বাসে পুড়িয়ে হত্যা, পুলিশের ‘রাজনৈতিক’ মামলা
জামায়াতের ডাকা হরতালের আগের (সোমবার) রাতে উত্তরায় যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে একজন যাত্রী পুড়ে মারা যান। এ ঘটনায় ওই রাতেই মামলা করেছেন উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন। তাতে তিনি বলেছেন, রাত সাড়ে নয়টায় বিএনপি আর জামায়াতের এক-দেড় শ লোক লাঠিসোঁটা নিয়ে বাসটিকে ধাওয়া করে থামায়। এরপর পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনায় জড়িত ব্যক্তিদের মধ্যে ৯৪ জনকে তিনি চিনেছেন এবং এজাহারে নাম-পরিচয় উল্লেখ করেছেন।উত্তরা পূর্ব থানায় করা এ মামলার আসামির তালিকার ১ থেকে ৮৬ নম্বর পর্যন্ত সবাই হলেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী। এর মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাইয়ুম কমিশনার ও ঢাকা মহানগর (উত্তর) যুবদলের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর উল্লেখযোগ্য। তালিকার শেষ আটজন হলেন জামায়াত-শিবিরের নেতা-কর্মী। এ আগুনের ঘটনায় পুড়ে যাওয়া ব্যাংক কর্মকর্তা রাসেল মাহমুদের বাবা সাইফুল ইসলাম অন্যতম প্রত্যক্ষদর্শী। তিনিসহ অন্য প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিদের দেওয়ার বিবরণের সঙ্গে মামলার বিবরণের মিল নেই। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পুলিশের এ মামলা পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এতে নিহত ব্যক্তির স্বজনদের বিচার প্রাপ্তি একেবারেই অনিশ্চিত হয়ে গেল।কার কাছে বিচার চাইবে রাসেলের পরিবার: এদিকে প্রিয় মানুষটির বীভৎস মৃত্যুতে শোকে স্তব্ধ এবি ব্যাংকের কর্মকর্তা রাসেলের (২৯) স্বজনেরা। তাঁরা জানেন না এই মৃত্যুর জন্য কার কাছে বিচার চাইবেন। গত ১৬ ডিসেম্বর জন্ম নেওয়া রাসেলের শিশুপুত্রটি বাবাকে চেনার আগেই বাবাহারা হলো। গতকাল মঙ্গলবার বেলা একটায় দক্ষিণ খানের নর্দ্দাপাড়ার বাসায় গিয়ে দেখা যায়, ছেলেকে কোলে নিয়ে পাথর হয়ে আছেন রাসেলের স্ত্রী ফারজানা মাহমুদ।ফারজানা বলেন, কিছুদিন ধরে মাথায় যন্ত্রণায় ভুগছিলেন রাসেল। সোমবার সন্ধ্যায় অফিস থেকে বাবাকে নিয়ে উত্তরায় চিকিৎসকের কাছে যান। সেখান থেকে বের হয়ে রাত পৌনে ১০টার দিকে রাসেল মুঠোফোনে স্ত্রীকে ফোন করে জানান, চিকিৎসকের ধারণা, তাঁর মস্তিষ্কে টিউমার হয়েছে। এটাই রাসেলের সঙ্গে স্ত্রীর শেষ কথা। রাসেলের বাবা সাইফুল ইসলামও ব্যাংকের কর্মকর্তা ছিলেন। এখন অবসরপ্রাপ্ত। বাসের আগুনের ঘটনায় তিনিও আহত। বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর হাত-মুখে ক্ষত। বিছানায় শুয়ে ছেলের জন্য আর্তনাদ করছেন। তাঁর দুই ছেলের মধ্যে রাসেল ছোট।সাইফুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে বাবা-ছেলে দুজন বাসে বাসায় ফিরছিলেন। উত্তরা হাউস বিল্ডিং এলাকা থেকে বাসটি ছাড়ার কিছুক্ষণ পরই হঠাৎ দেখেন পেছনে আগুন জ্বলছে। চলন্ত বাস থেকে মানুষ লাফিয়ে পড়তে শুরু করেন। তিনি রাসেলের হাত ধরে টান দিয়ে বাসের মাঝামাঝি পর্যন্ত আসেন। বাসের ভেতরে তখন দম বন্ধ করা ধোঁয়া। এই অবস্থায় পেছন থেকে ধাক্কায় ছুটে যায় রাসেলের হাত।সাইফুল বলেন, ছেলেকে ‘তাড়াতাড়ি নামো’ বলে তিনি বাসের জানালা দিয়ে বাইরে লাফিয়ে পড়েন। এতে তাঁর পা ভেঙে যায়। বাসটি তখনো চলছিল। অল্প কিছুদূর পর উত্তরা পূর্ব থানার সামনে গিয়ে বাসটি থেমে যায়। তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি আমার ছেলেটা বাসের ভেতরে পুড়ে মারা যাচ্ছে। কিন্তু কিছুই করার ছিল না। ছটফট করছি। আগুন জ্বলছে দাউদাউ করে।’ বাসের আরেক যাত্রী আয়েশা বেগম বলেন, তিনি বাসের সামনের দিকে বসেছিলেন। হঠাৎ পেছন থেকে আগুন জ্বলে ওঠে। কিন্তু ধাওয়া করে বাস থামিয়ে আগুন দিতে দেখেননি তিনি।একাধিক প্রত্যক্ষদর্শী এ প্রতিবেদককে বলেন, চলন্ত অবস্থায় বাসটি জ্বলছিল। বাসটি একটি খুঁটিতে ধাক্কা খেয়ে থেমে যায়। তখন চালকের আসন ছিল খালি।বাস্তবতা-বিবর্জিত মামলা: মামলার এজাহারে বাদী এসআই জাকির হোসেন লিখেছেন, ‘টহল উিউটিকালে দেখতে পাই যে, আজমপুর ফুটওভার ব্রিজের ২০০ গজ উত্তরে জেএম পরিবহনের বাসটি যাত্রাবাড়ীর দিকে যাওয়ার সময় অজ্ঞাতনামা এক শ-দেড় শ জন জামায়াত-শিবির ও বিএনপির সন্ত্রাসীরা তাদের হাতে থাকা লাঠিসোঁটা নিয়ে বাসটিকে ধাওয়া করছে। আমি উচ্ছৃঙ্খল জনতাকে দেখে আজমপুর বাসস্ট্যান্ডে আসি এবং দেখতে পাই যে, আজিজুল বারী হেলাল, এস এম জাহাঙ্গীর, মো. মিলন, এম কফিলউদ্দীনসহ... (মোট ৯৪ জনের নাম উল্লেখ করে) অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন বাসটিকে ধাওয়া করে আজমপুর বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে বটগাছের সামনে নিয়ে এলে বেগতিক দেখে চালক বাসটি থামিয়ে দেয়। তখন ওই আসামিরা গাড়িতে পেট্রল ঢেলে যাত্রীদের পুড়িয়ে মারার উদ্দেশ্যে আগুন ধরিয়ে দেয়।’রাতের বেলায় বাসটিকে ধাওয়াকারী দলটির মধ্যে ৯৪ জনকে কীভাবে চিনলেন, এ কথা জানতে চাইলে জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মামলাটি রুজু করা হয়েছে।’ এর বাইরে আর কোনো কথা বলতে চাননি তিনি। জানতে চাইলে পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার নিশারুল আরিফ বলেন, ‘কালকে গভীর রাতে মামলা করছে, আমি এখনো সে রকম খবর নিতে পারিনি। খবর নিয়েই জানাব।’গত সংসদ নির্বাচনে উত্তরা এলাকায় সাহারা খাতুনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপির নেতা আজিজুল বারী বলেন, ‘আমাকে আসামি করা হয়েছে শুনেই অবাক হয়েছি। হরতালে বিএনপির কোনো সমর্থন-পিকেটিং কিছুই ছিল না। নিছক রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যেই মামলাটি করা হয়েছে।’ আর, যুবদলের এস এম জাহাঙ্গীর অভিযোগ করেন, আওয়ামী লীগের স্থানীয় নেতাদের নির্দেশনা অনুযায়ী পুলিশ মামলাটি করেছে।এদিকে গতকাল সন্ধ্যায় সদ্য কারামুক্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মামলার নিন্দা জানিয়ে এক বিবৃতি দেন। তাতে অভিযোগ করেন, ‘মিথ্যা মামলা’ দিয়ে সরকার বিএনপির নেতাদের হয়রানি করছে। তিনি বিএনপির নেতাদের বিরুদ্ধে করা এ মামলটি প্রত্যাহারের দাবি জানান। অপর এক বিবৃতিতে উত্তরায় ওই বাসে আগুন দেওয়ার ঘটনায় জামায়াত-শিবিরের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে ঢাকা মহানগর জামায়াত।