বাসে বাড়তি ভাড়া আর বিলম্বের সেই ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাবতলী বাস টার্মিনালে সকাল ১০টার বরিশালগামী বাসের জন্য অপেক্ষা করছিলেন মো. সুমন। এক সপ্তাহ আগে লাইনে দাঁড়িয়ে বেশি ভাড়া দিয়ে টিকিট কেটেছিলেন। তবুও গতকাল বৃহস্পতিবার বাসের জন্য তাঁকে অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। সকাল ১০টার বাস এসে পৌঁছায়নি দুপুর দেড়টায়ও। গতকাল সকাল থেকে গাবতলী বাস টার্মিনালে এমন ভোগান্তি পোহাতে দেখা যায় বহু বাসযাত্রীকে। সকাল থেকে অপেক্ষা করে দুপুরের মধ্যেও তাঁরা বাসের দেখা পাননি। কেউ টার্মিনালের বিশ্রামাগারে, কেউ বা টিকিট কাউন্টারের সামনে, আবার কেউ রাস্তার পাশে অপেক্ষা করছিলেন। টার্মিনাল ঘুরে দেখা যায়, গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় কোনো পরিবহন বাসের নির্ধারিত সময়সূচি ঠিক রাখতে পারেনি। এ ছাড়া যাত্রীদের কাছ থেকে পাওয়া গেছে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ। বাসের সময়সূচি ঠিক না থাকায় অনেক যাত্রী বিকল্প পথে ঘরে ফেরার চেষ্টা করছিলেন। আগে গন্তব্যে পৌঁছানোর আশায় লোকাল বাসে চড়ার পরিকল্পনা মাগুরাগামী যাত্রী বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ফজলুল করিমের। তিনি বললেন, আরিচায় ফেরিতে যানজটের কারণে সরাসরি বাসগুলোর গন্তব্যে পৌঁছাতে দেরি হয়। এ কারণে আরিচা পর্যন্ত লোকাল বাসে গিয়ে ফেরি পার হয়ে অন্য বাসে বাড়ি যাবেন তিনি। এভাবে গেলে টাকা প্রায় দ্বিগুণ লাগলেও অর্ধেক সময়, মাত্র ছয় ঘণ্টায় বাড়ি যেতে পারবেন। দিগন্ত পরিবহনে ঝিনাইদহের নওয়াপাড়া যাওয়ার টিকিট চেয়ে অবাক ক্ষুদ্র ব্যবসায়ী জাহিদ হোসেন। তিনি অভিযোগ করেন, ভাড়া আগে ১৮০ টাকা থাকলেও এখন নেওয়া হচ্ছে ৩০০ টাকা। আবার এক দিন আগে তাঁর চেনা একজনের কাছে নেওয়া হয়েছে ২০০ টাকা। দিগন্ত পরিবহনের কাউন্টার থেকে যে ব্যাখ্যা দেওয়া হলো তা মালিকেরা প্রায়ই বলেন। টিকিটবিক্রেতা বললেন, ঈদের আগে নির্ধারিত ভাড়ার অনেক কম নেওয়া হতো। এখনই বরং সরকারের নির্ধারিত ভাড়া ৩১০ টাকা নেওয়া হচ্ছে। দক্ষিণাঞ্চলে চলাচলকারী সাকুরা পরিবহনের এক কর্মী বললেন, গাবতলী থেকে ছেড়ে যাওয়া দেশের বিভিন্ন এলাকার দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে অক্টোবরের ২১ তারিখ। ৬ নভেম্বর পর্যন্ত তাঁদের কোনো টিকিট নেই। তিনি দাবি করেন, সব যাত্রীই টিকিট পেয়েছেন। মাঝেমধ্যে বাসের আসন খালিও যাচ্ছে। বাসভাড়াও সরকার নির্ধারিত রেট অনুযায়ী বাড়ানো হয়েছে। পরিবহন সূত্র জানায়, ঈদের আগে বরিশালের ভাড়া ৩৫০ টাকার জায়গায় ৪৫০ টাকা, বরগুনার ৪৫০ টাকার ভাড়া ৫৮০ টাকা, পটুয়াখালীর ৪০০ টাকার ভাড়া ৫৩০ টাকা, কলাপাড়ার ৫০০ টাকার ভাড়া ৬১০ টাকা, মঠবাড়িয়ার ৫৪০ টাকার ভাড়া ৫৮০ টাকা, পঞ্চগড়ের ৩৫০ টাকার ভাড়া ৫০০ টাকা নেওয়া হচ্ছে। কেয়া পরিবহনের কাউন্টার ম্যানেজার আরিফুর রহমানও অন্য সময় নির্ধারিত ভাড়ার চেয়ে কম নেওয়ার দাবি করেন। তিনি বলেন, ‘উত্তরবঙ্গের অভাবী এলাকার মানুষকে কম ভাড়ায় নিতে হয়। ঈদের সময় নির্ধারিত ভাড়া নেওয়া হয়। এটা অতিরিক্ত ভাড়া নয়।’ বাসের সময়সূচি ঠিক না থাকার জন্য যানজটকে দুষলেন শ্যামলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক রণেশ ঘোষ। তিনি বলেন, আরিচা ফেরিঘাটে অনেক যানজট রয়েছে। কোরবানির ঈদে যানজট বেশি থাকে। এ কারণে যথাসময়ে বাস এসে পৌঁছাতে পারছে না। এ জন্য যাত্রীদের একটু সমস্যা হচ্ছে।