বাসেত প্যানেলকে ভোট দিতে খসরুর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদারের নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা) প্যানেলকে ভোট দিতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু। আজ মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।সাংসদ আবদুল মতিন খসরু বলেন, ‘সরকার-সমর্থক আইজীবীদের মোর্চা আইনজীবী সমন্বয় পরিষদ থেকে এবার দুটি প্যানেলে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। জাতির এই সময়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে বিভাজনের সুযোগ নেই। জয়ের জন্য ঐক্য জরুরি। ঐক্যের স্বার্থে স্বেচ্ছায় আমার নেতৃত্বাধীন প্যানেল ইতিমধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। তাই জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলকে ভোট প্রদানসহ সর্বাত্মক সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’সমন্বয় পরিষদ থেকে এবারের সভাপতি পদপ্রার্থী আবদুল বাসেত মজুমদার বলেন, ‘আমাদের মধ্যে যে বিভাজন ছিল, সেটা দূরীভূত হয়েছে। আবদুল মতিন খসরুসহ অন্যরা আমাদের সর্বাত্মক সহযোগিতা করছেন। আশা করি, বিজয় আমাদের হবেই।’সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির (২০১৩-১৪) দুই দিনব্যাপী নির্বাচনের ভোট গ্রহণ শুরু হচ্ছে কাল। সকাল ১০টায় শুরু হয়ে মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট নেওয়া হবে। এবারের নির্বাচনে ভোটারসংখ্যা চার হাজার ৪৫।চলতি মাসের শুরুর দিকে অভ্যন্তরীণ মতপার্থক্যের কারণে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পক্ষ থেকে দুটি প্যানেল ঘোষণা করা হয়েছিল। পরবর্তী সময়ে ঐক্য বজায় রাখতে সবার সমঝোতার মাধ্যমে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৭ মার্চ সভাপতি পদে আবদুল মতিন খসরু ও সম্পাদক পদে মোমতাজ উদ্দিন আহমদ মেহেদীর নেতৃত্বাধীন প্যানেল তাদের প্রার্থিতা প্রত্যাহার করে। অন্যদিকে, বিএনপি-জামায়াতের সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (নীল) থেকে সভাপতি পদে এ জে মোহাম্মদ আলী ও সম্পাদক পদে মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বাধীন প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এবারের নির্বাচনে ১৪টি পদের বিপরীতে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।