলীগ। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাঈম হাসান অভিযোগ করেন, ভর্তি পরীক্ষা ভণ্ডুল ও যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে খালেদা জিয়ার উসকানিতে ছাত্রদল এ হামলা চালিয়েছে।