বাসে মহিলা আসন ও প্রাসঙ্গিক কিছু কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসে সংরক্ষিত মহিলা আসনের বিষয়টি বলতে গেলে একটি মৃত ইস্যুতে পরিণত হতে যাচ্ছে। আগে এ বিষয়ে পত্রিকাতে অনেক লেখা দেখতে পেতাম। ইদানীং সে রকম কোনো লেখা চোখে পড়ে না। তার মানে এই নয় যে সমস্যাটির সমাধান হয়ে গেছে এবং সব বাসেই নারীদের জন্য নয়টি আসন সসম্মানে ছেড়ে দেওয়া হয়েছে কিংবা বাস পরিবহন কর্তৃপক্ষ নারীদের এই আসনগুলো পেতে সাহায্য করছে। বরং এখন অনেক বাসেই মহিলা আসনের কোনো রকম উল্লেখই থাকে না। এমনকি বিআরটিসির নতুন যেসব বাস চালু হয়েছে সেগুলোতেও কোনো মহিলা আসন নির্দিষ্ট করে দেওয়া হয়নি। বেশির ভাগ সময়ই নারীরা এসব ক্ষেত্রে চুপ করে থাকেন। তাঁদের পাওনা আসনটি তাঁরা চান না। কেউ যদি বলেও ফেলেন যে, এটা তো মহিলা আসন তাহলেই হলো। শুরু হয়ে যায় কিছু গৎবাঁধা মন্তব্যের ঢিল ছোড়া। ‘কই! কোথাও লেখা আছে যে এটা মহিলা সিট?’ ‘পুরা বাসে তো তাহলে আপনারাই বইস্যা যাইবেন’ এসব বিবেকহীন লোকদের বলছি, দয়া করে বিবেকটাকে একটু ঘষেমেজে পরিষ্কার করে নিন। তাহলে অনেক জটিল ব্যাপারও সহজে বুঝতে পারবেন। আর নারীদের জন্য বাসে কিছু আসন সংরক্ষণ করে রাখার কারণ তো খুব বেশি জটিলও নয়। বর্তমানে নারীদের বাসে যাতায়াতের সংখ্যা বাড়লেও পুরুষের তুলনায় তা খুবই কম। তাই এখনো বাসে অর্ধেকেরও বেশি অংশ থাকে পুরুষের দখলে। একটা স্টপেজে বাস আসার পর পুরুষেরা যেমন হুড়োহুড়ি করে বাসে ওঠে, নারীদের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ নারীরা ভিড়ের মধ্যে গেলেই কিছু জঘন্য লোকের অসভ্যতার শিকার হয়। এরপর বাসে উঠে যে পুরুষের সঙ্গে গাদাগাদি করে দাঁড়িয়ে থাকবে, তাও সম্ভব নয় ওই একই কারণে। অনেক সময়ই প্রয়োজনের তাগিদেও অনেক অনভ্যস্ত নারী বাসে ওঠেন। নিয়মিত যাঁরা বাসে চলাচল করেন না, তাঁদের জন্য চলন্ত বাসে দাঁড়িয়ে থাকা বেশ কঠিন। এসব কারণ বিবেচনা করে দেখলে তো নয়টি আসন খুব সীমিত বলে মনে হয় আমার কাছে। এখন যদি সেই ব্যবস্থাও ধীরে ধীরে উঠে যেতে থাকে তাহলে তো অবস্থা যেই লাউ সেই কদুই থাকবে।আর যাঁরা সব সময়ই বলেন ‘সমান অধিকার চান তাহলে আবার আলাদা সিট চান ক্যান, তাঁদের বলছি, সমান অধিকার এখনো প্রতিষ্ঠা হয়নি। যেদিন প্রতিষ্ঠিত হবে সেদিন দেখা যাবে বাসে নারী-পুরুষ সংখ্যায় সমতা অথবা কখনো কখনো বাসে পুরুষের চেয়ে নারীর সংখ্যাই থাকবে বেশি। তখন আর অশ্লীল মন্তব্যের ভয়ে নারীদের চুপ করে থাকতে হবে না। তখন হয়তো কোনো নারী নিজের আসনটি আপনাকে ছেড়ে দিয়ে বলবেন, ‘চাচা, আপনি বসুন আমি দাঁড়িয়ে যেতে পারব।’ আপনারা যদি এ রকম পরিবেশ চান, তাহলে শিগগিরই নারীদের সঙ্গে সমান অধিকার রক্ষার আন্দোলনে নেমে পড়ুন। আর যত দিন তা প্রতিষ্ঠা হচ্ছে না তত দিন পর্যন্ত নারীদের জন্য সংরক্ষিত নয়টি আসন বিনা বাক্য ব্যয়ে ছেড়ে দিন।বাস কর্তৃপক্ষের কাছে অনুরোধ, দয়া করে বাসে নির্দিষ্ট করে সংরক্ষিত আসনের ব্যাপারটি লিখে দিন। তাহলে বাসে অনর্থক চেঁচামেচি বন্ধ হবে। আর নারীদের বলছি, অসম্মানিত হওয়ার ভয়ে চুপ করে থাকবেন না। চুপ করে থেকে আজ পর্যন্ত কেউ সম্মান রক্ষা করতে পারেনি। নিজের যা অধিকার তা আদায় করে নেওয়াটাই সম্মানজনক।