বাসে নারী নিপীড়নের ঘটনায় দিল্লিতে তোলপাড়
ভারতের রাজধানী দিল্লির একটি বাসে ২৩ বছর বয়সী এক শিক্ষার্থী ধর্ষিত হওয়ার ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। দিল্লি পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গত রোববার রাতে ওই নারী তাঁর এক ছেলেবন্ধুসহ বাসে করে বাসায় ফিরছিলেন। বাসে একদল দুর্বৃত্ত তাঁদের ওপর হামলা চালায়, গায়ের পোশাক ছিঁড়ে ফেলে এবং বাস থেকে তাঁদের ছুড়ে ফেলে দেয়। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তরুণীর অবস্থা আশঙ্কাজনক।দিল্লিকে বলা হয় ‘ধর্ষণের রাজধানী’। গত বছর পুলিশ ৫৫০টি ধর্ষণের মামলা নথিবদ্ধ করেছে। বলা হয়, নারীদের জন্য দিল্লি খুবই বিপজ্জনক জায়গা। যৌন নিপীড়ন ও ধর্ষণ সেখানে খুবই নিয়মিত ঘটনা। অপহরণও কম নয়। দেশের অন্যান্য বড় শহরের তুলনায় দিল্লিতে ধর্ষণের হার বেশি।ধর্ষণের ঘটনায় পুলিশ একটি মামলা নথিবদ্ধ করেছে। দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত জানিয়েছেন, দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা হবে। পুলিশ জানায়, ঘটনার দিন ওই নারী ও তাঁর বন্ধু বাসে করে দিল্লির মুনির্কা এলাকা থেকে দাওয়ার্কা এলাকার দিকে যাচ্ছিলেন। তাঁরা চলচ্চিত্র দেখে বাসায় ফিরছিলেন। বাসে কমপক্ষে চার দুর্বৃত্ত তাঁদের আক্রমণ করে। আক্রমণকারীদের মধ্যে পরিবহনকর্মীরাও ছিলেন।সকালে এক সংবাদ সম্মেলনে পুলিশ ওই বাসের ভিডিও প্রদর্শন করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিলাসবহুল বাসটি সম্ভবত বিভিন্ন অপরাধের কাজে ব্যবহার করা হতো।‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনা জানাজানি হলে দিল্লিজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। দিল্লির নারী ও শিশু উন্নয়নবিষয়ক মন্ত্রী কিরণ ওয়ালিয়া বলেন, ‘এটি একটি দুঃখজনক ঘটনা। আমি চাই এ ঘৃণ্য কাজের জন্য দোষীদের শাস্তি দেওয়া হোক।’জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ছায়া শর্মা আজ সোমবার পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন ওই বাসের মালিককে শনাক্ত করতে।ভারতের জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন মমতা শর্মা বলেন, ‘দিল্লিতে এ ধরনের ঘটনা বাড়ছে। এ জন্য পুলিশ ও সরকারের সতর্ক হওয়া দরকার। আমরা ঘটনাটি তদন্ত করব। পুলিশের সঙ্গেও কাজ করব আমরা।’