বাসে ভাঙচুর ও আগুন ধরালেন ঢাকা কলেজের ছাত্ররা
মিনিবাসের চাপায় ঢাকা কলেজের এক ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে ওই কলেজের শিক্ষার্থীরা আজ বুধবার একটি বাসে ভাঙচুর চালান এবং তাতে আগুন ধরিয়ে দেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুর্ঘটনায় নিহত ইংরেজি বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র মো. জাকারিয়ার (২৫) সহপাঠীরা আজ দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে তাঁরা কলেজের সামনে আজিমপুর-মিরপুরগামী মেট্রো সার্ভিসের একটি বাস ভাঙচুর করেন। একপর্যায়ে সেটিতে আগুন ধরিয়ে দেন তাঁরা।নিউমার্কেট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুমন কান্তি রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্ত গাড়িটি নিউমার্কেট থানায় নেওয়া হয়েছে।এদিকে শিক্ষার্থীদের দাবি, বেপরোয়া গাড়ি চালানো, গতিসীমা মেনে না চলা, কলেজের সামনে ফুটওভার ব্রিজ না থাকায় একের পর এক দুর্ঘটনা ঘটছে। এর প্রতিবাদ জানাতেই তাঁরা এমনটা করেছেন।প্রসঙ্গত, গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে নীলক্ষেত মোড়ে ঢাকা কলেজের ইংরেজি বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র মো. জাকারিয়া (২৫) সেফটি পরিবহনের একটি মিনিবাসের চাপায় নিহত হন।